সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

উপহার হিসেবে প্রধানমন্ত্রীর পাওয়া বিভিন্ন স্মারক ও সামগ্রীর ই-নিলামের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হল

প্রকাশিত: 02 OCT 2026 2:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০২ অক্টোবর ২০২৬

 

প্রধানমন্ত্রীকে দেওয়া অনন্য উপহার এবং প্রত্নবস্তু সমন্বিত পিএম মেমেন্টোসের অষ্টম সংস্করণ এখন চালু রয়েছে এবং ৩১ অক্টোবর, ২০২৬ পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে।

 

এই সংস্করণে ৩০টি বিভিন্ন স্মারক রয়েছে, যেগুলিতে দিল্লির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সর্বজনীন নিলামের জন্য উন্মুক্ত এইসব সংগ্রহের মধ্যে রয়েছে বিভিন্ন ধরণের শিল্পকর্ম, আধ্যাত্মিক সামগ্রী, হস্তশিল্পের জিনিসপত্র এবং প্রাতিষ্ঠানিক স্মৃতিচিহ্ন।

নিলাম থেকে প্রাপ্ত অর্থ নমামি গঙ্গে প্রকল্পে যাবে।

 

৩০টি স্মৃতিচিহ্নের মধ্যে রয়েছে, ৯টি ছবির ফ্রেম, নয়টি স্মৃতিচিহ্ন এবং ছয়টি বিগ্রহ, ভাস্কর্য এবং মূর্তি সংগ্রহে আরও রয়েছে দিল্লি মেট্রোর দুটি মডেল, একটি ক্রীড়া স্মারক, একটি চিত্রশিল্প, শিল্পকলা ও কারুশিল্প সামগ্রী।

 

 

ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য

 

এই সংগ্রহের মধ্যে রয়েছে, ভারতের ধর্মীয় ঐতিহ্যের সাথে যুক্ত বেশ কিছু স্মারক। এর মধ্যে চারটি শিল্পকর্মে ভগবান রাম বা রামায়ণের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এগুলির মধ্যে রয়েছে, ‘রাম দরবার’-এর একটি ভাস্কর্য; পিতলের পাতে খোদাই করা একটি দৃশ্য যেখানে রাম, সীতা ও লক্ষ্মণ নৌকাচালকের সহায়তায় নদী পার হচ্ছেন; পালাম গ্রামের সাধু ‘দাদা দেব’-এর একটি চিত্রকর্ম; এবং ‘রাম লালা’-র কাঠের তৈরি একটি খোদাই করা মূর্তি।

 

এই সংগ্রহে বৌদ্ধ ধর্মের ‘অষ্টমঙ্গল’ বা আটটি শুভ প্রতীকের একটি উপস্থাপনাও রয়েছে। গভীর আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ এই স্মারকটি ঐতিহ্যগতভাবে বৌদ্ধ শিক্ষা এবং বুদ্ধের বোধিলাভ বা জ্ঞানলাভের ঘটনার সাথে যুক্ত।

 

 

 

দিল্লির প্রতিষ্ঠান ও পরিকাঠামো

 

এই সংগ্রহে দিল্লির বিভিন্ন প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনার নানাবিধ নিদর্শন রয়েছে। একটি বাঁধাই করা শিল্পকর্মে সেন্ট স্টিফেনস কলেজকে তুলে ধরা হয়েছে; পাশাপাশি পুরনো সচিবালয় ভবনের একটি ক্রিস্টাল স্মারক এবং নতুন সংসদ ভবনের আদলে তৈরি বস্ত্র-শিল্পকর্ম দিল্লির প্রাতিষ্ঠানিক ঐতিহ্যের ভিন্ন ভিন্ন দিককে ফুটিয়ে তুলেছে।

 

 

জনজীবন ও প্রাপ্তি

 

এই সংগ্রহে এমন সব নিদর্শন একত্রিত করা হয়েছে, যা সাফল্য, জনসেবা এবং ব্যক্তিগত সৃজনশীলতার প্রতীক। প্রদর্শিত সামগ্রীগুলির মধ্যে রয়েছে, রোহিণীর এক শিক্ষার্থীর আঁকা অত্যন্ত নিখুঁত একটি পেন্সিল স্কেচ, যাতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ক্লোজ-আপ প্রতিকৃতি ফুটে উঠেছে।

 

প্যারা-অলিম্পিকে রৌপ্যপদক জয়ী যোগেশ কাথুনিয়ার ব্যবহৃত ডিসকাসটি তাঁর ক্রীড়া সাফল্য ও অদম্য অধ্যবসায়ের প্রতীক। এনসিসি-র স্বর্ণ-প্রলেপযুক্ত ‘পরম বীর মাটি কলশ’ দেশসেবার চেতনা ও শ্রদ্ধার্ঘ্যের বার্তা বহন করে। পাশাপাশি, প্রাকৃতিকভাবে তৈরি ও বোধিবৃক্ষের পাতায় অত্যন্ত নিপুণভাবে আঁকা একটি প্রতিকৃতি ব্যক্তিগত ও শৈল্পিক অভিব্যক্তির এক নতুন মাত্রা যোগ করেছে।

 

রোহিণীর শিক্ষার্থী থেকে শুরু করে দিল্লি মেট্রো, বিধানসভা এবং নতুন সংসদ ভবন – দিল্লির নানা প্রান্তের কাহিনী বহন করছে এই স্মারকগুলি। নিলামের মাধ্যমে এই স্মৃতিচিহ্নগুলোকে এক বৃহত্তর জনকল্যাণমূলক উদ্দেশ্যের সাথে যুক্ত করা হচ্ছে; কারণ, এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ ‘নমামি গঙ্গে’ প্রকল্পে ব্যয় করা হবে।

 

 

নিলামের তারিখ, অংশগ্রহণের নিয়মাবলি এবং সম্পূর্ণ ক্যাটালগ সম্পর্কে জানতে ‘পিএম মেমেন্টোস ই-অকশন’-এর অফিসিয়াল পোর্টাল pmmementos.gov.in দেখুন।

 

 

SC/MP/NS


(রিলিজ আইডি: 2318402) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: Urdu , English , हिन्दी , Punjabi , Odia , Tamil , Telugu , Malayalam