প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

কলম্বো সফরকালে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে প্রতিরক্ষামন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: 09 SEP 2026 2:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর, ২০২৬


 
প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং ৯ সেপ্টেম্বর কলম্বোতে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি শ্রী অনুরা কুমারা দিসানায়কের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই দেশের ঐতিহাসিকভাবে উষ্ণ সম্পর্ক ও পারস্পরিক আস্থার ওপর ভিত্তি করে গড়ে ওঠা বহুমুখী অংশীদারিত্বের সামগ্রিক বিষয়গুলি নিয়ে তাঁরা ফলপ্রসূ আলোচনা করেন।


একে অপরের পরিপূরক, ঘনিষ্ঠ প্রতিবেশী এবং সামুদ্রিক অংশীদার হিসেবে ভারত ও শ্রীলঙ্কা নিজেদের উন্নয়ন ও জনগণের কল্যাণে যৌথভাবে কাজ করে যাবে, এই বিষয়ে দুটি দেশ সহমত পোষণ করেছে। পাশাপাশি এই অঞ্চলের সুরক্ষা, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতেও তারা একত্রে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী,  প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপতিকে দেন এবং জানান, শক্তিশালী ঐতিহাসিক বন্ধন এবং জনগণের মধ্যে পারস্পরিক আদান-প্রদানের ওপর ভিত্তি করে উভয় দেশের নাগরিকদের মধ্যে গভীর বন্ধুত্ব অটুট থাকবে। 

ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে রাষ্ট্রপতি দিসানায়েকে প্রধানমন্ত্রী শ্রী মোদীর সঙ্গে তাঁর আগের আলোচনার কথা উল্লেখ করেন এবং ভারতের নিরাপত্তার স্বার্থের পরিপন্থী হয়, এ ধরণের কোনো কার্যকলাপের জন্য শ্রীলঙ্কা কখনোই তার ভূখণ্ডকে ব্যবহৃত হতে দেবে না বলে জানান। 

ঘূর্ণিঝড় 'ডিটওয়াহ'-এর পর 'অপারেশন সাগর বন্ধু'-র মাধ্যমে ভারতের ত্রাণ সহায়তা এবং দ্বীপরাষ্ট্রর বিভিন্ন অংশে পুনর্গঠন ও পুনর্বাসন কার্যক্রমে নতুনদিল্লির পুনর্বাসন প্যাকেজের জন্য রাষ্ট্রপতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, শ্রীলঙ্কার ঘনিষ্ঠতম বন্ধু ও প্রতিবেশী হিসেবে ভারত সহায়তার এই উদ্যোগকে কোনো অনুগ্রহ নয়, বরং 'ফার্স্ট রেসপন্ডার' বা প্রথমেই ব্যবস্থা নেওয়াকে নিজেদের দায়িত্ব বলে মনে করে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।

তাঁরা ভার্চুয়ালি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর তৈরি তিনটি বেইলি ব্রিজের উদ্বোধন করেন। এছাড়া, শ্রীলঙ্কা বিমান বাহিনীর জন্য ‘এল-৭০’ কামানগুলির আধুনিকীকরণ এবং দুই দেশের জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী ও ন্যাশনাল ডিফেন্স কলেজগুলির মধ্যে সহযোগিতার বিষয়ে সমঝোতাপত্র সাক্ষরিত হয়। শ্রীলঙ্কা বিমান বাহিনীর ছয়টি ‘এল-৭০’ বিমান-বিধ্বংসী কামানগুলি এর আগে ভারতই শ্রীলঙ্কা বিমান বাহিনীকে সরবরাহ করেছিল।

 

SC/CB/DM.


(রিলিজ আইডি: 2308371) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Tamil , Telugu , Malayalam