পোস্ট করার দিনক্ষণ:
17 NOV 2026 9:25PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৮ নভেম্বর, ২০২৬: নয়াদিল্লির ভারত মণ্ডপমে নীতি আয়োগ আয়োজিত ‘ মিশন হিসেবে নেতৃত্ব’ শীর্ষক জাতীয় কর্মশালার সমাপ্তি অধিবেশনে মঙ্গলবার আইগট অর্থাৎ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট অনলাইন ট্রেনিং - কর্মযোগী প্ল্যাটফর্মে ‘কর্মযোগী সংকল্প’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন ক্যাবিনেট সচিব ড. টি. ভি. সোমনাথন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি'র সরকার প্রধান হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষে নীতি আয়োগ যে পাঁচটি জাতীয় কর্মশালার আয়োজন করছে, তার মধ্যে এটিই প্রথম।
‘কর্মযোগী সংকল্প’ কর্মসূচির আওতায় প্রত্যেক সরকারি আধিকারিক তাঁর নিজস্ব নেতৃত্বদানের পদ্ধতিতে একটি সুনির্দিষ্ট পরিবর্তন আনার অঙ্গীকার নথিভুক্ত করবেন। এই অঙ্গীকারে উল্লেখ থাকবে, আধিকারিক কোন ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করবেন, নেতৃত্বদানের ক্ষেত্রে কোন গুণাবলি বিকশিত করবেন, এর ফলে নাগরিকরা কী ধরনের পরিবর্তন প্রত্যক্ষ করবেন এবং সেই পরিবর্তন বাস্তবায়নে তিনি কী পদক্ষেপ গ্রহণ করবেন। ভারত মণ্ডপমে উপস্থিত অংশগ্রহণকারীদের পাশাপাশি 'আইগট' কর্মযোগী প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত আধিকারিকরাও কর্মসূচির সূচনালগ্নে তাঁদের অঙ্গীকার নথিভুক্ত করেন। সরকারি আধিকারিকদের এই অঙ্গীকারগুলির অগ্রগতি পর্যালোচনা করবে কর্মযোগী ভারত। বিভিন্ন মন্ত্রক, রাজ্য সরকার এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আগামী ২৫ ডিসেম্বর ২০২৬, সুশাসন দিবসের মধ্যে প্ল্যাটফর্মে ২৫ হাজার অঙ্গীকার নথিভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কর্মসূচি শুরু হয় প্রধানমন্ত্রীর প্রধান সচিব ড. পি. কে. মিশ্রের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে। ২০০১ সালের ভূমিকম্পের পর কচ্ছের পুনর্গঠন, কোভিড-১৯ মোকাবিলা, ‘লাখপতি দিদি’ কর্মসূচি এবং মহাকাশ অর্থনীতির উন্মুক্তকরণ সংক্রান্ত প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরা হয়। ‘কেস ক্লিনিক’ অধিবেশনে প্রতিটি দলকে নির্ধারিত একটি ঘটনার নির্দিষ্ট সিদ্ধান্ত বিশ্লেষণের দায়িত্ব দেওয়া হয়। সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনস্বার্থের প্রয়োজনীয়তা কী ছিল, কী কী বাধা সামনে এসেছিল এবং বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে কীভাবে সিদ্ধান্তের মূল উদ্দেশ্য অক্ষুণ্ণ রাখা হয়েছিল, তা নিয়ে আলোচনা করা হয়।
‘বিকশিত ভারত গঠনে নেতৃত্ব’ শীর্ষক একটি প্যানেল আলোচনা পরিচালনা করেন নীতি আয়োগের প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী বি. ভি. আর. সুব্রহ্মণ্যম। আলোচনায় অংশগ্রহণ করেন উত্তরপ্রদেশ সরকারের নগরোন্নয়ন ও শক্তি দপ্তরের মন্ত্রী শ্রী অরবিন্দ কুমার শর্মা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদের অধ্যাপক বিশাল গুপ্ত, ন্যাসকমের প্রাক্তন সভাপতি তথা নীতি আয়োগের বিশিষ্ট ফেলো শ্রীমতী দেবযানী ঘোষ এবং উত্তরপ্রদেশের হারদোইয়ের যুগ্ম ম্যাজিস্ট্রেট শ্রীমতী নারায়ণী ভাটিয়া।
প্যানেল আলোচনায় অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির নেতৃত্বদানের নীতি ও আদর্শ এবং ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে তার প্রাসঙ্গিকতা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
শ্রী অরবিন্দ কুমার শর্মা গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর কার্যকালের সময়ে প্রশাসনিক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের বিষয়টি তুলে ধরেন। তিনি নতুন প্রক্রিয়া গড়ে তোলা, প্রতিষ্ঠান ও মানবসম্পদের সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়নের কেন্দ্রে স্থানীয় জনগোষ্ঠীকে রাখার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অধ্যাপক বিশাল গুপ্ত উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জনের বিষয়ে মানুষের মধ্যে বিশ্বাস ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দক্ষতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি প্রশাসনিক সংস্কারও সমান গুরুত্বপূর্ণ। নেতৃত্বের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হিসেবে তিনি ‘সেবা ভাব’ বা সেবার মানসিকতার ওপর গুরুত্ব দেন।
