প্রধানমন্ত্রীরদপ্তর
জ্বালানি সম্পদ সুরক্ষা নিয়ে ভারত ও কোরিয়ার যৌথ বিবৃতি
প্রকাশিত:
20 APR 2026 10:56PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ এপ্রিল ২০২৬
১. ভারত ও দক্ষিণ কোরিয়া বিশেষ কৌশলগত অংশীদার। এক উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল তাদের অভিন্ন দৃষ্টিভঙ্গী।
২. আমাদের বিশেষ কৌশলগত অংশীদারিত্বের মূল ভিত্তি হল, দীর্ঘমেয়াদী ও বিশ্বস্ত অর্থনৈতিক এবং জ্বালানি সম্পদ বিষয়ক অংশীদারিত্ব। এই অংশীদারিত্ব খোলা বাজার ও নিয়মভিত্তিক বাণিজ্যের প্রতি যৌথ অঙ্গীকারের ওপর প্রতিষ্ঠিত, যা আমাদের সমৃদ্ধি ও অর্থনৈতিক নিরাপত্তার ভিত্তি। বর্তমান সময়ে এই অভিন্ন নীতিগুলির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা এবং শিল্প ও বাজারের ওপর বর্তমান পরিস্থিতির প্রভাব বোঝা একান্ত আবশ্যক।
৩. ভারত-দক্ষিণ কোরিয়া সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ও এই সংক্রান্ত দ্বিপাক্ষিক কাঠামোর মাধ্যমে আমরা আমাদের জ্বালানি সম্পদ বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সহযোগিতাকে আরও নিবিড় করার চেষ্টা করছি। ভারত দক্ষিণ কোরিয়ায় ন্যাপথা ও অন্যান্য পেট্রো ফিডস্টকের প্রধান সরবরাহকারী। আবার ভারতে পেট্রোপণ্য ও লুব্রিকেন্ট বেস অয়েলের এক অগ্রণী সরবরাহকারী হল দক্ষিণ কোরিয়া।
৪. আমরা আঞ্চলিক সহযোগিতা, জ্বালানি রূপান্তর ও জ্বালানি সম্পদের জন্য উন্মুক্ত বাণিজ্য ব্যবস্থার মাধ্যমে জ্বালানি সম্পদ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করে তুলতে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তরল প্রাকৃতিক গ্যাসের অন্যতম প্রধান উপভোক্তা হিসেবে বাজারের স্থিতিশীলতা, স্বচ্ছতা বৃদ্ধি এবং ক্রেতাদের দৃষ্টিভঙ্গী আরও ভালোভাবে প্রতিফলিত করতে আমরা ঘনিষ্ঠতর সহযোগিতার প্রয়োজনীয়তা অনুভব করেছি।
৫. জ্বালানির স্থিতিশীল বাণিজ্যের প্রতি আমাদের যৌথ অঙ্গীকার রয়েছে। উভয় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাহাজ নির্মাণ সহ সুস্থিত সামুদ্রিক পরিকাঠামো গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্বালানি সম্পদের নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিবহণের জন্য আমরা এক শক্তিশালী ও বৈচিত্র্যপূর্ণ জাহাজ নির্মাণ পরিমণ্ডলের প্রয়োজনীয়তা স্বীকার করি।
৬. এই প্রেক্ষাপটে ভারত ও দক্ষিণ কোরিয়ার প্রয়াস হল-
একে অপরের জন্য জ্বালানি সম্পদের সুস্থিত, নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহ বজায় রাখা। ন্যাপথা ও অন্যান্য পেট্রোপণ্যের উন্মুক্ত বাণিজ্য এবং সামগ্রিক জ্বালানি মূল্যশৃঙ্খলে সহযোগিতা এর অন্তর্ভুক্ত।
তরল প্রাকৃতিক গ্যাসের উপভোক্তা দেশগুলির মধ্যে ঘনিষ্ঠতর সহযোগিতা।
জাহাজ নির্মাণ ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা।
৭. নাগরিকদের সুরক্ষা ও সমৃদ্ধির স্বার্থে ভারত ও দক্ষিণ কোরিয়া বিশ্বব্যাপী জ্বালানি সম্পদ সরবরাহ শৃঙ্খল উন্মুক্ত রাখার প্রয়াসে আঞ্চলিক অংশীদারদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।
SC/SD/NS
(রিলিজ আইডি: 2254103)
ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam