কয়লামন্ত্রক
কয়লা/লিগনাইট গ্যাসীকরণ প্রকল্প : আবেদন-সংক্রান্ত তথ্য দিল মন্ত্রক
প্রকাশিত:
05 SEP 2026 11:22AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৫ সেপ্টেম্বর ২০২৬
সংবাদমাধ্যমের একাংশে প্রকাশিত কিছু প্রতিবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। এইসব প্রতিবেদনে বলা হয়েছে যে, ৩৭,৫০০ কোটি টাকার 'সারফেস কোল/লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্প' (পৃষ্ঠস্থ কয়লা/লিগনাইট গ্যাসীকরণ প্রকল্প)-এর জন্য কোনও আবেদন জমা পড়েনি। কয়লা মন্ত্রক সঠিক তথ্য তুলে ধরতে এবং বিষয়টি স্পষ্ট করতে চায় যে, এ ধরনের প্রতিবেদনগুলি সঠিক নয়।
৩৭,৫০০ কোটি টাকার মোট আর্থিক বরাদ্দ সহ 'সারফেস কোল/লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্প'-টি ১৩ মে ২০২৬ তারিখে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত করেছিল। এই প্রকল্পের লক্ষ্য হল, দেশে কয়লা ও লিগনাইট গ্যাসীকরণ ত্বরান্বিত করা এবং দেশীয় কয়লা ও লিগনাইটকে সিনগ্যাস, মিথানল, অ্যামোনিয়া ও ইউরিয়ার মত উচ্চ-মূল্যের পণ্যে রূপান্তরে উৎসাহিত করা। এই ধরনের পণ্য উৎপাদনের জন্য দেশীয় সম্পদের অধিকতর ব্যবহারের সুযোগ সৃষ্টি করে আমদানিকৃত কাঁচামালের ওপর নির্ভরতা কমানো এবং ভারতের জ্বালানি ও অর্থনৈতিক নিরাপত্তাকে শক্তিশালী করাই এই প্রকল্পের লক্ষ্য।
২৮ মে ২০২৬-এ নতুন দিল্লিতে, ১১ জুন ২০২৬-এ হায়দরাবাদে এবং ১৮ জুন ২০২৬ তারিখে মুম্বইয়ে 'রোড-শো' বা প্রচারমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানগুলিতে রাজ্য সরকার, সরকারি ও বেসরকারি সংস্থা, প্রযুক্তি সরবরাহকারী, বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য অংশীদারদের প্রতিনিধিরা একত্রিত হয়েছিলেন। কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী এবং মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন।
৭ জুলাই, ২০২৬-এ
এই প্রকল্পের আওতায় 'রিকোয়েস্ট ফর প্রপোজাল' বা প্রস্তাব আহ্বান করা হয় এবং এরপর আবেদন জমা দেওয়ার জন্য অনলাইন পোর্টাল চালু করা হয়। বিষয়টিকে আরও স্পষ্ট করতে এবং সম্ভাব্য আবেদনকারীরা যাতে প্রয়োজনীয় ব্যাখ্যা বা তথ্য জানার সুযোগ পান, তা নিশ্চিত করতে, ২০ জুলাই ২০২৬ তারিখে একটি 'প্রি-অ্যাপ্লিকেশন কনফারেন্স'-এর আয়োজন করা হয়েছিল। এই সম্মেলনে সম্ভাব্য আবেদনকারীরা প্রকল্পের বিভিন্ন শর্তাবলি, যোগ্যতার মাপকাঠি এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন ও ব্যাখ্যা চান। এই প্রকল্পে আবেদন জমা দেওয়ার প্রথম পর্বের সময়সীমা হল ৭ সেপ্টেম্বর ২০২৬। সেই অনুযায়ী, আবেদনের সুযোগ বা সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত প্রথম ধাপে কতগুলি আবেদন পাওয়া গেছে, তা নিশ্চিতভাবে মূল্যায়ন করা বা জানানো সম্ভব নয়।
তাছাড়া, সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে মন্ত্রণককে জানানো হয়েছে যে, তালচের ফার্টিলাইজার্স লিমিটেড (টিএফএল) এবং এনটিপিসি লিমিটেড ইতিমধ্যেই অনলাইন পোর্টালের মাধ্যমে তাদের নিজ নিজ আবেদন জমা দিয়েছে। এটিই প্রমাণ করে যে, এই প্রকল্পে "কোনও আগ্রহী পক্ষ নেই" বা "কেউ আবেদন করেনি" – এমন দাবি তথ্যগতভাবে ভুল। মন্ত্রক অন্যান্য সম্ভাব্য আবেদনকারীদের সঙ্গেও যোগাযোগ রাখছে।
এই প্রকল্পের আওতায় পরিকল্পিত উদ্যোগগুলির বিশাল ব্যাপ্তি ও জটিলতার কারণে, সম্ভাব্য আবেদনকারীদের উল্লেখযোগ্য প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করতে হয়। এর মধ্যে রয়েছে প্রাক-সম্ভাব্যতা প্রতিবেদন তৈরি, প্রযুক্তিগত বিকল্পগুলির মূল্যায়ন, কয়লা/লিগনাইট ও অন্যান্য কাঁচামাল সংগ্রহের ব্যবস্থা চিহ্নিতকরণ, প্রকল্পের অর্থনৈতিক দিক যাচাই এবং বিস্তারিত প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত করা। তাই আশা করা হচ্ছে যে, সময়সীমার মধ্যে আরও আবেদনকারী তাঁদের প্রস্তাব চূড়ান্ত করে জমা দিতে পারবেন।
এই উদ্যোগটি প্রায় ২৫টি প্রকল্পে প্রায় ২.৫ লক্ষ কোটি থেকে ৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগ ত্বরান্বিত করবে এবং প্রায় ৫০,০০০ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে ১০০ মিলিয়ন টন কয়লা গ্যাসীকরণ ক্ষমতা অর্জনের সরকারের বৃহত্তর লক্ষ্যে এই প্রকল্পটি উল্লেখযোগ্যভাবে ভূমিকা পালন করবে।
মন্ত্রক ফের জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং প্রথম পর্বের আবেদনের সময়সীমা ৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চালু থাকবে।
SC/MP/AS
(রিলিজ আইডি: 2306955)
ভিজিটরের কাউন্টার : 2