রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ভারতের রাষ্ট্রপতি মহারাজা সয়াজিরাও ইউনিভার্সিটি অফ বরোদার ৭৫তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

প্রকাশিত: 23 SEP 2026 4:39PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

 

 

 

 রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ গুজরাটের ভাদোদরায় মহারাজা সয়াজিরাও ইউনিভার্সিটি অফ বরোদার ৭৫তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন।

 

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, গত ৭৫ বছর ধরে এই বিশ্ববিদ্যালয়টি জ্ঞানের বিভিন্ন শাখার সমন্বয় ঘটিয়ে ক্রমাগত এগিয়ে চলেছে।

 

রাষ্ট্রপতি উল্লেখ করেন, বর্তমান বিশ্বে কোনো সমস্যার সমাধানই একটি নির্দিষ্ট বিষয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। তিনি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলির মোকাবিলায় বহুমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণের ওপর জোর দেন। রাষ্ট্রপতি বলেন, আমাদের প্রয়োজন একজন বিজ্ঞানীর কৌতূহল, একজন শিল্পীর সংবেদনশীলতা, একজন ঐতিহাসিকের দৃষ্টিভঙ্গি, একজন অর্থনীতিবিদের অন্তর্দৃষ্টি এবং একজন সমাজবিজ্ঞানীর সচেতনতা। তিনি বলেন, মহারাজা সয়াজিরাও ইউনিভার্সিটির মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির এ বিষয়ে সর্বদা সজাগ ও গতিশীল থাকা প্রয়োজন।

 

রাষ্ট্রপতি স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীদের তাদের শিক্ষা ও জ্ঞানের উদ্দেশ্যের বিষয়ে গভীরভাবে চিন্তা করার আহ্বান জানান। তিনি বলেন, যখন তারা জাতি ও সমাজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তাদের পেশাগত জীবনে এগিয়ে যাবে, তখন তারাও উন্নতি করবে এবং সেই অগ্রগতি তাদের অপার সন্তুষ্টি এনে দেবে।

 

রাষ্ট্রপতি বলেন, শিক্ষা তখনই সার্থক হবে যখন তা দেশ ও সমাজের উপকারে আসবে। ইঞ্জিনিয়ার হিসেবে তারা যেন এমন প্রযুক্তি উদ্ভাবন করেন যা মানুষের জীবনযাত্রার মান উন্নত করে; চিকিৎসক হিসেবে চিকিৎসাকে কেবল পেশা হিসেবে না দেখে সেবার মাধ্যম হিসেবে বিবেচনা করেন; বিজ্ঞানী হিসেবে মানবতার স্বার্থে বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করেন; শিল্পী বা লেখক হিসেবে সমাজের সংবেদনশীলতাকে সমৃদ্ধ করেন; উদ্যোক্তা হিসেবে কেবল সম্পদ নয়, কর্মসংস্থান ও নতুন সুযোগ সৃষ্টি করেন; শিক্ষক হিসেবে এমন এক তরুণ প্রজন্ম গড়ে তোলার ওপর মনোযোগ দেন যারা ঐতিহ্য ও প্রগতি—উভয়কেই ধারণ করে; এবং জনজীবনে নিজেদের অবস্থানকে ক্ষমতার উৎস হিসেবে না দেখে দায়িত্ব হিসেবে বিবেচনা করেন।

 

রাষ্ট্রপতি বলেন, ২০৪৭ সালের মধ্যে এমন এক 'বিকশিত ভারত' গড়ে তোলার জাতীয় লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি— যেখানে সবার কাছে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছাবে; যেখানে মানবকল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার হবে; যেখানে সুযোগের সমতা থাকবে; যেখানে মহিলা ও যুবসমাজের পূর্ণ সম্ভাবনার সদ্ব্যবহার করা হবে এবং যেখানে প্রতিটি নাগরিক মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবেন। এই লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয় ও যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে রাষ্ট্রপতি মন্তব্য করেন।

 

 

SC/SD/SKD


(রিলিজ আইডি: 2314038) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati