নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

শিশু অধিকার রক্ষা জাতীয় কমিশন - এনসিপিসিআর বিশেষ অভিযান চালিয়ে শিশুশ্রমের কবল থেকে ৩৮০০-রও বেশি শিশুকে উদ্ধার করেছে

প্রকাশিত: 04 SEP 2026 11:04AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৪ সেপ্টেম্বর, ২০২৬

 

মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনস্থ বিধিবদ্ধ সংস্থা, শিশু অধিকার রক্ষা জাতীয় কমিশন, গত ১২ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশজুড়ে বিশেষ উদ্ধার ও পুনর্বাসন কর্মসূচি চালায়। শিশুশ্রমের সঙ্গে যুক্ত এবং পাচার ও শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের শনাক্তকরণ, উদ্ধার ও পুনর্বাসনের প্রক্রিয়া জোরদার করতে কমিশন সংশ্লিষ্ট রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন, জেলাশাসক, শ্রম দপ্তর, পুলিশ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করে।

কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে শিশুশ্রম ও পাচারের জন্য চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে আরও জোরদার ও সুনির্দিষ্ট উদ্ধার অভিযান পরিচালনার অনুরোধ জানায়। এছাড়া রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উদ্ধার অভিযান, উদ্ধার হওয়া শিশু, দায়ের করা এফআইআর, পুনর্বাসন, পরিবারে ফিরিয়ে দেওয়া, শিক্ষার মূলধারায় অন্তর্ভুক্তি, ক্ষতিপূরণ এবং পরবর্তী পদক্ষেপ সংক্রান্ত নিয়মিত তথ্য প্রদানের জন্যও অনুরোধ করা হয়।

কর্মসূচি বাস্তবায়নের বিষয়টি তদারকি করতে এবং তৃণমূল স্তরের সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে কমিশন জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে। এই বৈঠকগুলিতে উদ্ধার অভিযানের পর্যালোচনা, পরিচালনগত বাধা দূর করা, সময়মতো 'অ্যাকশন টেকেন রিপোর্ট' জমা দেওয়া নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলির মধ্যে সমন্বয় জোরদার করার  ওপর গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি, কমিশন সোশ্যাল মিডিয়া ও অন্যান্য যোগাযোগ মাধ্যমের সাহায্যে সচেতনতা ও প্রচারমূলক কার্যক্রম চালায়। 

এই কর্মসূচির ধারাবাহিক ও সক্রিয় তদারকির মাধ্যমে, রাজ্য কর্তৃপক্ষের সহযোগিতায় কমিশন ৩,৮০০-রও বেশি শিশুকে উদ্ধার করে। ৫৭৫টিরও বেশি এফআইআর দায়ের করা হয়।

 


SC/SD/SKD


(রিলিজ আইডি: 2306687) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Tamil , Telugu , Kannada