উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৬ উদযাপনে অংশগ্রহণ করলেন উপরাষ্ট্রপতি; এমএসএমই-দের জন্য প্রধান ডিজিটাল উদ্যোগসমূহ চালু করলেন

प्रविष्टि तिथि: 27 JUN 2026 2:32PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭ জুন ২০২৬

 

 

ভারতের উপরাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৬ উদযাপন অনুষ্ঠানে যোগদান করেন। সমাবেশে ভাষণে তিনি বলেন, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) শুধুমাত্র একটি অর্থনৈতিক বিভাগ নয়, বরং তার চেয়েও অনেক বেশি কিছু। এটি প্রথম প্রজন্মের উদ্যোক্তাদের সাহস, তরুণদের আকাঙ্ক্ষা, মহিলা উদ্যোক্তাদের দৃঢ়সংকল্প এবং লক্ষ লক্ষ ছোট ব্যবসার সহনশীলতার প্রতীক। তিনি আরও বলেন যে, একটি প্রাণবন্ত ও গতিশীল এমএসএমই ক্ষেত্রের মাধ্যমেই ভারতের 'বিকশিত ভারত @২০৪৭'-এর যাত্রা চালিত হবে।

 

নিজের উদ্যোক্তা জীবনের কথা বলতে গিয়ে উপরাষ্ট্রপতি বলেন যে, স্নাতক শেষ করার পর তিনি বাবার আর্থিক সহায়তায় একটি ছোট পোশাকের ব্যবসা শুরু করেন। শুরুর দিকের প্রতিকূলতার কথা স্মরণ করে তিনি বলেন, অধ্যবসায়, ক্রমাগত শেখা এবং কঠোর পরিশ্রম তাকে জনজীবনে প্রবেশের আগেই একটি শীর্ষস্থানীয় নিটওয়্যার রপ্তানি ব্যবসা গড়ে তুলতে সক্ষম করেছিল। তিনি তরুণ উদ্যোক্তাদের প্রাথমিক সীমাবদ্ধতায় কখনও নিরুৎসাহিত না হতে এবং নিজেদের পেশা শেখার জন্য আন্তরিকভাবে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান।

 

কয়ার বোর্ডের চেয়ারম্যান হিসেবে তাঁর কার্যকালের কথা স্মরণ করে শ্রী সি পি রাধাকৃষ্ণন বলেন, এই ক্ষেত্র সম্পর্কে তাঁর পূর্ব জ্ঞান খুব কম ছিল, কিন্তু তিনি এই শিল্পের প্রতিটি দিক বোঝার জন্য নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করেছিলেন। তিনি বলেন, রপ্তানিকারকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এবং উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এই ক্ষেত্রটি উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন করেছে। তিনি বলেন, "আপনি যদি কিছু অর্জন করার সিদ্ধান্ত নেন, কঠোর পরিশ্রম করেন এবং আপনার ক্ষেত্র সম্পর্কে সবকিছু শিখে নেন, তবে সাফল্য অবশ্যই আসবে।"

 

গুণমানের গুরুত্বের ওপর জোর দিয়ে উপরাষ্ট্রপতি বলেন, গুণমানের মানদণ্ডের সঙ্গে কোনো আপোস করা যাবে না। তিনি বলেন, গুণমানের বিনিময়ে খরচ কমানো কখনোই উচিত নয়। তিনি বলেন, "প্রতিযোগীদের চেয়ে উন্নত গুণমান এবং উন্নততর পরিষেবা বজায় রেখে খরচ কমানোর মধ্যেই প্রকৃত সাফল্য নিহিত।" তিনি আরও বলেন যে, ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে ব্যবসা টিকিয়ে রাখার চাবিকাঠি হলো গুণমান।

 

এই ক্ষেত্রে আরও গতিশীলতা আনার আহ্বান জানিয়ে উপরাষ্ট্রপতি বলেন, প্রতিটি ক্ষুদ্র উদ্যোগের ছোট উদ্যোগে পরিণত হওয়ার আকাঙ্ক্ষা থাকা উচিত এবং প্রতিটি ছোট উদ্যোগের মাঝারি উদ্যোগে পরিণত হওয়া উচিত। তিনি বলেন, কুটির শিল্প হিসেবে শুরু করা উদ্যোক্তাদের তাদের কর্মজীবনের পুরোটা সময় একই স্তরে থাকা উচিত নয়। এই রূপান্তরকে সহজতর করার জন্য তিনি পর্যাপ্ত বিনিয়োগ, নীতিগত সহায়তা এবং অর্থায়নের সহজলভ্যতার গুরুত্বের ওপরও জোর দেন।

