প্রকাশিত:
12 NOV 2026 2:56PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ নভেম্বর, ২০২৬
ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের একদল মেধাবী শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন। ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর পালিত জনজাতীয় গৌরব পাখওয়ারার অঙ্গ হিসেবে জনজাতি বিষয়ক মন্ত্রকের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশ এগিয়ে চলেছে। দেশের প্রতিটি অঞ্চলের এবং সমাজের প্রতিটি অংশের উন্নয়ন অপরিহার্য। একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলি শুধু জনজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের গুণগত শিক্ষাই প্রদান করে না, পাশাপাশি তাদের বহুমুখী প্রতিভার বিকাশের সুযোগও করে দিচ্ছে। তিনি বলেন, আমাদের দেশে প্রতিভার কোনও অভাব নেই, শিক্ষার্থীদের দরকার যথাযথ সুযোগ, অনুকূল পরিবেশ এবং সঠিক দিশা। একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলিতে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তাঁর মতে, এটি দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে অগ্রগতিরই একটি প্রমাণ।
রাষ্ট্রপতি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, তারা যেন উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য স্থির করে নিষ্ঠা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের স্বপ্নপূরণের জন্য সচেষ্ট হয়। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, দেশের যুবসমাজ যখন কর্মপ্রার্থী না হয়ে কর্মসংস্থান সৃষ্টিকারী হয়ে উঠবে, তখন দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আরও গতি লাভ করবে।
রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সমসাময়িক ঘটনাবলি এবং দেশ ও বিশ্বে ঘটে চলা পরিবর্তন সম্পর্কে যথাযথভাবে অবহিত থাকার পরামর্শ দেন। এর ফলে তাদের যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও বিশ্লেষণী দক্ষতার বিকাশ ঘটবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উচিত যখনই নিজেদের গ্রামে যাবে, তখন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে সমসাময়িক ঘটনাবলি এবং সরকার পরিচালিত জনকল্যাণমূলক প্রকল্প ও কর্মসূচি সম্পর্কে তাদের অর্জিত জ্ঞান ও তথ্য ভাগ করে নেওয়া উচিত। তিনি বলেন এই ধরনের উদ্যোগ কেবল পরিবার ও সমাজের উপকারই নয়, তাদের শিক্ষাকে আরও অর্থবহ ও উদ্দেশ্যপূর্ণ করে তুলবে।
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/nov/doc_10455_20261112_14595601.pdf
SC/AB/SG/