প্রতিরক্ষামন্ত্রক
চেক প্রজাতন্ত্রের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও শিল্প-বাণিজ্যমন্ত্রীর সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের দ্বিপাক্ষিক বৈঠক
প্রকাশিত:
13 OCT 2026 1:16PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ অক্টোবর, ২০২৬
প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং ১৩ অক্টোবর নতুন দিল্লিতে চেক প্রজাতন্ত্রের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও শিল্প-বাণিজ্যমন্ত্রী কারেল হাভলিচেকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দুই নেতা ভারত ও চেক প্রজাতন্ত্রের মধ্যে প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে সহযোগিতার সামগ্রিক পরিসর পর্যালোচনা করেন। দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বিভিন্ন যৌথ উদ্যোগ সফলভাবে প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়ে তাঁরা এই সহযোগিতা আরও সম্প্রসারণে সম্মত হন। ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচিকে উৎসাহিত করার লক্ষ্যে ভারত-চেক যৌথ প্রতিরক্ষা কমিটির অধীনে এই সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাঁরা একমত হন।
বৈঠকে দুই নেতা শান্তি ও নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা তাঁরা স্বীকার করেন। ভারত ও চেক প্রজাতন্ত্রের অংশীদারিত্ব ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক এবং পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার অভিন্ন মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত বলে তাঁরা সহমত ব্যক্ত করেন।
শ্রী কারেল হাভলিচেক চার দিনের ভারত সফরে রয়েছেন। এই সফরকালে তিনি বিভিন্ন মন্ত্রক, বাণিজ্যিক সংগঠন ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছেন। সফরসূচি অনুযায়ী, তিনি বেঙ্গালুরু ও মুম্বইয়ের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানও পরিদর্শন করবেন।
SC/SD/SG
(রিলিজ আইডি: 2322818)
ভিজিটরের কাউন্টার : 5