কৃষিমন্ত্রক
ভূবনেশ্বরে পূর্বাঞ্চলীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি
প্রকাশিত:
19 MAY 2026 3:57PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ মে ২০২৬
ভূবনেশ্বরে আজ পূর্বাঞ্চলীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী ও কৃষক কল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান এবং ওড়িশার মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ মাঝি। ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের প্রতিনিধিরা এই সম্মেলনে পূর্ব ভারতে কৃষি ক্ষেত্রের রূপান্তরের মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করছেন।
ডাল ও তৈলবীজ উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র কৃষকদের যৌথ কৃষিকাজ, প্রাকৃতিক চাষ, বাগিচা চাষ, কৃষি ঋণ, বিপণন, ভুয়ো কৃষি উপকরণের রমরমা ঠেকানোর পাশাপাশি কৃষকদের উপার্জন বৃদ্ধি নিয়ে সেখানে আলোচনা হচ্ছে।
উদ্বোধনী অধিবেশনে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান বলেন, এই সম্মেলন থেকে পূর্ব ভারতে কৃষি ক্ষেত্রে নতুন কৌশলগত দিশা নির্দেশ করা জরুরি। এই অঞ্চল ভারতীয় কৃষি ক্ষেত্রের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠতে পারে।
দেশের খাদ্য নিরাপত্তায় কৃষকদের ভূমিকার কথা তুলে ধরে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আরও বলেন, তাঁদের পণ্যের ন্যায্য দাম পাওয়া নিশ্চিত করা, ক্ষয়ক্ষতি কমানো এবং কৃষি ক্ষেত্রে বৈচিত্র্য নিয়ে আসা এই সময়ের দাবি। পূর্ব ভারতে যেহেতু কৃষকদের মাথা পিছু জমির পরিমাণ কম, সেজন্য যৌথ কৃষিকাজ বিশেষ কার্যকর হতে পারে বলে তিনি মনে করিয়ে দেন। পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতির গুরুত্ব উল্লেখ করেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী।
শিবরাজ সিং চৌহান জানান, ১ জুন থেকে দেশ জুড়ে শুরু হবে ‘ক্ষেত বাঁচাও অভিযান’- যার লক্ষ্য, সারের ভারসাম্য যুক্ত ব্যবহার, মাটির উর্বরতা বজায় রাখা, প্রযুক্তির প্রয়োগ, সরকারি প্রকল্প সম্পর্কে কৃষকদের সচেতন করে তোলা ইত্যাদি। ভর্তুকিযুক্ত সার কৃষি ছাড়া অন্য কাজে ব্যবহৃত হওয়া উচিত নয় বলে তিনি মনে করিয়ে দেন। নিম্ন গুণমানসম্পন্ন সার ও কীটনাশক বিক্রির প্রবণতা দূর করতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
ডাল এবং তৈলবীজ উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিয়ে শ্রী চৌহান বলেন, পুর্ব ভারত এইসব কৃষিজ পণ্য উৎপাদনে দেশকে স্বনির্ভর করে তুলতে পারে। এক্ষেত্রে সরকারি সহায়তা আরও জোরদার করার কথা বলেন তিনি।
কৃষকদের সার্বিক কল্যাণে ‘কৃষক আইডি’ ব্যবস্থাপনা বিশেষ গুরুত্বপূর্ণ বলে কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেছেন। এর মাধ্যমে কৃষকদের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া এবং তাঁদের সম্পর্কে অভিন্ন মঞ্চে তথ্য সন্নিবেশের মাধ্যমে সামগ্রিক প্রক্রিয়াকে আরও দক্ষ করে তোলা সম্ভব বলে তিনি উল্লেখ করেছেন।
সম্মেলনে তাঁর ভাষণে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ওই রাজ্যে কৃষি ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরেন।
অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করেন রাজ্যের মন্ত্রী শ্রী অশোক কীর্তনিয়া। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী শ্রী ভগীরথ চৌধুরী এবং শ্রী রামনাথ ঠাকুর, ওড়িশার উপমুখ্যমন্ত্রী তথা কৃষিমন্ত্রী শ্রী কনক বর্ধন সিংদেও, বিহারের কৃষিমন্ত্রী শ্রী বিজয় কুমার সিনহা, ছত্তিশগড়ের কৃষিমন্ত্রী শ্রী রামবিচার নেতাম প্রমুখ।
SC/AC/NS….
(রিলিজ আইডি: 2262939)
ভিজিটরের কাউন্টার : 3