প্রকাশিত:
22 OCT 2026 3:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৩ অক্টোবর সকাল ১১টায় নয়াদিল্লির ভারত মণ্ডপমে ‘চিন্ময় অমৃত মহোৎসব গ্লোবাল সম্মেলন’-এর উদ্বোধন করবেন।
২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিন দিনের এই সম্মেলনে ভারত ও বিদেশ থেকে ৯,০০০-এরও বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন। ‘চিন্ময় মিশন’-এর ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বছরব্যাপী উদযাপনের সমাপ্তি ঘটবে এই সম্মেলনের মাধ্যমে। ১৯৫১ সালে স্বামী চিন্ময়ানন্দ বিশ্বজুড়ে এই আধ্যাত্মিক আন্দোলনের প্রতিষ্ঠা করেছিলেন, যার লক্ষ্য ছিল, বেদান্ত ও ভগবদ্গীতার জ্ঞানকে সকলের কাছে পৌঁছে দেওয়া। কয়েক দশক ধরে, এই মিশন আধ্যাত্মিক শিক্ষা, সাংস্কৃতিক সংরক্ষণ, যুব ক্ষমতায়ন এবং সমাজসেবার ক্ষেত্রে তাদের কার্যক্রম প্রসারিত করে চলেছে।
বর্ষব্যাপী এই উদযাপনের সূচনা হয়েছিল গত বছর, যখন প্রধানমন্ত্রী তামিলনাড়ুর গঙ্গাইকোণ্ডা চোলপুরমে ভগবদ্গীতার একটি তামিল সংস্করণ প্রকাশ করেন। চিন্ময় মিশনের উদ্যোগে তৈরি এই সংস্করণে সুরারোপ করেছিলেন ইলাইয়ারাজা। বছরজুড়ে বিভিন্ন উদ্যোগ ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল; যার মধ্যে রয়েছে বিভিন্ন স্থানে আয়োজিত গণ-যজ্ঞ, ত্রিপুরার ‘মা সৌন্দর্য চিন্ময়ী মন্দির’-এর প্রতিষ্ঠা এবং ‘চিন্ময় গীতা সমর্পণম’ কর্মসূচি, যার মাধ্যমে বিশ্বজুড়ে ১ লক্ষেরও বেশি মানুষ অনলাইনে একসঙ্গে ভগবদ্গীতার ১৫তম অধ্যায় পাঠ করেছিলেন। এই উদযাপনের একটি অন্যতম প্রধান উদ্যোগ ছিল ‘গীতা পঞ্চামৃত’, যা ভগবদ্গীতার পাঁচটি নির্বাচিত শ্লোকের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। গীতার বাণী সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘চিন্ময় যুব কেন্দ্র’-এর ১৫ জন তরুণ সদস্য ‘চিন্ময় অমৃত যাত্রা’য় বেরিয়েছিলেন এবং সারা দেশে ৪০,০০০ কিলোমিটারেরও বেশি পথ ভ্রমণ করেছিলেন।
SC/MP/SB…