গোয়া, ১৭ নভেম্বর,২০২৬
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতি, আকর্ষণীয় কাহিনি এবং স্বতন্ত্র চলচ্চিত্র নির্মাণের ধারার বিশেষ পরিচিতি ঘটবে ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI)। এই উৎসবের মর্যাদাপূর্ণ ‘ইন্ডিয়ান প্যানোরামা’ বিভাগে প্রদর্শনের জন্য উত্তর-পূর্বাঞ্চলের চারটি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। ২০২৬ সালের ২০-২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত হতে চলা এই চলচ্চিত্র উৎসবে উত্তর-পূর্বাঞ্চলের দুটি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র এবং দুটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মাধ্যমে দর্শকরা এই অঞ্চলের আদিবাসী ঐতিহ্য, সামাজিক পরিবর্তন এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার নানা দিক সম্পর্কে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র বিভাগে নির্বাচিত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল উরুম (স্পিরিট)। IFFI-এর ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে এই চলচ্চিত্রটি এক ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে। কারণ, নিয়িশি ভাষায় নির্মিত এটিই প্রথম চলচ্চিত্র, যা এই বিভাগে নির্বাচিত হয়েছে। দিউ তাবিও পরিচালিত অরুণাচল প্রদেশের এই মনস্তাত্ত্বিক থ্রিলারটির উৎসবে বিশ্ব প্রিমিয়ারও হতে চলেছে। অরুণাচল প্রদেশের এক প্রত্যন্ত পার্বত্য গ্রামকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে এক বাবার কাহিনি তুলে ধরা হয়েছে। কন্যাসন্তানকে হারানোর পর নানা দৃশ্যকল্প ও অপরাধবোধে তাড়িত ওই বাবার অভিজ্ঞতার মধ্য দিয়ে আদিবাসী জনগোষ্ঠীর স্মৃতি, মানসিক আঘাত এবং অন্তর্নিহিত সত্যের নানা দিক অনুসন্ধান করা হয়েছে।
বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্বাচিত পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের তালিকায় উরুম-এর পাশাপাশি রয়েছে সূর্যমুখী । অভিনেত্রী-পরিচালক ও নাট্যকর্মী অন্তরা জি.জি. চৌধুরী পরিচালিত এই অসমীয়া চলচ্চিত্রটি সামাজিক প্রেক্ষাপটে নির্মিত। শহুরে পটভূমিকায় আবর্তিত কাহিনি দুই তরুণ সহকর্মী পুষ্পল ও প্রার্থনাকে ঘিরে। প্রথমদিকে তাঁদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ক্রমে তা বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কে রূপ নেয়। কিন্তু হারিয়ে যাওয়া টাকার ব্যাগ খুঁজে পাওয়ার পর একের পর এক অপ্রত্যাশিত নৈতিক সংকটের মুখোমুখি হতে হয় তাঁদের। তাঁদের সিদ্ধান্ত এবং পারস্পরিক সম্পর্কের পরীক্ষা নেয় এই ঘটনাপ্রবাহ।
ইন্ডিয়ান প্যানোরামার নন-ফিচার ফিল্ম বিভাগে অসম ও মিজোরামের দুটি ভিন্নধর্মী কাহিনি স্থান পেয়েছে। পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা আইমি বড়ুয়া রচিত ও পরিচালিত ৩০ মিনিটের অসমীয়া তথ্যচিত্র রেড কার্পেট ঐতিহ্যবাহী তাঁতশিল্পের দীর্ঘস্থায়ী গৌরবময় উত্তরাধিকার তুলে ধরেছে। অসমের কার্বি আংলং পাহাড়ি অঞ্চলের পটভূমিতে নির্মিত এই তথ্যচিত্রে ডনকামোকাম গ্রামের এক কার্বি তাঁতশিল্পীর অসাধারণ যাত্রার কাহিনি তুলে ধরা হয়েছে, যা তাঁকে পৌঁছে দেয় কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে। তাঁর এই যাত্রার মধ্য দিয়ে তথ্যচিত্রটিতে আদিবাসী কারুশিল্পীদের অদম্য লড়াই, কার্বি তাঁতশিল্পের সমৃদ্ধ ঐতিহ্য এবং পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া শিল্পকলার সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
নন-ফিচার বিভাগে নির্বাচিত অপর চলচ্চিত্রটি হল চলো ইন্ডিয়া উইথ এরিক জি – মিজোরাম। রাজদীপ চৌধুরী পরিচালিত ৪৮ মিনিটের এই ইংরেজি তথ্যচিত্রে ব্রিটেনের প্রাক্তন সাংসদ এবং ইতিহাসের শিক্ষক এরিক ওলেরেনশ ওবিই-র মিজোরাম ভ্রমণের কাহিনি তুলে ধরা হয়েছে। এই ভ্রমণের মধ্য দিয়ে তিনি রাজ্যটির সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডল অন্বেষণ করেছেন। তথ্যচিত্রটিতে মিজোরামের উচ্চ সাক্ষরতার হার, নাগরিক শৃঙ্খলাবোধ এবং প্রাণবন্ত ফুটবল সংস্কৃতির পরিচয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং সমাজের নেতৃত্বদানের ক্ষেত্রে মিজো মহিলাদের উল্লেখযোগ্য অবদানও বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
SC...