গোয়া, ১৯ নভেম্বর ২০২৬
আগামীকাল, ২০ নভেম্বর থেকে গোয়ায় শুরু হতে চলেছে ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI)। নয় দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, প্রতিনিধি এবং চলচ্চিত্রপ্রেমীদের স্বাগত জানাতে সম্পূর্ণ প্রস্তুত গোয়া। চলচ্চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক আদানপ্রদান এবং সৃজনশীল ভাবনার মেলবন্ধনে এই উৎসব বিশ্বের চলচ্চিত্র জগতের এক মিলনক্ষেত্রে পরিণত হবে।
‘Stories Without Borders’ বা ‘সীমানাহীন গল্প’—এই ভাবনাকে কেন্দ্র করে এবারের উৎসবে বিভিন্ন দেশের চলচ্চিত্র, সংস্কৃতি এবং চলচ্চিত্র নির্মাণের বিচিত্র ধারার সৃজনশীল ব্যক্তিত্বরা একত্রিত হবেন। চলচ্চিত্র যে এক সর্বজনীন ভাষা, যা ভৌগোলিক সীমানা ও সাংস্কৃতিক বিভেদ অতিক্রম করে মানুষকে একসূত্রে বাঁধে, সেই বার্তাই তুলে ধরা হবে এই উৎসবের মাধ্যমে।
গোয়ার ড. শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। সংগীত পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে নয় দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের সূচনা হবে।
অনুষ্ঠানের প্রথমেই থাকবে সাউন্ড অ্যান্ড লাইট শো বা শব্দ ও আলোক প্রদর্শনী। এরপর পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্ত্রোত্র। প্রদীপ প্রজ্বলন ও তুলসী গাছে জল অর্পণের মধ্য দিয়ে হবে আনুষ্ঠানিক উদ্বোধন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের সমাগম
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন গোয়ার মুখ্যমন্ত্রী ড. প্রমোদ সাওয়ান্ত এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিশিষ্ট পদাধিকারীরা।
সাংসদ রবি কিষাণ, চলচ্চিত্র পরিচালক ও উৎসব পরিচালক আশুতোষ গোয়ারিকর, পরিচালক মধুর ভাণ্ডারকর এবং পরিচালক আনন্দ এল রাই-সহ ভারতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
রিকি কেজের সিম্ফনি অর্কেস্ট্রা
উদ্বোধনী সন্ধ্যার অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে তিনবার গ্র্যামি পুরস্কারজয়ী সংগীত পরিচালক ও পরিবেশবিদ রিকি কেজের সিম্ফনি অর্কেস্ট্রা পরিবেশনা। ‘A World of Cinema Through Music’ বা ‘সংগীতের মধ্য দিয়ে বিশ্ব চলচ্চিত্রের এক যাত্রা’ শীর্ষক এই বিশেষ পরিবেশনায় বিভিন্ন সংস্কৃতি ও গল্প বলার ঐতিহ্যের মধ্য দিয়ে চলচ্চিত্রের সর্বজনীন ভাষাকে সংগীতের সুরে জীবন্ত করে তোলা হবে।
এরপর অনুষ্ঠিত হবে ‘Music Without Borders’ বা ‘সীমানাহীন সংগীত’ শীর্ষক বিশেষ সংগীতানুষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের সংগীতশিল্পীরা এতে অংশ নেবেন। উৎসবের মূল ভাবনার অনুসরণে বিভিন্ন দেশের সংগীত ঐতিহ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক আদানপ্রদানের এক অনন্য উদযাপন হয়ে উঠবে এই পরিবেশনা।
IFFI-র সঙ্গে যুক্ত ময়ূরের প্রতীকটিও বিশেষভাবে জীবন্ত হয়ে উঠবে ‘Beyond the Frame’ শীর্ষক একটি নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। নৃত্য ও শিল্পকলার অভিব্যক্তিতে উৎসবের এই পরিচিত প্রতীককে এক নতুন রূপে তুলে ধরা হবে।
এছাড়াও ভারতীয় প্যানোরামা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের জুরিদের বিশেষভাবে সম্মানিত করা হবে। উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগগুলির জন্য চলচ্চিত্র নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা চলচ্চিত্র নির্মাতা ও পেশাদারদের স্বীকৃতি জানানো হবে এই অনুষ্ঠানে।
আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের জুরি
আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের জুরির সভাপতিত্ব করবেন চলচ্চিত্র পরিচালক আনন্দ এল রাই। তাঁর সঙ্গে জুরি হিসাবে থাকবেন আর্জেন্টিনার সোল বেরুয়েসো পিশোঁ-রিভিয়ের, রোমানিয়ার বোগদান মুরেশানু, কলম্বিয়ার মারিয়া আলেহান্দ্রা রোহাস এবং থাইল্যান্ডের রাতচাপুম বুনবুনচাচোকে। উদ্বোধনী অনুষ্ঠানে এই জুরি সদস্যদের সম্মানিত করা হবে।
ভারতীয় প্যানোরামা বিভাগের জুরি
ভারতীয় প্যানোরামার ফিচার ফিল্ম বিভাগের জুরির সভাপতিত্ব করবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক মধুর ভাণ্ডারকর।
অন্যদিকে, নন-ফিচার ফিল্ম বিভাগের জুরির সভাপতিত্ব করবেন চলচ্চিত্র পরিচালক এবং সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রাক্তন অধিকর্তা হিমাংশু শেখর খাটুয়া।
এছাড়াও WAVES Film Bazaar-এর দুই দশক পূর্তি উপলক্ষে একটি বিশেষ উপস্থাপনা থাকবে। এর মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পের সংযোগ স্থাপন এবং সৃজনশীল ও বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করার ক্ষেত্রে WAVES Film Bazaar-এর ক্রমবিকাশ ও সাফল্যের যাত্রা তুলে ধরা হবে।
নয় দিন ধরে বিশ্ব চলচ্চিত্রের বর্ণময় সমাহার
বিশ্বের প্রশংসিত আন্তর্জাতিক চলচ্চিত্র থেকে শুরু করে নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের কাজ এবং ভারতের বিভিন্ন ভাষা ও অঞ্চলের বিচিত্র কাহিনি—সব মিলিয়ে IFFI ২০২৬ দর্শকদের সামনে এক বিস্তৃত ও বৈচিত্র্যময় চলচ্চিত্র অভিজ্ঞতা তুলে ধরবে।
এবারের উৎসবে ৮৬টি দেশের ১৫০টিরও বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মাধ্যমে বিভিন্ন দেশের গল্প বলার ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি গোয়ার মাটিতে উপস্থাপিত হবে।
প্রখ্যাত পোলিশ চলচ্চিত্র পরিচালক পাভেল পাভলিকোভস্কি পরিচালিত ‘Fatherland’ চলচ্চিত্রের মাধ্যমে উৎসবের সূচনা হবে। ২০২৬ সালের কান চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন পাভেল। উৎসবের মধ্যবর্তী পর্যায়ে প্রদর্শিত হবে ‘I Matter’। আলিনা শেরবান পরিচালিত রোমানিয়া, জার্মানি ও বেলজিয়ামের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রে রোমানীয় ও রোমানি ভাষায় সংলাপ রয়েছে। ২৮ নভেম্বর সিঙ্গাপুরের চলচ্চিত্র পরিচালক অ্যান্থনি চেন পরিচালিত ‘We Are All Strangers’ চলচ্চিত্রের মাধ্যমে নয় দিনব্যাপী এই বিশ্ব চলচ্চিত্র উৎসবের পরিসমাপ্তি ঘটবে। প্রতিযোগিতামূলক বিভাগ, বিশেষভাবে নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী এবং বিভিন্ন দেশের চলচ্চিত্র উপস্থাপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্রের বৈচিত্র্য তুলে ধরা হবে। এবারের উৎসবে স্পেনকে ‘সম্মানিত দেশ’ এবং রাশিয়াকে ‘অংশীদার দেশ’ হিসেবে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে।
ভারতীয় চলচ্চিত্রের জন্যও এবারের উৎসবে থাকবে বিশেষ স্থান। ভারতীয় প্যানোরামা বিভাগে ১৮টি ভাষার মোট ৭৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। পাশাপাশি BRICS দেশগুলির চলচ্চিত্রের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে সদস্য ও অংশীদার দেশগুলির চলচ্চিত্রও দর্শকদের সামনে তুলে ধরা হবে।
নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করতে ‘সেরা প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ (Best Debut Feature Films) প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং ICFT-UNESCO গান্ধী পদক-সহ অন্যান্য প্রতিযোগিতামূলক বিভাগের মাধ্যমে চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সৃজনশীলতার স্বীকৃতি দেওয়া হবে।
IFFI ২০২৬-এ নতুন দুটি বিভাগ
এবারের চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রের বিষয়বস্তু ও উপস্থাপনার বৈচিত্র্য আরও বাড়াতে দুটি নতুন বিভাগ চালু করা হয়েছে।
প্রথম বিভাগটি হল অ্যানিমেশন। এই বিভাগে পাঁচটি উল্লেখযোগ্য অ্যানিমেশন চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মাধ্যমে অ্যানিমেশন চলচ্চিত্রের সৃজনশীলতা, শিল্পকুশলতা ও প্রযুক্তিগত উদ্ভাবন তুলে ধরা হবে।
দ্বিতীয় নতুন বিভাগটি হল ‘Films About Films’। এই বিভাগে পাঁচটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। চলচ্চিত্র নির্মাণের শিল্প, কৌশল ও সৃজনশীল প্রক্রিয়াকে দর্শকদের সামনে তুলে ধরাই এই বিভাগের মূল উদ্দেশ্য।
স্বর্ণ ময়ূর ও রৌপ্য ময়ূর পুরস্কার
উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগগুলিতে চলচ্চিত্রের উৎকর্ষ ও সৃজনশীলতার স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘স্বর্ণ ময়ূর’ এবং ‘রৌপ্য ময়ূর’ পুরস্কার প্রদান করা হবে। মোট ছয়টি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে।
‘স্বর্ণ ময়ূর’ প্রদান করা হবে সেরা চলচ্চিত্রের জন্য। অন্যদিকে, ‘রৌপ্য ময়ূর’ পুরস্কার দেওয়া হবে নিম্নলিখিত পাঁচটি বিভাগে—
- সেরা পরিচালক।
- সেরা অভিনেতা (পুরুষ)।
- সেরা অভিনেত্রী (মহিলা)।
- বিশেষ জুরি পুরস্কার।
- পরিচালকের সেরা প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
এছাড়াও সহনশীলতা, আন্তঃসাংস্কৃতিক সংলাপ এবং শান্তির সংস্কৃতিকে উৎসাহিত করে—এমন চলচ্চিত্রের জন্য প্রদান করা হবে ICFT-UNESCO গান্ধী পদক।
‘Creative Minds of Tomorrow’ কর্মসূচির মাধ্যমে নবীন ও সম্ভাবনাময় চলচ্চিত্র নির্মাতাদের জন্য বিশেষ সুযোগ তৈরি করা হবে। এই কর্মসূচির আওতায় তাঁরা চলচ্চিত্র শিল্পের অভিজ্ঞ পেশাদারদের কাছ থেকে শিক্ষা গ্রহণ, পারস্পরিক সহযোগিতা এবং চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। মাস্টারক্লাস, কর্মশালা, মতবিনিময়মূলক অধিবেশন এবং ৪৮ ঘণ্টার চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতার মতো বিভিন্ন উদ্যোগের আয়োজন করা হবে।
চলচ্চিত্র প্রদর্শনীর বাইরেও শিল্পমহলের সঙ্গে সংযোগ
শুধু চলচ্চিত্র প্রদর্শনের মধ্যেই এবারের উৎসবের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, শিক্ষার্থী এবং চলচ্চিত্র শিল্পের পেশাদারদের মধ্যে বৃহত্তর যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগও তৈরি করা হবে। বিভিন্ন আলোচনা, বিশেষ অধিবেশন এবং শিল্পক্ষেত্রের উদ্যোগের মাধ্যমে এই সংযোগ আরও বিস্তৃত হবে।
IFFI-র পাশাপাশি অনুষ্ঠিত হবে WAVES Film Bazaar। সৃজনশীল ভাবনার আদানপ্রদান, পারস্পরিক সহযোগিতা এবং চলচ্চিত্র শিল্পের নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে। চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের সঙ্গে ক্রেতা, পরিবেশক এবং চলচ্চিত্র শিল্পের অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের যোগাযোগ স্থাপনে এই মঞ্চ বিশেষ ভূমিকা পালন করবে।
১৯৫২ সালে প্রতিষ্ঠিত ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) ভারতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। সাংস্কৃতিক আদানপ্রদানকে উৎসাহিত করা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতা, শিল্প পেশাদার ও দর্শকদের একত্রিত করার ক্ষেত্রে এই উৎসবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SC/SD/SKD