গোয়া, ২২ নভেম্বর, ২০২৬
গোয়ায় ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই)-এর তৃতীয় দিনে ভারতীয় পৌরাণিক কাহিনীর চিরন্তন আবেদন এক আন্তর্জাতিক মঞ্চ খুঁজে পেল। উৎসবের ‘ফিল্মস ফ্রম ব্রিকস’ বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হলো নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ: রাইজ অফ আ লিজেন্ড (পর্ব ১)’।
ভারতের চিরন্তন মহাকাব্যের ওপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি এমন একটি কাহিনীকে আন্তর্জাতিক চলচ্চিত্র মঞ্চে নিয়ে এসেছে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিভিন্ন সংস্কৃতির মানুষের মনে জায়গা পেয়েছে। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে এর নির্বাচন নিঃসন্দেহে ভৌগোলিক ও ভাষাগত সীমানা ছাড়িয়ে মানুষকে সংযুক্ত করার ক্ষেত্রে চলচ্চিত্রের শক্তিকে উদযাপন করে।
উদ্বোধনী পর্বে অংশগ্রহণকারী দেশগুলির কূটনৈতিক প্রতিনিধিদেরও সংবর্ধনা জানানো হয়। নাইজেরিয়ার রাষ্ট্রদূত সাইদু দাহিরু মুহাম্মদকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রভাত সংবর্ধনা জানান। ইন্দোনেশিয়ার দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্সের প্রতিনিধি আরনি ওয়াহিউনি এবং মুম্বাইয়ে রুশ ফেডারেশনের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল আলেকসান্দর ফুরসোভকে বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব শম্ভু লিঙ্গাপ্পা হাক্কি সংবর্ধনা জানান।
ইরানের ডেপুটি চিফ অফ মিশন ড. মোস্তফা গোহারিফার এবং ভারতে আইপিআইএস-এর প্রতিনিধি ড. ওমিদ বাবেলিয়ানকে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএফডিসি)-এর চেয়ারম্যান জি. কৃষ্ণকুমার সংবর্ধনা জানান।
ইন্দোনেশিয়ার দূতাবাসের ট্রেজারি বিভাগের কর্মকর্তা মেইলিজা কারুনিয়া হারাহাপকেও জি. কৃষ্ণকুমার সংবর্ধনা প্রদান করেন। উৎসব পরিচালক আশুতোষ গোয়ারিকর পরিচালক নীতেশ তিওয়ারিকে তাঁর চলচ্চিত্র ‘রামায়ণ: রাইজ অফ আ লিজেন্ড (পার্ট ১)’-এর জন্য সংবর্ধনা জানান।
‘ফিল্মস ফ্রম BRICS ’ বিনোদনের গণ্ডি পেরিয়ে চলচ্চিত্রের বৃহত্তর গুরুত্বকে স্বীকৃতি দেয়। ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পারস্পরিক শ্রদ্ধা, সাংস্কৃতিক বন্ধন এবং বিভিন্ন দেশের মধ্যে গভীর বোঝাপড়ার ভিত্তিকে সুদৃঢ় করে। এই বিভাগ প্রতিফলন ঘটায় ‘বসুধৈব কুটুম্বকম’ বা ‘বিশ্ব একটি পরিবার’। ভাষা, ইতিহাস ও ঐতিহ্যের ভিন্নতা সত্ত্বেও কিভাবে গল্প বলা মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে আসতে পারে তা তুলে ধরে।
১১টি সদস্য দেশ এবং ১০টি সহযোগী দেশকে নিয়ে গঠিত ‘ফিল্মস ফ্রম BRICS’-এর এই বিভাগ। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: রাইজ অফ আ লিজেন্ড (পার্ট ১)’ এবং ব্রেন্ডা লিগিয়া ও এদু ফেলিস্টোকের ‘আমাডিও অ্যান্ড দ্য হাইপোথেটিক্যাল নিউ ওয়ার্ল্ড’-এর মতো পৌরাণিক মহাকাব্যিক দৃশ্যপট দিয়ে শুরু হল। নগুয়েন হোয়াং দিয়েপের ‘১৯৮২’, সোমপোত চিদগাসর্নপংসে-র ‘৯ টেম্পলস টু হেভেন’, আন্দ্রে ইগোরভের ‘অ্যান্ড দ্য স্নো ওয়াজ ফলিং’, নায়লা আল খাজার ‘বাব’, আরিফ জুলকারনাইন-এর ‘বাগা: টুমরো বিলংস টু নো ওয়ান’, লুইস আর্নেস্তো দোনাসের ‘বারাকোয়া’, আনাস্তাসিয়া কুজিনার ‘বো বো’, রাশিদ মালিকভের ‘কটন’ এবং ক্যাট্রিন ওয়েবারের ‘ড্রিমিং অফ সেরেনাডা’-র মতো অন্তরঙ্গ নাটক বা বিভিন্ন ঘরানার সংমিশ্রণে তৈরি চলচ্চিত্রগুলি সিনেমায় পারিবারিক স্মৃতি, সামাজিক চাপ, টিকে থাকার লড়াই এবং পরিবেশের সঙ্গে মানুষের গভীর সম্পর্কের মতো বিষয়গুলির অন্বেষণ।
এবারের উৎসবের মূল প্রতিপাদ্য ‘স্টোরিজ উইদাউট বর্ডারস’ বা ‘সীমানাহীন গল্প’-এর ব্যানারে সংযোজিত চলচ্চিত্রগুলিতে BRICS গোষ্ঠীভুক্ত দেশগুলির সিনেমা নিজস্ব সাংস্কৃতিক স্বকীয়তাকে তুলে ধরার পাশাপাশি মানুষের সর্বজনীন আবেগকেও স্পর্শ করে।
IFFILOID পড়তে এখানে ক্লিক করুন -
https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1®=48
SC/AB/DM.