বস্ত্রমন্ত্রক
ভারতের বস্ত্র পুনর্ব্যবহার নিয়ে সংবাদমাধ্যমে সাম্প্রতিক প্রতিবেদনের খণ্ডন
প্রকাশিত:
14 MAY 2026 10:27AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ মে, ২০২৬
হরিয়ানার পানিপথের মতো এলাকাগুলিতে বস্ত্র পুনর্ব্যবহার কর্মসূচি তুলে ধরে সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা ভারতের বস্ত্র পুনর্ব্যবহার ব্যবস্থার বিভিন্ন অংশের সঙ্গে জড়িত পরিবেশ ও পেশাগত দিকগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে। যে কোনো শিল্প ব্যবস্থায় নিয়ম লঙ্ঘনের বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। তবে, ভারতের বস্ত্রক্ষেত্রকে পরিবেশগতভাবে অবহেলা করে এবং কাঠামোগতভাবে শোষণমূলক হিসেবে চিহ্নিত করা বিভ্রান্তিকর ও পক্ষপাতদুষ্ট।
উল্লেখ করা যেতে পারে যে, ভারতে বিশ্বের অন্যতম বৃহত্তম বস্ত্র পুনর্ব্যবহার নেটওয়ার্ক রয়েছে। বস্ত্রসামগ্রীর পুনর্ব্যবহার এবং নতুন উদ্দেশ্যে ব্যবহারের জন্য দীর্ঘদিনের ভ্যালুচেন রয়েছে। অন্যান্য দেশে যেখানে বস্ত্র বর্জ্য প্রধানত মাটিতে পুঁতে ফেলা হয়, সেখানে ভারতে বস্ত্র বর্জ্যের একটি বড় অংশ পুনর্ব্যবহারের কাজে লাগানো হয়।
ভারতে বস্ত্র বর্জ্য সংক্রান্ত তথ্যপ্রমাণ ধারাবাহিকভাবে এটাই নির্দেশ করে যে, প্রচলিত ধারণার চেয়ে অনেক বেশি পরিমাণে উপাদান পুনরুদ্ধার করা হয়। বস্ত্র মন্ত্রকের ২০২৬ সালের এক সমীক্ষা অনুযায়ী, ভারতে প্রতি বছর ৭,০৭৩ কিলো টন বস্ত্র বর্জ্য উৎপন্ন হয়। এই প্রতিবেদনের তথ্য থেকে দেখা যায় যে, ভারতের পুনর্ব্যবহার শিল্প প্রধানত অভ্যন্তরীণ চাহিদা থেকে চালিত হয়।
ফিকি-র প্রতিবেদন অনুযায়ী, ভারতের বস্ত্র বর্জ্য ব্যবস্থা বর্তমানে বছরে আনুমানিক ২২ হাজার কোটি টাকার অর্থনৈতিক মূল্য তৈরি করে। ভারতে বস্ত্র পুনর্ব্যবহার শুধুমাত্র একটি বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচি নয়, বরং এটি একটি জীবিকা। পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে বস্ত্র পুনর্ব্যবহারের যে ছবি তুলে ধরা হয়, তার সরাসরি ও পরিমাপযোগ্য বিপরীত দিকে রয়েছে আইআইটি দিল্লির গবেষকদের একটি সমীক্ষা। ভারতে বস্ত্র পুনর্ব্যবহার কোনো বিচ্ছিন্ন শাখায় সীমাবদ্ধ নয়। পানিপথ, তিরুপুর, লুধিয়ানা, সুরাট ও অন্যান্য বস্ত্রকেন্দ্রে কয়েক দশক ধরে গড়ে ওঠা একটি বাস্তুতন্ত্র।
বস্ত্র পুনর্ব্যবহার ক্ষেত্রটি পরিবেশগত বিধি, শিল্প কর্মসূচি এবং শ্রমিক কল্যাণ সংক্রান্ত আইন ও নিয়ন্ত্রণ কাঠামো মেনেই পরিচালিত হয়। এছাড়া, পেশাগত সুরক্ষা, কাজের পরিবেশ, সামাজিক সুরক্ষা ও শ্রমকল্যাণের বিষয়েও নজর দেওয়া হয়। ভারতের বস্ত্র পুনর্ব্যবহার ক্ষেত্রের একটি শক্তিশালী অন্তর্নিহিত ভিত্তি রয়েছে। এর বৈশিষ্ট্য হল, প্রতিষ্ঠিত পুনরুদ্ধার পদ্ধতি।
বস্ত্র মন্ত্রক ভারতে টেকসই উন্নয়ন, সম্পদের দক্ষতা এবং অর্থনীতির উন্নয়নের সঙ্গে সঙ্গতি রেখে পরিবেশগতভাবে দায়িত্বশীল ও সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক বস্ত্রক্ষেত্রকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
SC/PM/DM....
(রিলিজ আইডি: 2260950)
ভিজিটরের কাউন্টার : 12