স্বরাষ্ট্র মন্ত্রক
নেপালে হড়পা বানে সৃষ্ট পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় সরকার
প্রকাশিত:
26 AUG 2026 9:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ আগস্ট ২০২৬
নেপালে আকস্মিক বন্যার জেরে উদ্ভূত পরিস্থিতির উপর কেন্দ্রীয় সরকার নজর রাখছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ নেপালের বিপর্যয় নিয়ে বিহার ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ‘এক্স’-এ একটি পোস্টে বলেছেন, নেপালে বন্যার ফলে যে ধ্বংসলীলা হয়েছে, তা অত্যন্ত মর্মান্তিক। এই বিপর্যয়ে যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা। সংকটের এই প্রহরে ভারত সরকার নেপালের পাশে রয়েছে। নেপালের বিপর্যয় নিয়ে আমি বিহার ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি। সম্ভাব্য ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী এলাকাগুলিতে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলির পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
কেন্দ্রীয় জল কমিশন এবং সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতীয় সীমান্ত থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে নেপালের ফুরকে খোলায় ত্রিশূলী নদীর জলস্তর হঠাৎ বেড়ে গেছে। নেপাল-চিন সীমান্তের কাছে আকস্মিক বন্যা/হিমবাহ-হ্রদ বিস্ফোরণজনিত বন্যার কারণে এই জলস্তর বৃদ্ধি হয়েছে বলে মনে করা হচ্ছে। এই বন্যার প্রভাব নিম্নপ্রবাহে ভারতের গণ্ডক নদী পর্যন্ত পৌঁছাতে পারে।
বিহার ও উত্তরপ্রদেশ সরকার ভারত-নেপাল সীমান্তের কাছে বসবাসকারী ভারতীয়দের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া এবং অন্যান্য সহায়তার ব্যবস্থা করেছে। দুই রাজ্যকেই সতর্ক থাকতে এবং পরিস্থিতির উপর নিবিড় নজরদারি বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা বিদেশ মন্ত্রক, জলশক্তি মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছেন। তবে কেন্দ্রীয় জল কমিশন জানিয়েছে, নেপালের দিকের জলাধারগুলির জলস্তর কমছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আতঙ্কিত হওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি।
নেপালের ভূখণ্ডে কিছু ভারতীয় পর্যটক নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা ও তথ্য প্রদানের জন্য বিদেশ মন্ত্রক/কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস জরুরি হেল্পলাইন নম্বরের ব্যবস্থা করেছে। যাঁদের সহায়তা প্রয়োজন, তাঁরা দূতাবাসের হেল্পলাইন নম্বর +৯৭৭ ৯৮৫ ১৩১ ৬৮০৭ এবং +৯৭৭ ৯৭০ ৯১০ ৭৫০০-এ যোগাযোগ করতে পারেন।https://x.com/AmitShah/status/2092628310333518273?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2092628310333518273%7Ctwgr%5E21369b6a66ba6b5b3823874624f68a10d0a67f64%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2303589reg%3D3lang%3D1
SC/SD/DM..
(রিলিজ আইডি: 2303690)
ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Khasi
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam