প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ৫ জুন সুরাত এবং দমন সফরে যাবেন
प्रविष्टि तिथि:
04 JUN 2026 10:03AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৪ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৫ জুন, ২০২৬-এ গুজরাত এবং দমন সফর করবেন। দুপুর ২:৩০ নাগাদ প্রধানমন্ত্রী সুরাত জেলার হাজিরায় যাবেন এবং সেখানকার চলতি শিল্প সংক্রান্ত কাজকর্ম এবং পরিকাঠামো প্রকল্প কাজের পর্যালোচনা করবেন। বিকেল ৪:১৫ নাগাদ প্রধানমন্ত্রী সুরাতে প্রায় ১৮,৮০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশে উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সমাবেশে ভাষণও দেবেন তিনি।
প্রধানমন্ত্রী এর পর সন্ধে ৬:১৫ নাগাদ দমন সফর করবেন। সেখানে নমো বিমান বন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। এর পরে দমনে নমো হাসপাতাল জাতির উদ্দেশে উৎসর্গ করবেন তিনি। সন্ধে ৭:১৫ নাগাদ প্রধানমন্ত্রী দমনে প্রায় ২,৯৭০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, উৎসর্গ ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের জন্য প্রায় ৮৮৫ কোটি টাকা মূল্যের চারটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। ভাষণও দেবেন সমাবেশে।
প্রধানমন্ত্রী সুরাতে সড়ক, বিদ্যুৎ এবং শিল্প ক্ষেত্রে ১৮,৮০০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বদোদরা-মুম্বাই এক্সপ্রেসওয়ের ৬ এবং ৭ পর্যায়ের কাজ জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এর ফলে, গুজরাত এবং মহারাষ্ট্রের মধ্যে দ্রুত গতির পরিবহণ, লজিস্টিক্স কার্যকারিতা ও অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধি পাবে। তিনি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যার মধ্যে আছে ৫৬ নম্বর জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ অংশের চার লেন করার কাজ। এতে উপজাতি অধ্যুষিত অঞ্চলে যোগাযোগ বৃদ্ধি পাবে ও স্ট্যাচু অফ ইউনিটিতে যাওয়া সহজ হবে।
প্রধানমন্ত্রী সুরাতে ২২০ শয্যার ইএসআইসি হাসপাতালের উদ্বোধন করবেন। এই হাসপাতালে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের পরিষেবা পাওয়া যাবে, থাকবে সেন্ট্রাল ল্যাবরেটরি এবং প্রয়োজনীয় আনুষঙ্গিক পরিষেবা। এখানে ২৪x৭ জরুরি ও ট্রমা কেয়ার বিভাগ থাকবে, সময়মতো জরুরি চিকিৎসা পরিষেবার জন্য। প্রধানমন্ত্রী গুজরাতে ট্রান্সমিশন নেটওয়ার্ক এক্সপ্যানশন সহ শিল্প পরিকাঠামো প্রকল্প ও জরুরি প্রয়োজনীয় ব্যবস্থার উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী গুজরাত সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগেরও উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী দমনে প্রায় ২,৯৭০ কোটি টাকার মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, উৎসর্গ ও শিলান্যাস করবেন। এর মধ্যে আছে স্বাস্থ্য পরিষেবা, অসামরিক বিমান পরিবহণ, পর্যটন পরিকাঠামো, যোগাযোগ এবং জনকল্যাণ। এতে আশাকরা যায় কেন্দ্রশাসিত দাদরা ও নগরহাভেলি এবং দমন ও দিউ-এর সার্বিক উন্নয়নে গতি আসবে।
প্রধানমন্ত্রী দমনে অন্যান্য বিষয় ছাড়াও নমো বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন এবং নমো হাসপাতালের উদ্বোধন ও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এর জন্য খরচ হবে ১,৩৪০ কোটি টাকা। নতুন টার্মিনাল ভবনের ফলে আঞ্চলিক বিমান যোগাযোগের উল্লেখযোগ্যভাবে উন্নতি হবে এবং অর্থনৈতিক বৃদ্ধির সুবিধা হবে। দমন জেলার জেলা হাসপাতাল নমো হাসপাতালটিতে প্রতিদিন প্রায় ১,৫০০ বহির্বিভাগীয় রোগীর চিকিৎসা হবে এবং মানুষের গুণমান সম্পন্ন স্বাস্থ্য পরিষেবার সুযোগ বৃ্দ্ধি ঘটবে।
প্রধানমন্ত্রী ১,৬৩০ কোটি টাকা মূল্যের প্রকল্পের শিলান্যাস করবেন। এর মধ্যে আছে একটি চোখ ধাঁধানো সেতু, দমন কনভেনশন সেন্টার এবং এনআইএফটি ক্যাম্পাস। এতে আধুনিক পরিকাঠামো জোরালো হবে, পর্যটন বৃদ্ধি পাবে, লগ্নি বাড়বে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং মানুষের জীবনযাপনের মানের উন্নতি হবে।
প্রধানমন্ত্রী কেন্দ্রশাসিত লাক্ষাদ্বীপে প্রায় ৮৮৫ কোটি টাকা মূল্যের গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করবেন। এর মধ্যে আছে কালপেনি দ্বীপ এবং কাদমাত দ্বীপের পূর্ব এবং পশ্চিম দিকে বন্দর নির্মাণ। এই বহুমুখী বন্দরগুলি তৈরি হলে সারা বছর বড় বড় যাত্রীবাহী জাহাজ আসা-যাওয়া করতে পারবে। ৩০০ মিটার লম্বা ক্রুজ এখানে ভিড়তে পারবে। এই প্রকল্পগুলির ফলে যাত্রী এবং পণ্য পরিবহণ সুরক্ষিত ও কার্যকরী হবে। এছাড়া মাছ ধরা, জ্বালানি বিতরণ, বরফ সরবরাহ এবং নৌকো মেরামতের সুবিধা হবে। এই উদ্যোগে সমুদ্রে যোগাযোগ জোরালো হবে, স্থানীয় মৎস্যজীবীদের জীবনজীবিকার সুরাহা হবে, পর্যটনের প্রসার ঘটবে এবং দ্বীপগুলির আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব হবে।
SC/AP/SKD
(रिलीज़ आईडी: 2268935)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam