রাষ্ট্রপতিরসচিবালয়
নিফট - এর ১৮টি ক্যাম্পাসের যৌথ সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি
প্রকাশিত:
31 AUG 2026 4:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ অগাস্ট, ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (নিফট)-এর ১৮টি ক্যাম্পাসের যৌথ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন।
রাষ্ট্রপতি বলেন, বস্ত্র ও পোশাক শিল্প কেবল আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশই নয়, বরং এটি লক্ষ লক্ষ মানুষের জীবিকার মাধ্যম। ঐতিহ্যবাহী কারিগররা প্রয়োজনীয় সহায়তা ও পথনির্দেশ পেলে,পরবর্তী প্রজন্মকে গর্ব ও আত্মবিশ্বাসের সঙ্গে এই পেশায় যুক্ত করতে উৎসাহিত হবেন। তিনি সন্তোষ প্রকাশ করেন যে, নিফট-এর বিভিন্ন কেন্দ্র 'ক্রাফট ক্লাস্টার ইনিশিয়েটিভ'-এর মতো কর্মসূচি বাস্তবায়ন করেছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলের তাঁতি ও কারিগরদের বস্ত্র ও পোশাক ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা হচ্ছে এবং তাঁদের বাজারের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, আজ আমাদের দেশ আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসের সঙ্গে বিশ্বমঞ্চে নিজের ভূমিকা প্রসারিত করছে। ফ্যাশন প্রযুক্তি এমন একটি ক্ষেত্র যার মাধ্যমে বিশ্বজুড়ে ভারতের উপস্থিতিকে তুলে ধরার বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি বজায় রাখার পাশাপাশি নিজেদের শিকড় এবং সংস্কৃতির অভিন্ন মূল্যবোধের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকতে হবে। এর ফলে তাঁরা কেবল সফল পেশাজীবীই হয়ে উঠবেন না, বরং ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও সমৃদ্ধিতে অবদান গড়তে পারবেন।
রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের বিশ্বমানের পণ্য ও ব্র্যান্ড তৈরি করা উচিত, তবে সেগুলোর পরিবেশ-বান্ধব হওয়াও নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন যে, পণ্য তৈরির ক্ষেত্রে স্থানীয়ভাবে লভ্য কাঁচামালের ব্যবহার পরিবেশ সংরক্ষণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। উৎপাদনের সময় বেঁচে যাওয়া অংশ বা অবশিষ্টাংশকে বর্জ্য হিসেবে ফেলে দেওয়া উচিত নয়; সেগুলোকে নতুন রূপ, নতুন উপযোগিতা এবং নতুন মূল্য দেওয়া সম্ভব। নিফট-এর নীতিনির্ধারকরা প্রতিষ্ঠানের কৌশলগত পরিকল্পনায় স্থায়িত্ব এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন জেনে তিনি সন্তোষ ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন যে, বস্ত্র ও পোশাক ক্ষেত্রে সুস্থায়ী ভবিষ্যতের লক্ষ্যে গৃহীত প্রচেষ্টার অংশ হিসেবে নিফট বৃত্তীয় অর্থনীতির চর্চাকে ব্যাপক ও ফলপ্রসূ করে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
রাষ্ট্রপতি বলেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যুবসমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি জোর দিয়ে বলেন যে, নিফট-এর মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের মেধাবী তরুণ শিক্ষার্থীদের কাছে দেশের প্রত্যাশা অনেক। কারুশিল্পীদের কাজের নিজস্ব ও মৌলিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে তাঁদের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধিতে সহায়তা করার প্রচেষ্টার মধ্যেই তাঁদের সাফল্য নিহিত বলে রাষ্ট্রপতি জানিয়েছেন।
রাষ্ট্রপতির সম্পূর্ণ ভাষণটি পড়তে এই লিঙ্কটি দেখুন - https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/aug/doc_9750_20260831_16104001.pdf
SC/AB/SB
(রিলিজ আইডি: 2305145)
ভিজিটরের কাউন্টার : 9