তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
azadi ka amrit mahotsav

ভারতের টেলিভিশন দর্শক পরিমাপ ব্যবস্থায় স্বচ্ছতা, স্বাধীনতা ও দায়বদ্ধতা আরও শক্তিশালী করতে 'টেলিভিশন রেটিং নীতি, ২০২৬'

নতুন নীতিতে ন্যূনতম মোট সম্পদের (Net Worth) শর্ত শিথিল, মিটারযুক্ত বাড়ির সংখ্যা বৃদ্ধি এবং নির্দিষ্ট সময় অন্তর 'এস্টাবলিশমেন্ট সার্ভে' বাধ্যতামূলক
বিশ্বস্ত টিভি দর্শক পরিমাপ নিশ্চিত করতে স্বাধীন অডিট, ক্রস-হোল্ডিংয়ে বিধিনিষেধ এবং ধাপে ধাপে জরিমানা বিধান রাখা হয়েছে

प्रविष्टि तिथि: 24 JUL 2026 3:50PM by PIB Agartala

নয়াদিল্লী, ২৪ জুলাই ২০২৬: তথ্য ও সম্প্রচার মন্ত্রক 'টিভি রেটিং নীতি, ২০২৬' প্রকাশ করেছে। এই নীতিতে ভারতে টেলিভিশন রেটিং ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য বিস্তৃত নির্দেশিকা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে টিভি রেটিং পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির নিবন্ধন, কার্যক্রম, অডিট এবং তদারকির জন্য সুস্পষ্ট মানদণ্ড নির্ধারণ করা হয়েছে, যাতে দর্শক পরিমাপ ব্যবস্থায় স্বচ্ছতা, স্বাধীনতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায়।

'টিভি রেটিং নীতি, ২০২৬' ১৬ জানুয়ারি, ২০১৪-এ জারি হওয়া 'ভারতে টিভি রেটিং সংস্থাগুলির জন্য নির্দেশিকা'-র পরিবর্তে কার্যকর হয়েছে।

এই নীতিতে আনা প্রধান সংস্কারগুলি হল:

১. ন্যূনতম মোট সম্পদের শর্ত ২০ কোটি টাকা থেকে কমিয়ে ৫ কোটি টাকা করা হয়েছে।
২. কানেক্টেড টিভি এবং ওটিটি প্ল্যাটফর্মে উপলব্ধ টিভি চ্যানেল-সহ একাধিক প্ল্যাটফর্মে প্রযুক্তি-নিরপেক্ষ দর্শক পরিমাপ ব্যবস্থা চালু করা হয়েছে।
৩. মিটারযুক্ত পরিবারের সংখ্যা ৫০ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার করা হয়েছে, ফলে নমুনার পরিধি বৃদ্ধি পাবে।
৪. প্রতি তিন বছর অন্তর 'এস্টাবলিশমেন্ট সার্ভে' পরিচালনা বাধ্যতামূলক করা হয়েছে।
৫. দর্শকসংখ্যা গণনার ক্ষেত্রে 'ল্যান্ডিং পেজ'-কে আর অন্তর্ভুক্ত করা হবে না।
৬. প্রতি বছর স্বাধীন অডিট বাধ্যতামূলক করা হয়েছে।৭. নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে ধাপে ধাপে শাস্তির ব্যবস্থা চালু করা হয়েছে।

নীতিতে টিভি রেটিং সংস্থাগুলির কার্যকরী ও পরিচালনাগত স্বাধীনতা নিশ্চিত করতে একাধিক সুরক্ষাব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ক্রস-হোল্ডিংয়ের ওপর বিধিনিষেধ, সংস্থার পরিচালনা পর্ষদে অন্তত ৩৩ শতাংশ স্বাধীন পরিচালক রাখা বাধ্যতামূলক, স্বার্থের সংঘাত তৈরি করতে পারে এমন পরামর্শদাতা বা কনসালটেন্সি কার্যক্রমে নিষেধাজ্ঞা, নিরাপত্তা ছাড়পত্র এর বাধ্যবাধকতা এবং নিয়মিত অডিট ও স্বচ্ছতা সংক্রান্ত বিধান।

এই নীতি অনুযায়ী, ভারতে টেলিভিশন রেটিং পরিষেবা প্রদানকারী যে কোনও সংস্থাকে অতিরিক্ত নির্ধারিত শর্ত পূরণ করে নতুন নীতির অধীনে নিবন্ধন করতে হবে।

বর্তমানে নতুন নীতির অধীনে কোনও সংস্থাই এখনও নিবন্ধিত নয়। তবে 'টেলিভিশন রেটিং নীতি, ২০২৬'-এ টিভি রেটিং পরিষেবা প্রদানকারী সংস্থার সংখ্যার ওপর কোনও সীমাবদ্ধতা আরোপ করা হয়নি।

রাজ্যসভায় ড. জন ব্রিটাসের উত্থাপিত এক প্রশ্নের লিখিত উত্তরে, এই তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ড. এল. মুরুগান।

*****

PS/SG


(रिलीज़ आईडी: 2288896) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam