গোয়া, ১৭ নভেম্বর ২০২৬
গোয়ায় এবছর ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ইফি) হিমালয়ের পাহাড়, গুম্ফা, বরফে ঢাকা গ্রাম এবং স্থানীয় হস্তশিল্পর বিষয়ে জানতে পারবেন দর্শকরা। এই উৎসবে লাদাখী এবং কাশ্মীরি ভাষার চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে দুটি পূর্ণদৈর্ঘ্য ও দুটি স্বল্পদৈর্ঘ্যর চলচ্চিত্র। এই অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য, ঐতিহ্য এবং দৈনন্দিন জীবনযাত্রার কথা জানা যাবে এই সিনেমাগুলির মাধ্যমে।‘ইন্ডিয়ান প্যানোরামা নন-ফিচার’ বিভাগের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে লাদাখী ভাষার স্বল্পদৈর্ঘ্যর চলচ্চিত্র ‘বিকামিং’–কে বাছাই করা হয়েছে। এর মধ্য দিয়ে এই উৎসবের মূল ভাবনা প্রতিফলিত হচ্ছে।
ইফিতে লাদাখী চলচ্চিত্রঃ-
১/ লীনা যাদব রচিত ও পরিচালিত ‘বিকামিং’ একটি ১১ মিনিটের লাদাখি চলচ্চিত্র। ইন্ডিয়ান প্যানোরামা নন-ফিচার ফিল্মস বিভাগে এই ছবিটিই প্রথম দেখান হবে। লাদাখের পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রটি রিনচেন নামের এক তরুণী মা এবং তার ছেলে অগ্যাল-এর কথা দর্শকদের সামনে তুলে ধরা হবে। শৈশব থেকেই প্রকৃতির সঙ্গে অগ্যালের এক অস্বাভাবিক যোগাযোগ রয়েছে। সাত বছর বয়সে অগ্যাল অদ্ভুত সব দৃশ্য দেখতে পায়, প্রাচীন লিকির মঠের প্রতি এক আকর্ষণ অনুভব করে। তার মনে এমন সব ছবির আনাগোনা, যা অন্য কোনো জীবনের বলে মনে হয়। মঠে সে তালাবদ্ধ ঘরে রাখা একটি বাক্স খুঁজে পায় এবং বাক্সের ভেতরের জিনিসপত্র দেখে সন্ন্যাসীরা বিশ্বাস করতে শুরু করেন যে আগের জন্মে সে ছিল শ্রদ্ধেয় রিম্পোচে। অগ্যাল যখন তার আধ্যাত্মিক জীবন শুরু করে, তখন চলচ্চিত্রটি পুনর্জন্ম, নিয়তি এবং অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যকার সম্পর্ক খুজতে থাকে। এই সিনেমাতে অভিনয় করেছেন রিনচেন আংমো এবং সেরিং ওয়াংগাইল। লীনা যাদব ‘পার্চড’, ‘রাজমা চাওয়াল’ এবং ‘হাউস অফ সিক্রেটস’-এর মতো চলচ্চিত্র পরিচালনার জন্য পুরস্কার পেয়েছেন। তাঁর নির্দেশিত ও প্রযোজিত ছবি ‘টেল ইট লাইক এ ওম্যান’ অস্কারের জন্য মনোনীত হয়েছে।
২/ সাহিল শাহ নির্দেশিত ‘বার্ডস অন আইস’ একটি ৮৫ মিনিটের লাদাখি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘ইন্ডিয়ান প্যানোরামা ফিচার ফিল্মস’ বিভাগ এবং ‘পরিচালকের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে সেরা ছবি হিসেবে এটি নির্বাচিত হয়েছে। লাদাখের এক কিশোরী তাশি তার মেষপালক বাবা-মায়ের ফেরার অপেক্ষায় দাদুর সঙ্গে থাকে। একবার সে একজোড়া আইস-হকি স্কেট অন্যে একজনের থেকে ধার করে, তখন থেকে তার মনে এক নতুন স্বপ্ন দানা বাঁধে। হিমালয়ের প্রবল শীতে বড় হওয়ার প্রতিকূলতার মুখোমুখি হয়ে সে পরিবার, নানা ধরনের দুঃখ এবং বেচে থাকার বিষয়ে কঠিন সত্যগুলি উপলব্ধি করে। হাল না ছাড়ার দৃঢ় সংকল্প নিয়ে তাশি এবং তার প্রিয় বন্ধু তাদের স্বপ্ন পূরণের নিজস্ব পথ খুঁজে নেয়। চলচ্চিত্রটিতে তাশির চরিত্রে অভিনয় করেছেন সেমজাং স্কিটডন। আর যারা এই ছবিতে অভিনয় করেছেন, তারা হলেন এন. চোপাল, কুঙ্গা চস্ক্যাব, পদ্মা চোরোল ও সোনম স্টোবগাইস। শান পাসরিচার লেখা এবং ক্যামিও ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রটি সাহিল শাহের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আইস-হকি খেলোয়াড়দের জীবনযাত্রায় অনুপ্রাণিত হয়ে এই ছবিটি তৈরি করা হয়েছে।
ইফিতে কাশ্মীরী চলচ্চিত্রঃ-
৩/ রাজা শাবির মোহাম্মদ খান নির্দেশিত ‘স্লেজ’ একটি ৭৫ মিনিটের কাশ্মীরি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ইফি ২০২৬-এ এশিয়া প্রিমিয়ারে এই সিনেমাটি দেখান হবে । ‘ইন্ডিয়ান প্যানোরামা’ বিভাগে এই ছবিটি দেখান হবে। ‘ভারতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সেরা নবাগত পরিচালক’ বিভাগে পুরস্কারের জন্য এই সিনেমাটি প্রতিদ্বন্দ্বিতা করবে। গুলমার্গের কাছে একটি বরফ-ঢাকা গ্রামে, আলীর কাঠের স্লেজটিই তার পরিবারের আয়ের একমাত্র উৎস। সে যখন কয়েক দিনের জন্য বাড়ির বাইরে থাকে, তখন তার তিন সন্তান হাজিক, ইশেল ও রাইমা এমন এক স্বাধীনতা পায়, যার অর্থ তারা পুরোপুরি বোঝে না। খেলার এক মুহূর্তে তারা অসাবধানতাবশত স্লেজটি ভেঙে ফেলে। বাবা ফেরার আগে এটি মেরামত করার জন্য মরিয়া হয়ে, বাচ্চারা গুলমার্গ পর্যটন কেন্দ্রে যায়। প্রত্যাখ্যান ও নীরব অপমান সহ্য করতে করতে এই শিশুরা টাকা উপার্জনের চেষ্টা করে। যখন তারা টাকা ও চকলেটে ভরা একটি হারানো ব্যাগ খুঁজে পায়, তখন তাঁদের সমাধান হাতের মুঠোয় চলে এসেছে বলে মনে হয়। কিন্তু সেই প্রলোভন তাদের বিবেকের সামনে দাঁড় করায়। অদ্ভুত এক দোলাচলের মধ্যে পরে তারা। রাজা খান সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র। তাঁর তথ্যচিত্র ‘শেফার্ডস অফ প্যারাডাইস’ জাতীয় পুরস্কার পায়। রায়হানা প্রোডাকশনস প্রযোজিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন হাজিক মোহাম্মদ খান, ইশেল খান ও রাইমা খান।
৪/ ইন্ডিয়ান প্যানোরামা নন-ফিচার ফিল্মস বিভাগে প্রদর্শিত ১২ মিনিটের কাশ্মীরী তথ্যচিত্র ‘নকশ-এ-দৌর’ এর নির্দেশনায় বাবা তাসাদুক হুসেন, যিনি ছবিটির চিত্রগ্রাহক হিসেবেও কাজ করেছেন। শ্রীনগরের পুরোনো রাস্তায় গোলাম নবী দার আখরোট কাঠের ঐতিহ্যবাহী কাশ্মীরী শিল্পকর্ম বাচিয়ে রেখেছেন। ছয় দশকেরও বেশি সময় ধরে দক্ষ ভাবে তিনি এর চর্চা করে আসছেন। পদ্মশ্রীতে সম্মানিত এই শিল্পী এমন সব সূক্ষ্ম নকশা তৈরি করেন, যা এই অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন। তাঁর জীবন নিয়ে তৈরি এই চলচ্চিত্রটির মধ্য দিয়ে পরিবর্তনশীল বিশ্বে শিল্পটিকে বাঁচিয়ে রাখার প্রতি তাঁর নিষ্ঠাকে তুলে ধরে। খুব কম সংখ্যক মানুষ এই শিল্পকর্মটির চর্চা করছেন। গোলাম নবী দার এটি চর্চা করতে এবং তাঁর শিল্পের এই ধারা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিবিপি স্টুডিও ভার্চুয়াল ভারত প্রাইভেট লিমিটেড প্রযোজিত এই সিনেমাটির গল্প লিখেছেন ভারতবালা।
SC/CB/DM