প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

জল বিষয়ে জাতীয় বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে পৌরোহিত্য প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 02 SEP 2026 8:56PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ সেপ্টেম্বর, ২০২৬


জলশক্তি মন্ত্রক আয়োজিত জল নিয়ে ২ দিনের জাতীয় বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে আজ পৌরোহিত্য করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। টিম ইন্ডিয়ার মানসিকতাকে জোরদার করতে প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে বিভাগীয় সম্মেলন সিরিজের এটিই প্রথম। যুক্তরাষ্ট্রীয় সহযোগিতার মানসিকতাকে গভীরতা দিতে এবং জাতীয় অগ্রাধিকারের ক্ষেত্রে যৌথ অংশীদারিত্বের প্রসারে এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের স্বার্থে এই সম্মেলনের আয়োজন। ভারতের জল সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনার স্বার্থে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা এতে যোগ দেন।

দুদিন ব্যাপী গভীর অন্তর্মুখী আলোচনার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এই আলোচনা থেকে উঠে আসা কার্যকরী দিকগুলির সময় বেঁধে রূপায়ণ করতে হবে এবং নিয়মিত পর্যালোচনা ও তা থেকে শিক্ষা নেওয়ার প্রক্রিয়াকেও অব্যাহত রাখতে হবে। তিনি বলেন যে এই সম্মেলন কেবল একবার হয়ে থেমে যাওয়ার নয়। এটা এক ধারাবাহিক প্রক্রিয়া।

প্রধানমন্ত্রী নগরায়নে উদ্ভূত চ্যালেঞ্জগুলির ক্ষেত্রে শহরের পৌর সংস্থাগুলিকে সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। জনসংখ্যার বৃদ্ধি, ভবিষ্যৎ জলের চাহিদা নিয়ে পৌর সংস্থাগুলিকে নিয়মিত চিন্তন শিবিরের আয়োজন করতেও বলেছেন। জল সঞ্চয়ের প্রযুক্তি আরও বেশি করে গ্রহণ করা এবং এব্যাপারে জনসচেতনতা গড়তে প্রদর্শনী ও ওয়ার্কশপের আয়োজন করতে বলেছেন। বিশ্বজুড়ে যে উন্নত ব্যবস্থা এই লক্ষ্যে গ্রহণ করা হচ্ছে তাও এই প্রদর্শনীতে তুলে ধরতে বলেন তিনি।

জনভাগীদারির ওপর গুরুত্ব দিয়ে জল উৎসব প্রসারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিশ্রুত জলের স্বার্থে প্রয়োজনীয় কার্যবিধি গ্রহণের পরামর্শ দেন তিনি। জলাধারগুলির সুরক্ষার স্বার্থে প্রতি বর্ষার আগে সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সতর্কতামূলক মানসিকতা গড়ে তোলা এবং শিক্ষা পাঠক্রমের মধ্যেও সেগুলিকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন। জন প্রতিনিধিদের নিয়ে আন্তঃরাজ্য জল ব্যবস্থাপনার বিষয়টি খতিয়ে দেখতে ক্ষেত্রীয় সফরের ওপরও তিনি গুরুত্ব দেন। 

জল সংক্রান্ত বৃহৎ ডেটা পরিচালন ব্যবস্থার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী এক্ষেত্রে কৃত্রিম মেধা ব্যবহার করার পরামর্শ দেন। জলসংকট মোকাবিলায় পূর্বানুমানের ভিত্তিতে সুসংহত পরিকল্পনা গ্রহণের পাশাপাশি কৃষি এবং শিল্প স্বার্থে পরিশোধিত জলের ব্যবহারের ওপরেও গুরুত্ব দিয়েছেন।

গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, সঠিক পরিকল্পনা, দায়বদ্ধতা, সম্পদের যথাযথ ব্যবহার এবং দক্ষ আধিকারিকদের কাজে লাগিয়ে জলসংকটকে সম্ভাবনাতেও রূপান্তরিত করা সম্ভব। 

কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী সি আর পাটিল এই সম্মেলনের ৪টি ফলদায়ক দিকের ওপর আলোকপাত করেছেন। এগুলি হল জল পরিকাঠামো প্রকল্পগুলি দ্রুত সম্পূর্ণ করা, জল সংরক্ষণ, পানীয় জলের সূত্রগুলির দীর্ঘস্থায়িত্ব সুনিশ্চিত করা, গ্রামীণ জল প্রকল্পগুলি প্রাতিষ্ঠানিকভাবে দ্রুত কার্যকর করা এবং সেগুলির যথাযথ রক্ষণাবেক্ষণ।  

 

SC/AB/SG


(রিলিজ আইডি: 2306269) ভিজিটরের কাউন্টার : 3