57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

"সিনেমার মাধ্যমে ভারতকে তার প্রকৃত রূপে তুলে ধরাই ছিল আমাদের লক্ষ্য" : নন-ফিচার জুরি বোর্ডের চেয়ারম্যান হিমাংশু শেখর খাটুয়া

ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবি নির্বাচনের প্রক্রিয়া, ভারতীয় গল্পের বৈচিত্র্য এবং চলচ্চিত্র নির্মাণে প্রযুক্তির ভূমিকা নিয়ে অভিজ্ঞতা জানাল ইন্ডিয়ান প্যানোরামা জুরি বোর্ড

প্রকাশিত: 21 NOV 2026 7:24PMby PIB Kolkataরিলিজ আইডি: 2340281Views: 4

গোয়া, ২১ নভেম্বর ২০২৬

 

ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়ান প্যানোরামার নন-ফিচার ফিল্ম বিভাগের জুরি বোর্ড ছবি নির্বাচনের প্রক্রিয়া, ভারতীয় সিনেমার বৈচিত্র্য, গল্প বলার শক্তি এবং চলচ্চিত্র নির্মাণে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছে। আজ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ৩৫৮টি জমা পড়া ছবির মধ্যে থেকে ২০টি ছবি বেছে নেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জুরি বোর্ডের চেয়ারম্যান শ্রী হিমাংশু শেখর খাটুয়া এবং জুরি সদস্য শ্রীমতী আরতি প্যাটেল, শ্রী অভিজিৎ অরবিন্দ দালভি, শ্রীমতী রাগিণী সোনা, শ্রী শিব সানি, শ্রী শঙ্খজিৎ দে এবং শ্রী ধনেশ যাদব টি. আর.। এই অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেস ইনফরমেশন ব্যুরোর অতিরিক্ত মহানির্দেশক শ্রী মহেশ কুমার।

ছবি নির্বাচনের মূল ভাবনা ব্যাখ্যা করতে গিয়ে শ্রী হিমাংশু শেখর খাটুয়া বলেন, সিনেমার মাধ্যমে ভারতকে তার প্রকৃত রূপে তুলে ধরাই ছিল জুরি বোর্ডের প্রধান লক্ষ্য। ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘Stories Without Borders’ বা ‘সীমানা ছাড়িয়ে গল্প’ ভাবনার উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত ছবিগুলিতে ভারতের নানা পরিচয়, মানুষের জীবনযাত্রা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। একই সঙ্গে এই ছবিগুলিতে গল্প বলার সর্বজনীন আবেদনও রয়েছে।

ছবি নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, জুরি বোর্ড কয়েকটি পর্যায়ে প্রতিটি ছবি খুঁটিয়ে দেখেছে। প্রচলিত চলচ্চিত্র নির্মাণের ধরন বা মূলধারার ভাবনার বাইরে গিয়ে দেশের বিভিন্ন প্রান্তের নিজস্ব ভাবনা ও আকর্ষণীয় গল্প তুলে ধরে, এমন ছবিগুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচিত ছবিগুলিতে দেশের নানা অঞ্চলের রীতিনীতি, ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। তিনি আরও বলেন, ছবির কোনও একটি দিক বা শুধু নির্মাণশৈলী ও গল্প বলার ধরন দেখে বিচার করা হয়নি। প্রতিটি ছবিকে সামগ্রিকভাবে বিবেচনা করা হয়েছে।

চলচ্চিত্র নির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার প্রসঙ্গে শ্রী খাটুয়া বলেন, মানুষের কল্পনাশক্তি, অনুভূতি ও নিজস্ব দৃষ্টিভঙ্গির কোনও বিকল্প নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা সৃজনশীল কাজে সহায়ক হতে পারে। তবে এই প্রযুক্তি মানুষের সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করবে, তার জায়গা নেবে না।

জুরি সদস্য শ্রীমতী আরতি প্যাটেল নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, বিভিন্ন বিষয়, ভাবনা ও দৃষ্টিভঙ্গির এত বিপুল সংখ্যক ছবি দেখা একদিকে যেমন কঠিন ছিল, অন্যদিকে তেমনই ছিল আনন্দের অভিজ্ঞতা। তাঁর মতে, সিনেমা ভাষা, ভৌগোলিক দূরত্ব ও সংস্কৃতির গণ্ডি পেরিয়ে মানুষকে কাছাকাছি আনে। এটি এমন এক সর্বজনীন ভাষা, যা বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একসূত্রে বাঁধে।

শ্রী অভিজিৎ অরবিন্দ দালভি বলেন, নির্বাচিত ছবিগুলির মাধ্যমে জুরি সদস্যরা ভারতের নানা প্রান্তের সমাজজীবন ও সংস্কৃতির পরিচয় পেয়েছেন। বিভিন্ন পরিচালকের নিজস্ব ভাবনা ও চলচ্চিত্র নির্মাণের নানা ধরন ছবিগুলিতে উঠে এসেছে। এর মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের সমৃদ্ধ ঐতিহ্যও স্পষ্ট হয়েছে।

জুরি বোর্ডের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতাকে মূল্যবান বলে উল্লেখ করেন শ্রীমতী রাগিণী সোনা। ‘Stories Without Borders’ বা ‘সীমানা ছাড়িয়ে গল্প’ ভাবনাটিকে সুন্দর ও অর্থবহ বলে বর্ণনা করেন তিনি। তাঁর মতে, মানুষের অভিন্ন অভিজ্ঞতার কথা বলে এমন গল্পই ভাষা ও সীমানার বাধা পেরিয়ে দর্শকদের সঙ্গে যোগাযোগ তৈরি করে।

শ্রী শিব সানি সিনেমার সমাজে প্রভাব ফেলার ক্ষমতার কথা তুলে ধরেন। তাঁর মতে, ভালো গল্প শুধু দর্শকদের বিনোদন দেয় না, ভাবতে শেখায়, দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

এই সাংবাদিক সম্মেলনে ছবি নির্বাচনের ক্ষেত্রে জুরি বোর্ডের ভাবনা ও বিভিন্ন মাপকাঠি সম্পর্কে বিস্তারিত জানা যায়। দেশের নানা অঞ্চল, সংস্কৃতি ও মানুষের জীবন থেকে উঠে আসা গল্পগুলিকে এক মঞ্চে তুলে ধরছে ইন্ডিয়ান প্যানোরামা। এর মাধ্যমে ভারতীয় সিনেমার বৈচিত্র্য প্রকাশ পাচ্ছে। একই সঙ্গে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির দর্শকদের মধ্যে যোগাযোগ গড়ে তুলতেও সাহায্য করছে এই বিভাগ।

IFFILOID পড়ুন : https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1&reg=48 

 

SC/AS.


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2340281
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026