57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

৫৭তম আইএফএফআই-তে প্রদর্শিত মারাঠি চলচ্চিত্র ‘আদি অনন্ত’-এ প্রজন্মের পর প্রজন্মের মধ্যে বন্ধন, ভালোবাসা এবং পরিচর্যার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে

প্রকাশিত: 24 NOV 2026 2:21PMby PIB Kolkataরিলিজ আইডি: 2340868Views: 4

গোয়া ২৪ নভেম্বর ২০২৬

 

গোয়ায় অনুষ্ঠিত ৫৭তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) উপলক্ষে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-র উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে চলচ্চিত্র নির্মাতা মহেশ লিমায়ে তাঁর পূর্ণদৈর্ঘ্যের মারাঠি ছবি ‘আদি অনন্ত’ তৈরির সৃজনশীল অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ছবিটি ভারতীয় প্যানোরামা বিভাগে প্রদর্শিত হয়েছে।

 

১৩৭ মিনিটের এই ছবিতে আদিত্য নামে এক তরুণ অভিনেতা, যিনি নিজের কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সংগ্রাম করছেন, এবং তাঁর প্রাণবন্ত দাদু অনন্ত রাওয়ের মধ্যে সম্পর্ক তুলে ধরা হয়েছে। আদিত্য ও অনন্ত রাওয়ের চরিত্রে যথাক্রমে অভিনয় করেছেন সংকর্ষণ কারহাড়ে এবং বিশিষ্ট প্রবীণ অভিনেতা অশোক সরাফ। অশোক সরাফ সম্প্রতি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন।

 

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কীভাবে স্নেহ, হাসি-ঠাট্টা এবং পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে ছবির কাহিনী এগিয়ে চলে, তা তুলে ধরেন লিমায়ে। আর্থিক ও ব্যক্তিগত নানা সমস্যার মোকাবিলা করতে করতেই দুই চরিত্রের সম্পর্কের গভীরতা প্রকাশ পায়। কিন্তু একটি দুর্ঘটনায় অনন্ত রাও শয্যাশায়ী হয়ে পড়লে তাঁদের সম্পর্ক এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। এর ফলে আদিত্যকে নিজের অভিনয় জীবনের স্বপ্নের পাশাপাশি দাদুর পরিচর্যার দায়িত্বও সামলাতে হয়। ধীরে ধীরে চাপ ও হতাশা তাঁদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি করে। এই চলচ্চিত্রে পারিবারিক দায়িত্ব, পরিচর্যার সঙ্গে যুক্ত প্রায়ই উপেক্ষিত বাস্তবতা এবং আধুনিক জীবনে সাফল্যের প্রকৃত অর্থ তুলে ধরা হয়েছে।

 

লিমায়ে স্মৃতিচারণ করে জানান, অভিনেতা ও চিত্রনাট্যকার সংকর্ষণ কারহাড়ে যখন প্রথম তাঁকে এই ছবির চিত্রনাট্য শোনান, তখন তিনি গভীরভাবে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। কারণ, চিত্রনাট্যটি তাঁর নিজের বাবার জীবনের শেষ দিনগুলিতে তাঁর পরিচর্যা করার স্মৃতি ফিরিয়ে এনেছিল। তিনি বলেন, ছবিটি মারাঠি ভাষার গল্প বলার ঐতিহ্যের ওপর ভিত্তি করে নির্মিত হলেও এর আবেগঘন বিষয়বস্তু ভাষার সীমা অতিক্রম করেছে। এটি ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের পরিবারের অভিন্ন অভিজ্ঞতার প্রতিফলন।

 

ছবির সঙ্গীত এবং যৌথ সৃজনশীল প্রচেষ্টা সম্পর্কে বলতে গিয়ে লিমায়ে জানান, ‘আদি অনন্ত’ ছবিতে শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী রাহুল দেশপাণ্ডের কণ্ঠে একটি ভক্তিমূলক ভজন রয়েছে। ছবিতে অশোক সরাফকে তবলা বাজাতেও দেখা যাবে। সরাফের বিনয় ও নিষ্ঠার প্রশংসা করে তিনি বলেন, অভিজ্ঞ এই অভিনেতা তাঁর কাছে অপরিচিত চরিত্রে অভিনয় করার সময়ও একজন নবাগত শিল্পীর মতোই খোলা মন নিয়ে কাজ করেছেন। তিনি আরও বলেন, অশোক সরাফ ও সংকর্ষণ কারহাড়ের পারস্পরিক শ্রদ্ধাবোধ তাঁদের পর্দার সম্পর্ককে এক স্বাভাবিক ছন্দ এনে দিয়েছে।

 

‘আদি অনন্ত’ শিরোনামটি ‘আদি’ অর্থাৎ সূচনা বা শুরু এবং ‘অনন্ত’ অর্থাৎ কালজয়ী বা চিরন্তন — এই দুটি শব্দের বৈপরীত্যকে তুলে ধরে। এর মধ্য দিয়ে চলচ্চিত্রটি বিভিন্ন প্রজন্মের মধ্যে সম্পর্কের বন্ধনকে অন্বেষণ করেছে।

 

মুম্বইয়ের জে. জে. স্কুল অফ আর্টের প্রাক্তনী মহেশ লিমায়ে একজন চিত্রগ্রাহক ও চলচ্চিত্র পরিচালক। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ইয়েলো’ তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। তাঁর দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘জগ্গু আনি জুলিয়েট’ সাতটি মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কারলাভ করে। ‘আদি অনন্ত’ ছবিটি পরিচালক হিসেবে তাঁর তৃতীয় পূর্ণদৈর্ঘ্যের ছবি।

 

 

বিস্তারিত পড়তে এই লিঙ্কে ক্লিক করুন -

https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1&reg=48

 

 

SC/MP/DM


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2340868
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026