স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
azadi ka amrit mahotsav

নিয়ন্ত্রণবিধিকে শক্তিশালী করতে এবং অপ ব্যবহার রুখতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রেগাবালিনকে তপশিল এইচ ওয়ানের অধীন নিয়ে এল

পোস্ট করার দিনক্ষণ: 22 MAY 2026 10:30AM by PIB Agartala

নয়াদিল্লি, ২২ মে, ২০২৬

 


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক প্রেগাবালিন ওষুধকে তফশিল এইচ ওয়ানের অধীন নিয়ে এসেছে। ১৩ মে ২০২৬ গেজেট বিজ্ঞপ্তি মোতাবেক ড্রাগস রুলস ১৯৪৫-এর তফশিল এইচ ওয়ানের অধীন এই অন্তর্ভুক্তি ২০ মে ২০২৬ ইন্ডিয়া এক্সট্রাঅর্ডিনারি গেজেটে প্রকাশিত হয়েছে।

বিশেষত তরুণ সম্প্রদায়ের মধ্যে প্রেগাবালিনের অপব্যবহার নিয়ে কয়েকটি রাজ্য থেকে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেগাবালিন নামক এই ওষুধটি দীর্ঘস্থায়ী ব্যথা, স্নায়ুরোগ, ফাইব্রোমায়ালজিয়া এবং কয়েকটি স্নায়ুবিক রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। তবে, রিপোর্টে প্রকাশ যে বহুক্ষেত্রেই এই ওষুধের অপব্যবহার হতো এবং ব্যথার উপশম হিসেবে কারণে অকারণে এই ওষুধের ব্যবহারে শরীরে ক্ষতিকারক প্রভাব পড়তো। সাম্প্রতিককালে বেআইনীভাবে মজুত করা প্রেগাবালিন দেশের নানা প্রান্ত থেকে আটক করা হয়েছে।

এই বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রেগাবালিন এখন থেকে তফশিল এইচ ওয়ানের অধীন কঠোর নিয়ন্ত্রণবিধির আওতায় আসবে। এতদিন পর্যন্ত এটা ড্রাগস অ্যান্ড কসমেটিক রুলস ১৯৪৫-এর অধীন তফশিল এইচ এর আওতায় ছিল।

তফশিল এইচ ওয়ানের সতর্কতা হিসেবে সুনির্দিষ্ট উল্লেখ রয়েছে, ডাক্তারের পরামর্শ ছাড়া তা ব্যবহার বিপজ্জনক। পরিবর্তিত শ্রেণী বিন্যাসের বাধ্যবাধকতায় প্রেগাবালিন এখন থেকে ডাক্তারের বৈধ প্রেসক্রিপশানের মাধ্যমে পাওয়া যাবে। খুচরো বিক্রেতাদের এই ওষুধ বিক্রির ব্যাপারে ডাক্তারের প্রেসক্রিপশান এবং ওষুধ বিক্রি নিয়ে পৃথক রেজিস্ট্রারে উল্লেখ রাখতে হবে। এছাড়াও এই ওষুধ প্রস্তুতকারককে ওষুধের প্যাকেটে তফশিল এইচ ওয়ানের অধীন ওষুধের সতর্কবার্তার উল্লেখ করতে হবে। নিয়ম লঙ্ঘন করা হলে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট ১৯৪০-এর অধীন তা শাস্তিযোগ্য অপরাধ।

দেশজুড়ে সরবরাহ শৃঙ্খল বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রকে দৃঢ় করতে এবং অবৈধ বিক্রি বন্ধ ও বেআইনী চোরাচালান রোধের পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষার দিকে তাকিয়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ওষুধ প্রস্তুতকারক, ডিস্ট্রিবিউটার, হোলসেল বিক্রেতা, খুচরো বিক্রেতা, ওষুধ বিক্রির দোকান সহ সমস্ত অংশীদারদের বিজ্ঞপ্তি মোতাবেক এই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

ই গেজেটটি দেখতে নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করুন https://egazette.gov.in/(S(rqa3ekkjb0kpe5pwg0vwdyg4))/ViewPDF.aspx

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2264202) ভিজিটরদের কাউন্টার : 5
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam