কেন্দ্রীয়মন্ত্রিসভারসচিবালয়
azadi ka amrit mahotsav

বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুতি পর্যালোচনা করলে ক্যাবিনেট সচিব ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি (এনসিএমসি)-র বৈঠকে পৌরোহিত্য করলেন

প্রকাশিত: 26 OCT 2026 3:10PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ অক্টোবর, ২০২৬

 


ক্যাবিনেট সচিব ড. টি. ভি. সোমনাথন আজ ‘ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি’ (এনসিএমসি)-র একটি বৈঠকে পৌরোহিত্য করলেন বঙ্গোপসাগরে আসন্ন ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুতির বিষয়টি পর্যালোচনা করতে। 

ভারতীয় আবহাওয়া দপ্তরের মহাপরিচালক কমিটিকে জানান যে, পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে। আজ ভারতীয় সময় সকাল ৫:৩০টা নাগাদ এটি পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এই সময় এটি শ্রী বিজয় পুরম (আন্দামান দ্বীপপুঞ্জ) থেকে ৫৯০ কিমি উত্তর-পশ্চিমে, বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ) থেকে ৬৫০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে, কাকিনাড়া (অন্ধ্রপ্রদেশ) থেকে ৭৩০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে, মছলিপত্তনম (অন্ধ্রপ্রদেশ) থেকে ৮৩০ কিমি পূর্বে এবং বাপাতলা (অন্ধ্রপ্রদেশ) থেকে ৯১০ কিমি পূর্বে অবস্থান করছিল।

পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ২৭ অক্টোবর পর্যন্ত পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং এরপর উত্তর-পশ্চিম দিকে অন্ধ্রপ্রদেশ উপকূল অভিমুখে এগিয়ে যাবে। ২৮ অক্টোবর, ২০২৬-এর সকালের দিকে এটি ‘অতি তীব্র ঘূর্ণিঝড়’ হিসেবে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী কোনো স্থান দিয়ে অতিক্রম করতে পারে। সেই সময় বাতাসের একটানা গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১১৫-১২৫ কিমি, যা দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ১৪০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। এরপর এটি তেলেঙ্গানা, দক্ষিণ ওড়িশা, দক্ষিণ ও মধ্য ছত্তিশগড় এবং পূর্ব উত্তরপ্রদেশ ও বিহারের বিভিন্ন জেলায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির মুখ্য সচিব ও ঊর্ধ্বতন আধিকারিকরা রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের গৃহীত প্রস্তুতিমূলক পদক্ষেপগুলো সম্পর্কে কমিটিকে অবহিত করেন। জানানো হয়েছে, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র ও মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। জেলা পর্যায়ে কন্ট্রোলরুমগুলিকে সক্রিয় করা হয়েছে এবং সেখান থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। 

মৎস্যজীবীদের ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম ও তৎসংলগ্ন মধ্যাঞ্চল এবং অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও ইয়ানাম (পুদুচেরি)-এর উপকূলীয় এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা ইতিমধ্যে সমুদ্রে ছিলেন, তারা ফিরে এসেছেন।

বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রক ও দপ্তরগুলি কমিটিকে জানিয়েছে, সমস্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর কার্যকর করা হয়েছে, প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হয়েছে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি কমানোর জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) জানিয়েছে, তারা বিভিন্ন দল মোতায়েন করেছে এবং আরও কিছু দলকে প্রস্তুত রেখেছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর উদ্ধার ও ত্রাণ দলগুলিকে তাদের জাহাজ ও বিমানসহ প্রস্তুত রাখা হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ইতিমধ্যে বেশ কয়েকটি জাহাজ ও নৌকাকে নিরাপদে জেটি বা তীরে নিয়ে এসেছে এবং বাকি জাহাজগুলোকে উপকূলে ফিরে আসার জন্য সতর্ক করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কমিটিকে জানিয়েছেন যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এনডিএমএ এবং আইএমডি ক্রমাগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বিভিন্ন মন্ত্রক, দপ্তর, রাজ্য সরকার ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করছে।

কেন্দ্রীয় সংস্থা ও রাজ্য সরকারগুলির প্রস্তুতিমূলক ব্যবস্থা পর্যালোচনা করার সময়, ক্যাবিনেট সচিব জোর দিয়ে বলেন, মূল লক্ষ্য হওয়া উচিত প্রাণহানি শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং সম্পত্তি ও পরিকাঠামোর ক্ষয়ক্ষতি যথাসম্ভব কমিয়ে আনা। কোনো ক্ষয়ক্ষতি হলে, জরুরি পরিষেবাগুলি যেন দ্রুত পুনরুদ্ধার করা যায়, তা নিশ্চিত করতে হবে। ক্যাবিনেট সচিব আরও নির্দেশ দেন যে, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল ছাড়াও পূর্ব উত্তর প্রদেশ ও বিহারেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায়, স্বরাষ্ট্র মন্ত্রক ও আইএমডি-এর পক্ষ থেকে ওই অঞ্চলগুলিকেও যথাযথভাবে সতর্ক করতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব; অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, ওড়িশা এবং পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব ও ঊর্ধ্বতন আধিকারিকরা; পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক, মৎস্য দপ্তর, বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক এবং বিদ্যুৎ মন্ত্রকের সচিবরা; এনডিএমএ-এর সদস্য, বিভাগীয় প্রধান ও সচিব; চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের প্রধান; এনডিআরএফ-এর মহানির্দেশক; এবং আইএমডি-র মহানির্দেশক, ইন্ডিয়ান কোস্ট গার্ড-এর মহানির্দেশক; স্বরাষ্ট্র মন্ত্রকের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের মহানির্দেশক এবং আইএমডি ও স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষস্থানীয় আধিকারিকরা। 


SC/AP/SKD


(রিলিজ আইডি: 2328554) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Telugu , Kannada