শিল্পওবাণিজ্যমন্ত্রক
ভারত-বৃটেন সিইটিএ-এর সুবিধা সর্বোচ্চ মাত্রায় করতে ভারতে ১,০০০ উপদেষ্টা কর্মী মোতায়েনের ঘোষণা কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের
प्रविष्टि तिथि:
26 JUN 2026 6:46PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬ জুন ২০২৬
বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ভারত-যুক্তরাজ্য সিইটিএ-র সুবিধা সর্বোচ্চ মাত্রায় কাজে লাগাতে ব্যবসায়ীদের সহায়তা করার লক্ষ্যে সারা ভারত জুড়ে ১,০০০ পরামর্শদাতা কর্মী মোতায়েনের ঘোষণা করেছেন।
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল চুক্তির সর্বোচ্চ সুবিধা গ্রহণে ব্যবসায়ীদের সাহায্য করতে দেশজুড়ে ১,০০০ উপদেষ্টা কর্মী নিয়োগ এবং ট্রেড পোর্টালের আধুনিকীকরণের কথা ঘোষণা করেছেন।
শ্রী গোয়েল আজ লন্ডনে দশম বার্ষিক বৃটেন-ভারত সপ্তাহ চলাকালীন একাধিক উচ্চ-পর্যায়ের কর্মসূচতে অংশগ্রহণ করেন। তিনি আগামী ১৫ জুলাই ২০২৬-এ কার্যকর হতে চলা ভারত-বৃটেন ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি (সিইটিএ) থেকে উদ্ভূত সুযোগগুলির উপর আলোকপাত করেন।
ভারতের এযাবৎকালের সবচেয়ে ব্যাপক মুক্ত বাণিজ্য চুক্তি হিসেবে, ভারত ও বৃটেন সিইটিএ-র মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য বার্ষিক ২৫.৫ বিলিয়ন পাউন্ড বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে।
ইন্ডিয়া গ্লোবাল ফোরাম ক্যাপিটাল ফ্রন্টিয়ার্স ফোরামে ভাষণে শ্রী গোয়েল বলেন, ভারত-বৃটেন অংশীদারিত্ব প্রচলিত বাণিজ্যের বাইরে গিয়ে প্রযুক্তি, সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা , গুরুত্বপূর্ণ খনিজ, প্রতিরক্ষা এবং পরিচ্ছন্ন শক্তির মতো কৌশলগত ক্ষেত্রগুলিকেও অন্তর্ভুক্ত করেছে। তিনি বলেন, এই বিকশিত অংশীদারিত্ব দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগের ক্রমবর্ধমান গভীরতা এবং বৈচিত্র্যকে প্রতিফলিত করে।
ভারতীয় হাই কমিশন এবং ফিকি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে, মন্ত্রী বৃটেন সফরে আসা বৃহত্তম এবং ভৌগোলিকভাবে সবচেয়ে বৈচিত্র্যময় ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলকে স্বাগত জানান। এই প্রতিনিধিদলে টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরগুলিতে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য অংশগ্রহণের পাশাপাশি প্রথমবারের মতো সফর করছেন এমন বেশ কয়েকজন রপ্তানিকারকও ছিলেন।
ভারতীয় পেশাদারদের জন্য ভারত-বৃটেন সিইটিএ-র সুবিধাগুলি তুলে ধরে শ্রী গোয়েল বলেন, এই চুক্তিটি বৃটেনে কর্মরত যোগ্য ভারতীয় পেশাদারদের সামাজিক সুরক্ষা বাবদ অর্থ প্রদান থেকে পাঁচ বছরের জন্য অব্যাহতি দেয়। তাদের এই সঞ্চয় তারা ভারতে সুদ-সহ, করমুক্ত প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন।
মন্ত্রী অর্থনৈতিক অংশীদারিত্ব শক্তিশালী করার গুরুত্বের উপরও জোর দেন এবং বার্মিংহাম-গুজরাট ও ম্যানচেস্টার-মহারাষ্ট্র সহ অঞ্চল-থেকে-অঞ্চল সংযোগগুলিকে ভবিষ্যতের দ্বিপাক্ষিক বৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে তুলে ধরেন।
বিশ্বের দ্রুততম উন্নয়নশীল প্রধান অর্থনীতি হিসেবে ভারতের উত্থানের ওপর জোর দিয়ে শ্রী গোয়েল ব্যবসায়ীদের আত্মবিশ্বাসের সঙ্গে ‘ব্র্যান্ড ইন্ডিয়া’ তুলে ধরতে, উৎপাদন, পরিষেবা এবং উদ্ভাবনে দেশের শক্তিকে কাজে লাগাতে এবং যুক্তরাজ্যের ব্যবসার সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব গড়ে তুলতে উৎসাহিত করেছেন। তিনি বলেন, ভারত-বৃটেন সিইটিএ বাজারে প্রবেশাধিকার বাড়াবে, ভারতীয় উদ্যোগগুলির প্রতিযোগিতামূলক ক্ষমতা উন্নত করবে, পেশাদারদের জন্য বৃহত্তর গতিশীলতা সহজতর করবে এবং পণ্য, পরিষেবা ও বিনিয়োগ জুড়ে নতুন সুযোগ তৈরি করবে।
শ্রী গোয়েল বলেন, বর্তমান ভারত আস্থা, প্রতিভা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং একটি স্থিতিশীল পরিবেশের প্রতিনিধিত্ব করে। তিনি জোর দিয়ে বলেন যে, ভারতের টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং সম্প্রসারিত বিশ্বব্যাপী সংযোগ থেকে উদ্ভূত সুযোগগুলি ব্যবসায়ীদের গ্রহণ করা উচিত।
মন্ত্রী আরও বলেন, ভারত-বৃটেন অংশীদারিত্বে উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি ভারতীয় ব্যবসাগুলিকে অগ্রণী ভূমিকা পালন করতে, আন্তর্জাতিক মানের মানদণ্ড গ্রহণ করতে এবং বৃটেনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার করার পাশাপাশি বিশ্বব্যাপী ‘ব্র্যান্ড ইন্ডিয়া’ তুলে ধরতে উৎসাহিত করেন। তিনি দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের আকাঙ্ক্ষায় অবদান রাখার ক্ষেত্রে ভারতীয় উদ্যোগগুলির ভূমিকার ওপরও গুরুত্ব আরোপ করেন।
SC/PM/AS
(रिलीज़ आईडी: 2278410)
आगंतुक पटल : 3