 

উপরাষ্ট্রপতি এমএসএমই মন্ত্রককে এমএসএমই-এর সার্বজনীন নিবন্ধনকে উৎসাহিত করার জন্য অনুরোধ করেন এবং বলেন যে উন্নত নিবন্ধন তথ্যের মান উন্নত করবে এবং এই ক্ষেত্রের প্রকৃত চাহিদার উপর ভিত্তি করে আরও কার্যকর নীতি প্রণয়নে সক্ষম করবে।

 

এ বছরের রাষ্ট্রসংঘের মূল ভাবনা, "কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত ভবিষ্যতে মানব-কেন্দ্রিক উদ্যোক্তা"-এর কথা উল্লেখ করে শ্রী সি পি রাধাকৃষ্ণন বলেন, প্রযুক্তিগত পরিবর্তনকে হুমকি হিসেবে না দেখে সুযোগ হিসেবে দেখা উচিত। কম্পিউটার চালুর সময় যে আশঙ্কাগুলো দেখা দিয়েছিল তা স্মরণ করে তিনি বলেন, প্রযুক্তি শেষ পর্যন্ত নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। গঠনমূলকভাবে গ্রহণ করা হলে কৃত্রিম বুদ্ধিমত্তা একইভাবে উন্নয়নের নতুন পথ তৈরি করবে বলে তিনি তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন ।

 

খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের (কেভিআইসি) অবদানের প্রশংসা করে শ্রী সি পি রাধাকৃষ্ণন বলেন, সংস্থাটি মধু উৎপাদন এবং খাদি পোশাকের মতো ক্ষেত্রগুলিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। তিনি বলেন, খাদি যদিও গান্ধীবাদী আদর্শ থেকে অনুপ্রেরণা গ্রহণ করে, বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকে থাকার জন্য একে অবশ্যই ভোক্তাদের পরিবর্তনশীল পছন্দ এবং প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে ক্রমাগত খাপ খাইয়ে নিতে হবে।

 

এই অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনকে (এনএসআইসি) 'এ' তফসিলভুক্ত সংস্থা হিসেবে উন্নীত হওয়ায় অভিনন্দন জানান। তিনি পিএমইজিপি ২.০ পোর্টাল, সমাধান ২.০ পোর্টাল, প্রকিউরমেন্ট অ্যান্ড মার্কেটিং সাপোর্ট (পিএমএস) ২.০ পোর্টাল, এমএসএমই গ্লোবাল মার্ট ২.০ পোর্টাল, টেস্টিং সেন্টার পোর্টাল এবং এমএসএমই মন্ত্রকের বহুভাষিক সক্ষমতা উদ্যোগেরও উদ্বোধন করেন। এমএসএমই আইডিয়া হ্যাকাথন ৬.০-এরও উদ্বোধন করা হয়। উপরাষ্ট্রপতি আত্মনির্ভর ভারত (এসআরআই) তহবিল এবং প্রধানমন্ত্রী বিশ্বকর্মা (পিএমভি) প্রকল্পের ওপর ই-বুক প্রকাশ করেছেন এবং খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের (কেভিআইসি) নতুন পণ্যগুলির উদ্বোধন করেছেন।

 

অনুষ্ঠানে কেন্দ্রীয় এমএসএমই মন্ত্রী শ্রী জিতন রাম মাঞ্জি, এমএসএমই প্রতিমন্ত্রী সুশ্রী শোভা করন্দলাজে, কেভিআইসি-র চেয়ারম্যান শ্রী মনোজ কুমার, এমএসএমই মন্ত্রকের সচিব শ্রী ভারত খেরা, মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক, শিল্পপতি এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

 

 

SC/PM/AS


(रिलीज़ आईडी: 2278416) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Odia , Tamil , Telugu , Malayalam