শ্রীমতী দেবযানী ঘোষ বলেন, প্রযুক্তির সাফল্য শেষ পর্যন্ত মানুষের জীবন এবং সমাজের ওপর তার প্রভাবের ভিত্তিতেই বিচার করা উচিত। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির অগ্রগতির ক্ষেত্রে মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, উদ্ভাবন তখনই প্রকৃত অর্থে সফল হবে, যখন তা সমাজে অর্থবহ পরিবর্তন আনতে সক্ষম হবে।
শ্রীমতী নারায়ণী ভাটিয়া প্রধানমন্ত্রীর প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে ভাবার ক্ষমতা এবং পরস্পর সম্পর্কযুক্ত বিভিন্ন সম্ভাবনা চিহ্নিত করার দক্ষতার কথা তুলে ধরেন। বিশেষভাবে তিনি প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা এবং সহমর্মিতার গুণাবলির ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, তরুণ আমলাদের মতো বিভিন্ন স্তরের মানুষকে তাঁদের মতামত প্রকাশের সুযোগ দেওয়া নেতৃত্বের অন্যতম মূল্যবান বৈশিষ্ট্য।
‘অ্যাপ্লিকেশন ক্লিনিক’ অধিবেশনে সরকারি আধিকারিকরা ‘কেস ক্লিনিক’-এর আলোচনায় অর্জিত অভিজ্ঞতা ও শিক্ষা নিজেদের বর্তমান কর্মক্ষেত্রের বাস্তব নেতৃত্বদানের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োগ করেন।
সমাপনী অধিবেশনে নীতি আয়োগের সদস্য ড. আর. বালাসুব্রহ্মণিয়ম সারাদিনের কর্মসূচির সারসংক্ষেপ তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন গ্রুপ তাদের নির্ধারিত প্রশাসনিক সমস্যার সমাধান সংক্রান্ত পরিকল্পনা উপস্থাপন করে। এর মধ্যে ছিল প্রত্যন্ত উপজাতি অধ্যুষিত এলাকায় মাতৃস্বাস্থ্যের পরিষেবা অব্যাহত রাখতে ‘এএসআর সাথী’ (নিরাপদ প্রসবপূর্ব সহায়তা) কর্মসূচির মাধ্যমে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরিষেবার অগ্রগতি পর্যবেক্ষণ ও তা বজায় রাখা, অসংক্রামক রোগের ক্ষেত্রে সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলা, স্বনির্ভর গোষ্ঠীগুলির উদ্যোগের মাধ্যমে ‘লাখপতি দিদি’দের আয় সুনিশ্চিত করতে প্রতিটি সরস মেলার সঙ্গে সারা বছর ধরে ক্রেতাদের অঙ্গীকার যুক্ত করা এবং স্বচ্ছ ভারত মিশন-গ্রামীণ 'এর আওতায় গ্রে-ওয়াটার ব্যবস্থাপনার পরিকাঠামো নির্মাণের পাশাপাশি তার প্রাথমিক ও দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করা।
সমাপনী ভাষণে ক্যাবিনেট সচিব ডঃ টি. ভি. সোমনাথন বলেন, “নেতৃত্বদানের শিক্ষা বিভিন্ন শিক্ষামূলক পাঠক্রম ও গবেষণার মাধ্যমে অর্জন করা সম্ভব। তবে দক্ষ ও অভিজ্ঞ নেতাদের সঙ্গে কাজ করে এবং তাঁদের কার্যপদ্ধতি প্রত্যক্ষ করার মধ্য দিয়েই সবচেয়ে মূল্যবান শিক্ষা পাওয়া যায়।” প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির মতো নেতৃত্বের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি সরকারি আধিকারিকদের গ্রহণ করার মতো নেতৃত্বদানের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ্ধতির কথা তুলে ধরেন। তিনি বলেন, কর্মশালায় অর্জিত শিক্ষা বাস্তব কর্মক্ষেত্রে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ‘কর্মযোগী সংকল্প’। অভিজ্ঞ নেতৃত্বের কাছ থেকে শিক্ষা গ্রহণ এবং তাঁদের প্রশাসনিক দক্ষতা থেকে অনুপ্রেরণা নেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, কার্যকর প্রশাসনিক নেতৃত্বের মূল লক্ষ্য হল সুস্পষ্ট দৃষ্টিভঙ্গিকে পরিমাপযোগ্য ফলাফলে রূপান্তরিত করা। এর জন্য প্রয়োজন উদ্দেশ্যপূর্ণ প্রশ্ন উত্থাপন, মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা, সময়োপযোগী ও দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ, জবাবদিহি নিশ্চিত করা এবং যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া মেনে চলা।
কর্মশালায় বিভিন্ন দলের উপস্থাপিত বিশ্লেষণগুলি কেস স্টাডি প্রণয়নের জন্য সংশ্লিষ্ট লেখকদের মাধ্যমে আরও উন্নত করা হবে। পরবর্তীতে সরকারি আধিকারিক ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির ব্যবহারের জন্য সেগুলি 'আইগট' কর্মযোগী প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। প্রতিটি গ্রুপের তৈরি করা বাস্তবায়ন পরিকল্পনা এবং ‘কর্মযোগী সংকল্প’-এর আওতায় নথিভুক্ত অঙ্গীকারের মাধ্যমে কর্মশালায় অর্জিত শিক্ষা বাস্তব প্রশাসনিক ক্ষেত্রে প্রয়োগ করা হবে। এই ধারাবাহিক কর্মশালার পরবর্তী কর্মশালা ‘গভর্ন্যান্স এজ ডেলিভারি’ অর্থাৎ "সুশাসনের বাস্তবায়ন ও জনপরিষেবা প্রদান" শীর্ষক বিষয়ের ওপর, যা ২০২৭ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী অনুরাগ জৈনের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।

_20261117212646_bc0379.jpeg)

_20261117212709_c3bc70.jpeg)
*****
PS/PKS/KMD