স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ নয়াদিল্লিতে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে সম্ভাব্য বন্যা ও তাপপ্রবাহ মোকাবিলায় দেশের প্রস্তুতি সর্বাঙ্গীণভাবে পর্যালোচনা করেন
প্রকাশিত:
10 MAY 2026 6:47PM by PIB Kolkata
নতুন দিল্লী, ১০ মে ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠকে সম্ভাব্য বন্যা ও তাপপ্রবাহ মোকাবিলায় দেশের প্রস্তুতি সর্বাঙ্গীণভাবে পর্যালোচনা করেন।
বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ বলেন, জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)-এর সহায়তায় জম্মু ও কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ এবং সিকিমের ৩০টি উচ্চ-ঝুঁকিপূর্ণ হ্রদের জন্য আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনায় অন্তত ৬০টি হ্রদকে অন্তর্ভুক্ত করা উচিত। শ্রী শাহ আরও বলেন, বন্যার পূর্বাভাসের জন্য কেন্দ্র ও রাজ্য—উভয় স্তরেই একটি সমন্বিত ব্যবস্থা থাকা প্রয়োজন।
শ্রী অমিত শাহ বলেন, দেশের প্রতিটি রাজ্যে ফ্লাড ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম (এফসিএমটি) গঠন ও সক্রিয় করা উচিত। তিনি বলেন, জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) কর্তৃক দুর্যোগ মোকাবিলার জন্য জারি করা নির্দেশিকাগুলি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং “হোল অব গভর্নমেন্ট” পদ্ধতির বিকাশে সহায়ক হয়েছে। তবে রাজ্য, জেলা এবং পুরসভার স্তরে এই নির্দেশিকাগুলির বাস্তবায়ন পর্যালোচনা করলে তা আরও শক্তিশালী করা সম্ভব হবে। তিনি আরও বলেন, দাবানল, তাপপ্রবাহ এবং বন্যা মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ এবং এনডিএমএ-র নির্দেশিকা কতগুলি রাজ্য অনুসরণ করছে, তা মূল্যায়নের জন্য এনডিএমএ-র একটি সমীক্ষা পরিচালনা করা উচিত।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ‘জিরো ক্যাজুয়ালটি ডিজাস্টার ম্যানেজমেন্ট’-এর লক্ষ্য বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। তিনি বলেন, জল সংরক্ষণ ও চেক ড্যাম নির্মাণ প্রকল্পের মাধ্যমে জল সংরক্ষণ এবং ভূগর্ভস্থ জলের স্তর উন্নয়নের আরও সম্ভাবনা অনুসন্ধান করা উচিত। আমাদের লক্ষ্য হওয়া উচিত নদীগুলিতে চেক ড্যাম নির্মাণের মাধ্যমে জল সংরক্ষণ করা এবং একই সঙ্গে তাপপ্রবাহের প্রভাবও কমিয়ে আনা। তিনি আরও বলেন, পরিবেশগত ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টাকে আরও বহুমাত্রিক করতে ক্যাম্পা (CAMPA) তহবিল ব্যবহার করা উচিত।
শ্রী অমিত শাহ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার ধরণে যে পরিবর্তন ঘটছে এবং তার ফলে বাড়তে থাকা দুর্যোগজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় “হোল অব গভর্নমেন্ট” এবং “হোল অব সোসাইটি” পদ্ধতি গ্রহণ করে একটি মাস্টার প্ল্যান প্রস্তুত করা উচিত। তিনি বৈঠকে উপস্থিত বিভিন্ন মন্ত্রক ও বিভাগের আধিকারিকদের নতুন অ্যাপ ও পোর্টাল তৈরির পরিবর্তে উপলব্ধ অ্যাপ ও পোর্টালগুলিকে একত্রিত ও আরও উন্নত করার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা ব্যাপক এবং কার্যকরভাবে প্রচার করা উচিত।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্ষাকালে প্রাণহানি, আবহাওয়ার নির্ভুল পূর্বাভাসের এবং কৃষিক্ষেত্রে হওয়া ক্ষয়ক্ষতি নিয়ে সমীক্ষা করে আসন্ন বর্ষা সম্পর্কে আমাদের মূল্যায়ন আরও উন্নত করার চেষ্টা করা উচিত।
শ্রী শাহ বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন মন্ত্রক ও বিভাগের কাজ এবং তাদের মধ্যে সমন্বয়ের প্রশংসা করেন। তিনি বলেন,আমাদের আবহাওয়া-সংক্রান্ত পরিকল্পনাগুলি তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার এখনই সময় ।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমাতে প্রস্তুতিমূলক ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। প্রতি বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বন্যা-পূর্ব প্রস্তুতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন এবং তাঁর নির্দেশ অনুসারে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) এবং কেন্দ্রীয় জল কমিশন (সিডব্লিউসি)-এর বৃষ্টিপাত ও বন্যা পূর্বাভাসের অগ্রিম সময়সীমা ৩ দিন থেকে বাড়িয়ে ৭ দিন করা এবং তাপপ্রবাহের পূর্বাভাসের মান আরও উন্নত করা।
বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী সি. আর. পাটিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, বিভিন্ন মন্ত্রকের সচিব ও শীর্ষ আধিকারিকরা, জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)-এর সদস্য ও বিভাগীয় প্রধানরা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর মহাপরিচালকরা, জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) ও কেন্দ্রীয় জল কমিশন (সিডব্লিউসি)-এর চেয়ারম্যানরা, পাশাপাশি ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (এনআরএসসি) এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন।
SC/...
(রিলিজ আইডি: 2259625)
ভিজিটরের কাউন্টার : 3