57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

IFFI 2026-এ ‘ধুরন্ধর’ ছবির সাংবাদিক বৈঠকে চরিত্র নির্মাণের শিল্প নিয়ে আলোচনা অভিনেতা রাকেশ বেদির

প্রকাশিত: 21 NOV 2026 9:29PMby PIB Kolkataরিলিজ আইডি: 2339895Views: 11

গোয়া, ২১ নভেম্বর ২০২৬

 

আদিত্য ধর পরিচালিত হিন্দি পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘ধুরন্ধর’ ৫৭তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (IFFI) ভারতীয় প্যানোরমা বিভাগের মূলধারার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রদর্শনের সূচনা করেছে। উৎসবের দ্বিতীয় দিনে গোয়ার পানাজিতে মিডিয়া সেন্টারে ছবিটি নিয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।

 

আলোচনায় অংশ নেন বর্ষীয়ান অভিনেতা রাকেশ বেদি এবং বিশিষ্ট শিল্প নির্দেশক সাইনি এস. জোহরে। ছবির সৃজনশীল নির্মাণপ্রক্রিয়া, চরিত্রের সূক্ষ্ম রূপায়ণ এবং দৃশ্যজগৎ নির্মাণের বিভিন্ন দিক নিয়ে তাঁরা অভিজ্ঞতা ভাগ করে নেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত মহানির্দেশক শ্রী মহেশ কুমার এই আলোচনাসভা পরিচালনা করেন।

 

জামিল জামালি চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে রাকেশ বেদি সমকালীন চলচ্চিত্রে বহুস্তরীয় চরিত্র নির্মাণের গুরুত্বের কথা বলেন। থিয়েটারে দীর্ঘ অভিজ্ঞতাকে নিজের অভিনয়শৈলীর স্থায়ী ভিত্তি হিসেবে বর্ণনা করে তিনি জানান, চরিত্রটি গড়ে তোলার জন্য বিস্তারিত গবেষণা করা হয়েছিল। তাঁর মতে, কোনও চরিত্রের আচরণ পরিচালিত হওয়া উচিত দৃশ্যের প্রয়োজন অনুযায়ী। অভিনয় শুধু অনুকরণের মধ্যে সীমাবদ্ধ না থেকে চরিত্রের পূর্ণাঙ্গ রূপায়ণে পরিণত হওয়া প্রয়োজন।

 

পাঁচ দশকের অভিনয়জীবনে নানা ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বেদি চলচ্চিত্রের প্রসার ও দৃশ্যমানতার পরিবর্তন নিয়েও আলোচনা করেন। ‘এক দুজে কে লিয়ে’, ‘তিরঙ্গা’ এবং ‘চশমে বুদ্দুর’-এর মতো পুরনো ছবির বিপুল জনপ্রিয়তার কথা স্মরণ করে তিনি বলেন, সেই সময়েও চলচ্চিত্রের জনপ্রিয়তা ছিল ব্যাপক। তবে ডিজিটাল সংযোগের অভাবে ছবির দর্শকসংখ্যা ও প্রসারের পরিসর সীমিত ছিল।

 

অন্যদিকে, সামাজিক মাধ্যম দর্শকদের ছবি ও অভিনয়ের সঙ্গে পরিচিত হওয়ার এবং সেগুলির সঙ্গে যুক্ত হওয়ার ধরন বদলে দিয়েছে। এখন একটি ক্লিকেই কোনও অভিনেতার কাজ বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকের কাছে পৌঁছে যেতে পারে।

 

এক চলচ্চিত্রপ্রেমীর প্রশ্নের উত্তরে কমেডি ও নাটকীয় অভিনয়ে তাঁর সময়জ্ঞান এবং সূক্ষ্মতার প্রসঙ্গ ব্যাখ্যা করেন বেদি। তিনি বলেন, এই ধরনের অভিনয় কখনও আকস্মিকভাবে তৈরি হয় না। প্রতিটি অঙ্গভঙ্গি ও অভিব্যক্তি চিত্রনাট্য এবং চরিত্রের বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে যত্নসহকারে পরিকল্পনা করা হয়। চরিত্রের বিশ্বাসযোগ্যতা ফুটিয়ে তোলার ক্ষেত্রে এগুলি সচেতন অভিব্যক্তির মাধ্যম হিসেবে কাজ করে।

 

আবেগের পরিবর্তন এত স্বাভাবিকভাবে কীভাবে ফুটিয়ে তোলেন এবং আয়নার সামনে দাঁড়িয়ে মহড়া দেন কি না, এই প্রশ্নের উত্তরে অভিনয় সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন বেদি। আয়নার সামনে অভিনয়ের অনুশীলন না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, অভিনয়ের সময় নিজেকে আয়নায় দেখতে থাকলে একজন অভিনেতার বিকাশ বাধাপ্রাপ্ত হতে পারে। কারণ, অভিনয় করার পাশাপাশি নিজের অভিনয়কে নিরপেক্ষভাবে বিচার করা কঠিন। বরং চরিত্রটিকে গভীরভাবে বোঝা এবং নিজের মধ্যে ধারণ করা জরুরি। অভিনেতা একবার চরিত্রের মনস্তত্ত্ব বুঝে নিলে তার কথা বলার ধরন, প্রতিক্রিয়া এবং আবেগের পরিবর্তন স্বাভাবিকভাবেই প্রকাশ পায়।

 

ছবির শিল্প নির্দেশক সাইনি এস. জোহরে ছবির স্থাপত্যগত বাস্তবতা তুলে ধরেন। তিনি জানান, ছবির জন্য ৪০টিরও বেশি বাস্তব সেট তৈরি করা হয়েছিল। পাকিস্তানের বিভিন্ন স্থানে সরাসরি গিয়ে কাজ করার সুযোগ না থাকায় বিস্তারিত গবেষণার উপর নির্ভর করতে হয়েছিল তাঁকে। সংবাদমাধ্যমের আর্কাইভ, স্থানীয় গ্যাং-যুদ্ধের প্রতিবেদন, শহরের স্থাপত্য ও পরিবেশের ধরন এবং Google Maps খুঁটিয়ে দেখে ছবির পরিবেশ ও প্রেক্ষাপট নতুন করে নির্মাণ করা হয়।

 

এই সাংবাদিক বৈঠক ৫৭তম IFFI-কে চলচ্চিত্র নিয়ে অর্থবহ আলোচনার এক প্রাণবন্ত মঞ্চ হিসেবে তুলে ধরেছে। চলচ্চিত্র নির্মাণের সৃজনশীল প্রক্রিয়া নিয়ে মতবিনিময়ের সুযোগ করে দিয়েছে এই আয়োজন। একত্রিত করেছে চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও দর্শকদের।

 

এই ধরনের আলাপচারিতার মধ্য দিয়ে উৎসব শুধু পর্দার আকর্ষণীয় কাহিনিকেই উদ্‌যাপন করছে না, সেই সঙ্গে ছবিকে বাস্তব রূপ দেওয়ার নেপথ্যে থাকা শিল্পকৌশল, গবেষণা এবং সম্মিলিত প্রয়াসকেও তুলে ধরছে। এর ফলে চলচ্চিত্রের বহুমাত্রিক প্রকাশভঙ্গি সম্পর্কে দর্শকদের উপলব্ধি আরও গভীর হচ্ছে।

 

SC/SS


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2339895
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026