উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

কার্যকর শাসনব্যবস্থা এবং প্রকৃত সুবিধা প্রাপকদের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার জন্য নির্ভুল তথ্য অপরিহার্য: উপ-রাষ্ট্রপতি

प्रविष्टि तिथि: 18 AUG 2026 7:27PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ অগাস্ট, ২০২৬ 

 

ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিসের ২০২৬ ব্যাচের শিক্ষানবিশ কর্মকর্তারা আজ উপরাষ্ট্রপতি ভবনে উপরাষ্ট্রপতি শ্রী সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করেন। ১৬ জন মহিলাসহ মোট ৩৪ জন তরুণ কর্মকর্তার সঙ্গে আলাপচারিতার সময় উপরাষ্ট্রপতি তাঁদের এই মর্যাদাপূর্ণ পরিষেবায় যোগদানের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, মহিলাদের ক্রমবর্ধমান প্রতিনিধিত্ব ‘মহিলাদের ক্ষমতায়ন’ থেকে ‘মহিলাদের নেতৃত্বে উন্নয়ন’-এর পথে ভারতের অগ্রগতিকেই প্রতিফলিত করে।
সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়ে শ্রী সি. পি. রাধাকৃষ্ণন বলেন, “তথ্য সঠিক না হলে কোনো সিদ্ধান্তই সঠিক হতে পারে না।” তিনি বলেন যে, নির্ভরযোগ্য তথ্য ছাড়া কার্যকর পরিকল্পনা প্রণয়ন, সম্পদ বণ্টন এবং সরকারি প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। প্রকৃত সুবিধাভোগীদের সঠিকভাবে চিহ্নিত করা না হলে সীমিত সম্পদের অপচয়ও হতে পারে। তিনি বলেন, “তথ্য সঠিকভাবে সংগ্রহ করতে হবে এবং যথাসময়ে তা উপলব্ধ করতে হবে।” তিনি সতর্ক করে দিয়ে বলেন যে, ভিত্তিগত তথ্য ভুল হলে জাতীয় চ্যালেঞ্জগুলির উপযুক্ত সমাধান খুঁজে বের করা কঠিন হয়ে পড়বে।
উপ-রাষ্ট্রপতি বলেন, সরকারি পরিসংখ্যান কেবল সংখ্যা নয়, বরং এগুলি হ’ল শাসনকার্যের এমন এক হাতিয়ার যা দেশকে বুঝতে সাহায্য করে যে দেশ, দেশের জনগণ এবং সমাজের বিভিন্ন অংশ কোন অবস্থানে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে, সরকারি কর্মসূচিগুলির কার্যকর বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ের অভিজ্ঞতা, সঠিক তথ্য সংগ্রহ, তথ্যের যথাযথ সংরক্ষণ এবং সময়মতো তা উপস্থাপন করা অপরিহার্য। তিনি বলেন, “কোনো প্রকল্পের সাফল্য বা ব্যর্থতা অনেকাংশে তথ্যের গুণমানের ওপর নির্ভর করে।” সরকারি কর্মসূচির সুফল যাতে প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করার ক্ষেত্রে পরিসংখ্যানবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি তুলে ধরেন।
শ্রী সি. পি. রাধাকৃষ্ণন ভারতের পরিসংখ্যান ও প্রশাসনিক তথ্য ব্যবস্থাকে (ইকোসিস্টেম) শক্তিশালী করার বিষয়টির ওপর আলোকপাত করেন। এর মধ্যে রয়েছে ডিজিটাল ডেটাবেস, জিএসটি সংক্রান্ত তথ্য এবং উচ্চ-কম্পাঙ্কের অর্থনৈতিক তথ্য। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে তার উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব এর প্রসারে উল্লেখযোগ্য অবদান রেখেছে এবং সমান্তরাল অর্থনীতি হ্রাসে সহায়তা করেছে। তিনি অর্থনৈতিক হিসাব-নিকাশ এবং দেশের প্রকৃত উন্নয়নের সঠিক পরিমাপের জন্য উপযুক্ত ‘ভিত্তি বছর’ নির্ধারণের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন যে, কেবল অর্থনৈতিক সূচক দিয়ে মানুষের সামগ্রিক কল্যাণের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া সম্ভব নয়। এক্ষেত্রে সুখ এবং জীবনযাত্রার মানের মতো বিষয়গুলিও সমান গুরুত্বপূর্ণ।
“পরিসংখ্যানের মূল্য নির্ভর করে আস্থার ওপর”—এই বিষয়ের ওপর জোর দিয়ে উপ-রাষ্ট্রপতি তরুণ আধিকারিকদের পেশাগত ও নৈতিক সততা, রাজনৈতিক নিরপেক্ষতা, গোপনীয়তা রক্ষা এবং পক্ষপাতহীনতা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, কেবল প্রথাগত সৌজন্য প্রদর্শনের চেয়ে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনই হলো ঊর্ধ্বতন আধিকারিকদের প্রতি অধস্তন আধিকারিকদের প্রকৃত সম্মান প্রদর্শনের উপায়। তিনি প্রশিক্ষণরত আধিকারিকদের নিরন্তর শেখার অভ্যাস গড়ে তুলতে, বাস্তব অভিজ্ঞতা কাজে লাগাতে এবং ঊর্ধ্বতন আধিকারিক, সহকর্মী ও অধস্তন কর্মীদের কাছ থেকে শেখার মানসিকতা বজায় রাখার আহ্বান জানান।
শ্রী সি. পি. রাধাকৃষ্ণন তরুণ আধিকারিকদের কৌতূহলী ও নিষ্ঠাবান হতে এবং উদ্ভাবনী চিন্তাধারার প্রতি উন্মুক্ত থাকতে আহ্বান জানান। তিনি পেশাগত স্বাধীনতার প্রশ্নে কোনোভাবেই আপস না করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘বিকশিত ভারত@২০৪৭’-এর লক্ষ্যে একটি শক্তিশালী পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ‘উন্নয়নের জন্য তথ্য’ এবং তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ২০২৬ ব্যাচের আধিকারিকরারা ‘ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিস’-এর সর্বোত্তম ঐতিহ্য সমুন্নত রাখবেন এবং জনগণের জন্য সুনির্দিষ্ট ও দৃশ্যমান সুফল বয়ে আনবে এমন একটি তথ্য-নির্ভর ব্যবস্থা গড়ে তুলতে অর্থপূর্ণ অবদান রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের সচিব ড. সৌরভ গর্গ, ডেটা গভর্নেন্স-এর মহাপরিচালক শ্রী পি. আর. মেশরাম, মন্ত্রকের উচ্চ পদস্থ আধিকারিক এবং প্রশিক্ষণরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

SC/PM/SB


(रिलीज़ आईडी: 2301078) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil , Telugu , Malayalam