যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ড. মনসুখ মান্ডভিয়ার নেতৃত্বে মেজর ধ্যান চাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন

প্রকাশিত: 29 AUG 2026 1:57PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ অগাস্ট ২০২৬

 

 

কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যান চাঁদের ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ দেশজুড়ে 'জাতীয় ক্রীড়া দিবস' উদযাপিত হয়; ভারতীয় ক্রীড়াঙ্গনে তাঁর অবদান আজও অনুপ্রেরণার এক চিরস্থায়ী উৎস হয়ে রয়েছে।

 

নতুন দিল্লির ইন্ডিয়া গেট সংলগ্ন মেজর ধ্যান চাঁদ জাতীয় স্টেডিয়ামে এক বিশেষ ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ড. মনসুখ মান্ডভিয়া এবং কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল।

 

এবারের উদযাপনের কেন্দ্রে ছিল দেশব্যাপী ‘এক ঘণ্টা খেল কে ময়দান মেঁ’ কর্মসূচি। এই উদ্যোগের মাধ্যমে নাগরিকদের, বিশেষ করে তরুণ প্রজন্মকে, খেলাধুলা ও শারীরিক কসরতের জন্য অন্তত এক ঘণ্টা সময় ব্যয় করতে উৎসাহিত করা হয়েছে।

 

মেজর ধ্যান চাঁদের মূর্তিতে ফুলের মালা অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল ৮টা থেকেই শত শত অংশগ্রহণকারী এই উদযাপনে শামিল হন এবং বিভিন্ন ক্রীড়া ও শরীরচর্চামূলক কর্মসূচিতে অংশ নেন।

 

এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে ড. মনসুখ মান্ডভিয়া বলেন যে, দেশব্যাপী ‘এক ঘণ্টা খেল কে ময়দান মেঁ’ উদ্যোগটির লক্ষ্য হল, ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’-কে শক্তিশালী করা এবং খেলাধুলাকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে মানুষকে উৎসাহিত করা।

 

তিনি বলেন, “মেজর ধ্যানচাঁদের ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’-এর প্রসারে দেশব্যাপী ‘এক ঘণ্টা খেল কে ময়দান মেঁ’ কর্মসূচির আয়োজন করা হয়েছে।”

 

ড. মান্ডভিয়া বলেন, “দেশের প্রতিটি রাস্তায় ও প্রতিটি খেলার মাঠে লক্ষ লক্ষ তরুণ-তরুণী এক ঘণ্টা খেলার এই কর্মসূচতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। আমি আনন্দের সঙ্গে বলছি যে, মোদীজির নেতৃত্বে দেশে পরিবর্তন ঘটছে, দেশ এগিয়ে চলেছে এবং এক নতুন ভারত গড়ে উঠছে।”

 

তিনি আরও বলেন, “নতুন ভারত গড়ার ক্ষেত্রে মোদীজির যে লক্ষ্য রয়েছে, তা বাস্তবায়নের পাশাপাশি আমাদের এমন এক সমাজের কথাও ভাবতে হবে, যেখানে সবাই সুস্থ ও সবল থাকবে। এটিই আমাদের একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। আসুন, আমরা সবাই প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা খেলার মাঠে সময় কাটাই এবং নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হই।”

 

শ্রী অর্জুন রাম মেঘওয়াল জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার ক্ষেত্রে নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চার গুরুত্ব তুলে ধরেন।

 

তিনি বলেন, “কবাডি ও ফুটবল থেকে শুরু করে প্রায় প্রতিদিন ব্যাডমিন্টন খেলা - খেলাধুলা সর্বদা আমার জীবনের একটি অংশ হয়ে রয়েছে। আমার ব্যক্তিগত মূলমন্ত্র হল, ‘সকালে সঙ্গীত ও সন্ধ্যায় খেলা’। খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণ আমাদের শারীরিকভাবে সুস্থ ও সবল রাখে এবং মানসিক চাপ থেকে মুক্ত রাখে। জাতীয় ক্রীড়া দিবসে খেলাধুলার জন্য এক ঘণ্টা সময় উৎসর্গ করার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ‘হাম ফিট তো ইন্ডিয়া ফিট’ উদ্যোগকে সহায়তা করবে এবং একটি উন্নত দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

 

অংশগ্রহণ, দলীয় সমন্বয় এবং সক্রিয় জীবনযাত্রাকে উৎসাহিত করার লক্ষ্যে ক্রিকেট, ফুটবল এবং দড়ি টানাটানির মতো বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের আয়োজন করা হয়েছিল।

 

ক্রিকেট প্রতিযোগিতায় চারটি দল অংশ নেয় - মিনিস্ট্রি একাদশ, এসএআই একাদশ, মিডিয়া একাদশ এবং ইনফ্লুয়েন্সার একাদশ।

 

উদ্বোধনী ক্রিকেট ম্যাচে ড. মনসুখ মান্ডভিয়ার নেতৃত্বে ‘মিনিস্ট্রি একাদশ’, 

‘মিডিয়া একাদশ’-এর বিরুদ্ধে জয়লাভ করে। ‘ইনফ্লুয়েন্সার একাদশ’ গঠিত হয়েছিল বিশিষ্ট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ‘ফিট ইন্ডিয়া অ্যাম্বাস্যাডর’-দের নিয়ে।

 

মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে আয়োজিত জাতীয় ক্রীড়া দিবসের এই উদযাপন অনুষ্ঠানটি দেশজুড়ে খেলাধুলা, শারীরিক সুস্থতা ও সক্রিয় জীবনযাত্রার সংস্কৃতি গড়ে তোলার বিষয়ে সরকারের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে; পাশাপাশি এটি মেজর ধ্যান চাঁদের অবিস্মরণীয় অবদান ও ঐতিহ্যের প্রতিও শ্রদ্ধার্ঘ্য।

 

 

SC/MP/AS


(রিলিজ আইডি: 2304550) ভিজিটরের কাউন্টার : 31