কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক
azadi ka amrit mahotsav

ইন্দোরে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির কৃষিমন্ত্রীদের সম্মেলনে নতুন সঙ্কল্প

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিয়েছেন

प्रविष्टि तिथि: 12 JUN 2026 2:38PM by PIB Agartala

নয়াদিল্লি, ১২ জুন, ২০২৬

 

মধ্যপ্রদেশের বাণিজ্যিক রাজধানী ইন্দোরে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির কৃষিমন্ত্রীদের দু’দিনের সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধনী ভাষণে কেন্দ্রীয় কৃষি, কৃষককল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান কৃষিক্ষেত্রে ভারতের সাফল্য এবং আন্তর্জাতিক সহযোগিতায় এ দেশের অঙ্গীকারের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আন্তর্জাতিক কৃষিক্ষেত্রে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে। ‘বসুধৈব কুটুম্বকম’ – সমগ্র বিশ্বকে অভিন্ন পরিবারের ভাবনায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী শ্রী রামনাথ ঠাকুরও উপস্থিত ছিলেন।

শ্রী চৌহান বলেন, বিশ্বজুড়ে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের বিভিন্ন সমস্যার সমাধানে এই সম্মেলন সহায়ক হবে। ক্ষুদ্র কৃষকদের কল্যাণ ও ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। তাঁরা যদি আর্থিকভাবে শক্তিশালী হন এবং নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করতে সমর্থ হন, তাহলে বিশ্বের খাদ্য নিরাপত্তার ব্যবস্থাপনা আরও শক্তিশালী হয়ে উঠবে। গত এক দশকে ভারতের কৃষিক্ষেত্রের বার্ষিক উন্নয়নের হার প্রায় ৪.৫ শতাংশ ছিল। এ দেশে খাদ্যশস্যের উৎপাদন প্রায় ৩৭ কোটি ৬০ লক্ষ টনে পৌঁছেছে। মন্ত্রী বলেন, বিশ্বের বৃহত্তম খাদ্য নিরাপত্তা কর্মসূচি ভারতে বাস্তবায়িত হচ্ছে। কৃষি-ভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে কৃষকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তাঁদের অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের ফলে নানা ধরণের সাফল্য অর্জিত হয়েছে। দেশের মোট কর্মশক্তির ৪৩ শতাংশ কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত। এ দেশের ৮৭ শতাংশ কৃষকই প্রান্তিক ও ক্ষুদ্র চাষি।

শ্রী চৌহান সুস্থায়ী কৃষিকাজের প্রসঙ্গ উল্লেখ করে প্রাকৃতিক পদ্ধতিতে কৃষিকাজের প্রয়োজনীয়তার কথা বলেন। মাটির স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে সুষমভাবে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। এই প্রসঙ্গে তিনি মধ্যপ্রদেশ থেকে দেশব্যাপী ‘খেত বাঁচাও অভিযান’ কর্মসূচি সূচনার প্রসঙ্গ উল্লেখ করেন। কৃষিকাজ এবং গ্রামোন্নয়নে মহিলাদের অংশগ্রহণের গুরুত্বের কথাও উল্লেখ করেন তিনি। ভারতের গ্রামাঞ্চলে ড্রোন দিদি উদ্যোগের মাধ্যমে মহিলারা কৃষিক্ষেত্রে ব্যবহৃত আধুনিক প্রযুক্তিকে কাজে লাগাতে পারছেন। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির কৃষিমন্ত্রীদের কাছে তিনি আরও সহযোগিতার আহ্বান জানান। এই সম্মেলনে বিভিন্ন অভিজ্ঞতার আদান-প্রদানের মধ্য দিয়ে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2272230) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Tamil , Kannada , Malayalam