পোস্ট করার দিনক্ষণ:
19 NOV 2026 11:38AM by PIB Agartala
নয়াদিল্লী, ১৯ নভেম্বর, ২০২৬: ডিজিটাল ইন্ডিয়া ভাষিণী ডিভিশন, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এর আওতায়, ২০২৬ সালের ১৭ ও ১৮ নভেম্বর নয়াদিল্লির ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারে আয়োজিত দু’দিনের উচ্চপর্যায়ের নীতিগত আলোচনাসভা ‘দক্ষিণ দিবস ২০২৬’-এ অংশগ্রহণ করে।
রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ-এর উদ্যোগে এবং ভারত সরকারের বিদেশ মন্ত্রকের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে ভারত, আফ্রিকা এবং অন্যান্য সহযোগী দেশের নীতিনির্ধারক, কূটনীতিক, বিশেষজ্ঞ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে একটি প্রদর্শনী স্টলের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেয় ভাষিণী। উদ্বোধনী পর্ব এবং অনুষ্ঠানের প্রথম দিনের কর্মসূচির অংশ ছিল এই স্টল। সেখানে ভাষিণীর বহুভাষিক ল্যাঙ্গুয়েজ এআই ইকোসিস্টেম তুলে ধরা হয়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত ভাষা প্রযুক্তি কীভাবে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পরিষেবা নিশ্চিত করতে পারে, সরকারি পরিষেবা প্রদানের ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারে এবং বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যোগাযোগের ব্যবধান দূর করতে পারে, তার বাস্তব প্রয়োগও প্রদর্শন করা হয়।
ভাষিণী দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত ব্যবহারিক ক্ষেত্র এবং সরাসরি প্রদর্শনীর আয়োজন করা হয়। এর মাধ্যমে দর্শকদের সামনে বহুভাষিক অনুবাদ, স্পিচ রিকগনিশন (কণ্ঠস্বর শনাক্তকরণ), স্পিচ সিন্থেসিস (কণ্ঠস্বর তৈরি), ট্রান্সক্রিপশন (কথাকে লিখিত রূপে রূপান্তর), ট্রান্সলিটারেশন (লিপ্যন্তর) এবং কণ্ঠস্বর-নির্ভর যোগাযোগের ক্ষেত্রে এই প্ল্যাটফর্মের সক্ষমতা তুলে ধরা হয়।

প্রদর্শনীতে প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, ব্যাঙ্কিং, আইনি পরিষেবা-সহ নাগরিকদের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তিগুলির বাস্তব প্রয়োগ তুলে ধরা হয়। এর মাধ্যমে দেখানো হয়, কীভাবে ল্যাঙ্গুয়েজ এআই মানুষের পছন্দের ভাষায় তথ্য ও ডিজিটাল পরিষেবা আরও সহজলভ্য করে তুলতে পারে।
এই প্রদর্শনী আন্তর্জাতিক প্রতিনিধিদল, বিশিষ্ট ব্যক্তিত্ব, নীতিনির্ধারক এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে মতবিনিময়েরও সুযোগ করে দেয়। ডিজিটাল অন্তর্ভুক্তির প্রসার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে বহুভাষিক এআই প্রযুক্তির সম্ভাবনাও তুলে ধরা হয়। এই প্রদর্শনীর মাধ্যমে ভাষিণী দেখিয়েছে, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার-এর একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ল্যাঙ্গুয়েজ এআই-এর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। এর প্রয়োগ শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বিভিন্ন ভাষা ও দেশের সীমানা পেরিয়েও বিস্তৃত হতে পারে।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ভারত সরকারের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংয়ের ভাষিণী প্রদর্শনী স্টল পরিদর্শন। তিনি ভাষিণী দলের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং বহুভাষিক এআই প্রযুক্তির বিভিন্ন সক্ষমতার সরাসরি প্রদর্শনী প্রত্যক্ষ করেন। এ সময় তিনি মন্তব্য করেন, ভাষিণী একটি ভালো ও কার্যকর প্ল্যাটফর্ম, যা তাঁরা নিজেরাও ব্যবহার করেছেন।
ডিজিটাল ইন্ডিয়া ভাষিণী ডিভিশন সম্পর্কে:
ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন-এর আওতায় ডিজিটাল ইন্ডিয়া ভাষিণী ডিভিশন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত বহুভাষিক ডিজিটাল অন্তর্ভুক্তির লক্ষ্যে একটি জাতীয় পরিকাঠামো গড়ে তুলছে।
ভাষিণী এমন একটি ভাষা-প্রথম ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলছে, যার মাধ্যমে সরকারি দপ্তর, ডেভেলপার, গবেষক এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষ বহুভাষিক এআই-ভিত্তিক অ্যাপ্লিকেশন ও পরিষেবা তৈরি এবং চালু করতে পারবেন।
ভাষিণী বর্তমানে ভারতের ৩৬টি ভাষায় লিখিত বিষয়বস্তু, ২৩টি ভারতীয় ভাষায় কণ্ঠস্বরভিত্তিক পরিষেবা এবং ৩৫টি আন্তর্জাতিক ভাষা সমর্থন করে। এর ফলে সরকারি ও নাগরিক পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ভাষা প্রযুক্তির সংযুক্তিকরণ সম্ভব হচ্ছে।
এই পরিকাঠামোর অন্তর্ভুক্ত রয়েছে অনুবাদ, কণ্ঠস্বর শনাক্তকরণ, কণ্ঠস্বর তৈরি সহ বিভিন্ন ভাষাগত প্রযুক্তি ও পরিষেবা। এর মাধ্যমে ভারতের বহুভাষিক বৈচিত্র্যের মধ্যে ডিজিটাল তথ্য ও পরিষেবাকে আরও সহজলভ্য করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
*****
PS/SG/AL