পরিবেশওঅরণ্যমন্ত্রক
মঙ্গোলিয়ায় ইউএনসিসিডি কপ১৭-য় ভারত খরার মোকাবিলায় বিচ্ছিন্ন ও তাৎক্ষণিক উদ্যোগের পরিবর্তে ধারাবাহিক ও স্থিতিস্থাপক ব্যবস্থাপনা গড়ে তোলার পক্ষে সওয়াল করল
প্রকাশিত:
25 AUG 2026 12:59PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ অগাস্ট, ২০২৬
মঙ্গোলিয়ার উলানবাটোরে ইউএনসিসিডি কপ১৭-য় খরা মোকাবিলায় বিচ্ছিন্ন ও তাৎক্ষণিক উদ্যোগের পরিবর্তে ধারাবাহিক ও স্থিতিস্থাপক ব্যবস্থাপনা গড়ে তোলার পক্ষে সওয়াল করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব। মরুকরণ প্রতিরোধ নিয়ে আলোচনার এই মঞ্চে তিনি বলেছেন যে, খরা এখন আর সময়ে সময়ে বিচ্ছিন্নভাবে দেখা দেওয়া কোনও প্রাকৃতিক বিপর্যয় নয়। বিকাশের পথে ধারাবাহিক এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টি।
এক্ষেত্রে ভারত সমন্বিত ও বহু-প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে পূর্বাভাস, ক্ষতির পরিমাণ হ্রাস, ত্রাণ এবং গোষ্ঠীভিত্তিক প্রস্তুতির পরিমণ্ডল গড়ে তুলেছে বলে তিনি উল্লেখ করেছেন। পরিবেশ মন্ত্রী বলেন, অনাবৃষ্টি-জনিত কারণে খরার সমস্যা যাতে মারাত্মক না হয়ে উঠতে পারে সেজন্য উপগ্রহ ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তঃমন্ত্রক ও প্রাদেশিক স্তরে বোঝাপড়ার প্রণালী গড়ে তোলা হয়েছে ভারতে। মাটি এবং জলের সংবেদনশীল সংযোগের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বনসৃজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ভূমিক্ষয় রোধ এবং ভূগর্ভস্থ জলের পুনঃসঞ্চয়ের ওপরও তিনি জোর দেন।
ভারতের পার্বত্য এলাকায় জলধারাগুলিকে পুনরুজ্জীবিত করা এবং সমতলে জলাভূমি সংরক্ষণের উদ্যোগের কথাও উঠে আসে তার বক্তব্যে। এই ধরনের কর্মসূচির সঙ্গে কর্মনিশ্চয়তা প্রকল্পের সংযোগ অত্যন্ত কার্যকর একটি প্রক্রিয়া বলে তিনি মনে করেন। খরা ও শস্যক্ষয়ের সমস্যা থেকে কৃষকদের রক্ষা করতে সরকারের গৃহীত বিমা কর্মসূচিরও উল্লেখ করেন তিনি।
SC / AC /AG
(রিলিজ আইডি: 2303151)
ভিজিটরের কাউন্টার : 4