আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav

‘পিএম স্বনিধি সম্মান অ্যাওয়ার্ডস ২০২৬’ স্ট্রিট ভেন্ডরদের জীবিকা শক্তিশালীকরণে উৎকর্ষকে স্বীকৃতি দেয়

পোস্ট করার দিনক্ষণ: 19 NOV 2026 11:06AM by PIB Agartala
 

নয়াদিল্লি, ১৯ নভেম্বর ২০২৬

 

ভারত সরকারের আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের নগর উন্নয়ন বিভাগ, ২০২৬ সালের ২০ নভেম্বর নতুন দিল্লির ড. আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে ‘স্বনিধি সম্মান পুরস্কার ২০২৬’-এর আয়োজন করবে। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল এই পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবাসন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী তোখান সাহু।

 

এই অনুষ্ঠানে মোট ৫২টি পুরস্কার এবং ৫টি বিশেষ স্বীকৃতি প্রদান করা হবে স্ট্রিট ভেন্ডরদের জীবিকা শক্তিশালীকরণ, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল, স্থানীয় নগর প্রশাসন সংস্থা, ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এবং সহযোগী সংস্থাগুলির অসামান্য অবদানকে এই পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হবে। এই প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন অংশভাগীসহ প্রায় ৬০০ জন অংশগ্রহণকারী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। নিম্নলিখিত বিভাগগুলোতে শ্রেষ্ঠত্বের জন্য এই পুরস্কারগুলি প্রদান করা হবে:

 

১৬টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ২৭টি পুরস্কার, স্থানীয় নগর প্রশাসনের জন্য ২১টি পুরস্কার, ঋণদানকারী প্রতিষ্ঠানের জন্য ৪টি পুরস্কার এবং গুরুত্বপূর্ণ অংশীদারদের ৫টি বিশেষ স্বীকৃতি প্রদান করা হবে।

 

২০২০ সালের ১ জুন চালু হওয়ার পর থেকে, ‘পিএম স্বনিধি’ প্রকল্পের মাধ্যমে প্রায় ৮১ লক্ষ স্ট্রিট ভেন্ডার ১.২১ কোটিরও বেশি ঋণ পেয়েছেন, যার মোট আর্থিক পরিমাণ প্রায় ২০,০০০ কোটি টাকা। ২০২৫ সালের আগস্ট মাসে সরকার এই প্রকল্পটিকে পুনর্গঠন করে এর মেয়াদ ২০৩০ সালের মার্চ মাস পর্যন্ত বাড়িয়েছে। প্রকল্পের পরিধি বিস্তার এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও গভীর করার লক্ষ্যে এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয়েছে। এর মধ্যে রয়েছে:

 

স্ট্রিট ভেন্ডারদের ক্রমবর্ধমান ঋণের চাহিদা মেটাতে তিনটি কিস্তির প্রতিটিতেই ঋণের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।

 

যাঁরা দ্বিতীয় কিস্তির ঋণ পরিশোধ করেছেন, এমন যোগ্য সুবিধাভোগীদের জন্য ইউপিআই-সংযুক্ত ‘রুপে’ ক্রেডিট কার্ড চালু করা হয়েছে, যার ঋণের সীমা ৩০,০০০ টাকা পর্যন্ত।

 

প্রকল্পের ভৌগোলিক পরিধি কেবল বিধিবদ্ধ শহরগুলোর মধ্যেই সীমাবদ্ধ না রেখে, একে ‘সেন্সাস টাউন’ এবং শহরতলির এলাকাগুলো পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে।

 

ঋণ সহায়তার পাশাপাশি, ‘স্বনিধি সে সমৃদ্ধি’ কর্মসূচির মাধ্যমে এই প্রকল্পটি স্ট্রিট ভেন্ডার পরিবারগুলির সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করে। ৫২ লক্ষেরও বেশি সুবিধাভোগী পরিবারের আর্থ-সামাজিক প্রোফাইলিং সম্পন্ন হয়েছে, যার ফলে কেন্দ্রীয় সরকারের আটটি কল্যাণমূলক প্রকল্পের আওতায় ১ কোটি ৬২ লক্ষেরও বেশি অনুমোদন প্রদান করা সম্ভব হয়েছে। এছাড়া, ৫০টি ‘স্ট্রিট ফুড হাব’ গড়ে তোলা এবং খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশিক্ষণসহ সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এই প্রকল্পটি রাস্তার ধারে পণ্য বিক্রির সামগ্রিক ব্যবস্থাকেও শক্তিশালী করে তুলছে।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2338602) ভিজিটরদের কাউন্টার : 7
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: Bengali , English , Urdu , हिन्दी , Marathi , Nepali , Punjabi , Gujarati , Tamil , Kannada