প্রতিরক্ষামন্ত্রক
ভারত মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেড রি-এন্ট্রি ভেহিকল ব্যবস্থা-সহ উন্নত অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল উড্ডয়ন পরীক্ষা সম্পন্ন করেছে
প্রকাশিত:
09 MAY 2026 4:48PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৯ মে ২০২৬
ভারত ২০২৬ সালের ৮ মে ওড়িশার ড. এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ‘মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেড রি-এন্ট্রি ভেহিকল’ (এমআইআরভি) ব্যবস্থা-সমৃদ্ধ একটি উন্নত অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল উড্ডয়ন-পরীক্ষা সম্পন্ন করেছে। এই ক্ষেপণাস্ত্রটি একাধিক পেলোডসহ পরীক্ষিত হয়, যা ভারত মহাসাগরীয় অঞ্চলের বিশাল ভৌগোলিক এলাকা জুড়ে ছড়িয়ে থাকা ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুকে নিশানা করেছিল।
টেলিমেট্রি এবং ট্র্যাকিং কার্যক্রম একাধিক স্থল ও জাহাজ-ভিত্তিক কেন্দ্রের মাধ্যমে সম্পন্ন করা হয়। এই ব্যবস্থাগুলো ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ মুহূর্ত থেকে শুরু করে সমস্ত পেলোডের লক্ষ্যবস্তুতে আঘাত হানা পর্যন্ত সম্পূর্ণ গতিপথ পর্যবেক্ষণ করেছে। ফ্লাইট-সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছে যে, এই পরীক্ষার সময় অভিযানের সমস্ত উদ্দেশ্য সফলভাবে অর্জিত হয়েছে।
এই সফল পরীক্ষার মধ্য দিয়ে ভারত আবারও একটি একক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে একাধিক কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা প্রদর্শন করল। দেশজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সহায়তায় ডিআরডিও-এর গবেষণাগারগুলোতে এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে। ডিআরডিও-এর বরিষ্ঠ বিজ্ঞানীরা এবং ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা এই পরীক্ষার প্রত্যক্ষদর্শী ছিলেন।
প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং এই সফল ফ্লাইট-টেস্টের জন্য ডিআরডিও, ভারতীয় সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট শিল্পমহলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ক্রমবর্ধমান নিরাপত্তা-ঝুঁকির প্রেক্ষাপটে দেশের প্রতিরক্ষা প্রস্তুতিতে এটি এক অসাধারণ সক্ষমতা যুক্ত করবে।
SC/SB/AS
(রিলিজ আইডি: 2259471)
ভিজিটরের কাউন্টার : 3