গোয়া, ২২ নভেম্বর, ২০২৬
কন্নড় চলচ্চিত্র রুবি-কিউব (Ruby-Cube)-এর কলাকুশলীরা আজ গোয়ার পানাজিতে ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর পাশাপাশি আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক পি. শেষাদ্রি এবং ছবির মুখ্য অভিনেত্রী বৈনিধি জগদীশ।
চলচ্চিত্র নির্মাণের ভাবনা সম্পর্কে পি. শেষাদ্রি জানান, তিনি সচেতনভাবে গল্প খুঁজে বেড়ান না। বরং গল্প নিজেই তাঁর কাছে আসে। কোনও গল্প তাঁকে সত্যিই আকৃষ্ট করলে এবং পর্দায় তুলে ধরার তাগিদ অনুভব করলে তবেই তিনি সেই গল্প নিয়ে ছবি তৈরি করেন। রুবি-কিউব তাঁর ১৩তম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি জানান, বাস্তব জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে ছবিটির কাহিনি গড়ে উঠেছে। ভারতীয় পারিবারিক ব্যবস্থার জটিলতা এবং তার মধ্যে সম্পর্কের পরিবর্তন এই ছবির মূল বিষয়।
পরিচালক জানান, ছবিতে চরিত্রগুলির জীবনের মধ্য দিয়ে বিভিন্ন মানবিক সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে। জীবনের সঙ্গে রুবিকস কিউবের তুলনা করে তিনি বলেন, ধাঁধার মতো এই কিউবের নানা রং ও বিন্যাস রয়েছে। মানুষের জীবনেও তেমন নানা স্তর ও মাত্রা থাকে। তিনি জোর দিয়ে বলেন, তাঁর ছবিগুলি নির্দিষ্ট কোনও বার্তা দেওয়ার উদ্দেশ্যে তৈরি হয় না। বরং দর্শকের সঙ্গে আবেগের সংযোগ গড়ে তোলাই তাঁর লক্ষ্য। তাঁর মতে, আইএফএফআই চলচ্চিত্রগুলিকে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছনো, পরিচিতি লাভ এবং চলচ্চিত্রপ্রেমীদের কাছ থেকে অর্থবহ প্রতিক্রিয়া পাওয়ার গুরুত্বপূর্ণ মঞ্চ।
মুখ্য অভিনেত্রী বৈনিধি জগদীশ তাঁর চরিত্রের আবেগের বিভিন্ন স্তর এবং ছবির মূল কাহিনি সম্পর্কে কথা বলেন। ছবিতে এক মেয়ের নিজের বাবা-মায়ের বাড়িতে ফিরে আসা এবং ধীরে ধীরে তাঁদের সম্পর্কের সমীকরণ প্রত্যক্ষ করার বিষয়টি উঠে এসেছে। তিনি বলেন, ছবিটি বর্তমান সময়ের পারিবারিক বাস্তবতাকে তুলে ধরে। পরিবর্তিত সম্পর্ক, প্রত্যাশা এবং আবেগের নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে অনেকেই নিজের নিজের জীবন যাপন করেন। ছবিটি সম্পর্কে তিনি জানান, কাহিনি অত্যন্ত সূক্ষ্ম ও সংযতভাবে এগিয়েছে। নাটকীয় প্রকাশের পরিবর্তে দৈনন্দিন জীবনের মানবিক অভিজ্ঞতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পাহাড়ি অঞ্চলে স্বল্পকালীন ছুটির প্রেক্ষাপটে নির্মিত রুবি-কিউব ছবিতে একই ছাদের নীচে এক পরিবারের তিন প্রজন্মকে একত্রিত করা হয়েছে। কাহিনির কেন্দ্রীয় চরিত্র মনোবিজ্ঞানী রোহিণী। তাঁর মেয়ে চিত্রা নিজের দাম্পত্য জীবনের সমস্যার মুখোমুখি হয়ে বাবা-মাকে একত্রিত করে। এর ফলে রোহিণী তাঁর প্রাক্তন স্বামী মূর্তির সঙ্গে পুনরায় মিলিত হন। পরিবারের সদস্যরা একসঙ্গে সময় কাটানোর সময় পুরনো আবেগ, অতীতের সম্পর্ক এবং দায়িত্ববোধ নিয়ে নানা প্রশ্ন ধীরে ধীরে সামনে আসে।
IFFI ২০২৬-এ এই আলাপচারিতা রুবি-কিউব ছবির নির্মাণ ভাবনা এবং সমকালীন পারিবারিক সম্পর্কের জটিলতা তুলে ধরার দৃষ্টিভঙ্গি সম্পর্কে দর্শক ও সংবাদমাধ্যমকে ধারণা দিয়েছে। উৎসবে ছবিটির প্রদর্শন আইএফএফআই-এর বিভিন্ন দেশের চলচ্চিত্র, বৈচিত্র্যময় চলচ্চিত্র নির্মাণের কণ্ঠস্বর এবং গল্প বলার ঐতিহ্য উদযাপনের ধারাকে আরও সমৃদ্ধ করেছে।
***
SC/SS