কেন্দ্রীয়মন্ত্রিসভা
ইমিগ্রেশন, ভিসা, ফরেনার্স রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং (আইভিএফআইটি) প্রকল্পের মেয়াদ বাড়িয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
প্রকাশিত:
25 MAR 2026 4:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ইমিগ্রেশন, ভিসা, ফরেনার রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং (আইভিএফআইটি) প্রকল্পের মেয়াদ ২০২৬-এর ৩১ মার্চ থেকে আরও ৫ বছর বাড়িয়ে ২০৩১-এর ৩১ মার্চ পর্যন্ত করেছে। বাজেট বরাদ্দ ধরা হয়েছে ১৮০০ কোটি টাকা।
আইভিএফআইটি মঞ্চ ভারতে আসা বিদেশী নাগরিকেদর অভিবাসন, ভিসা প্রদান এবং নিবন্ধনের ক্ষেত্রে সমন্বয়ের ব্যবস্থাপনা। এর ফলে সামগ্রিক প্রক্রিয়াটি অনেক দক্ষ হয়ে ওঠে। সুবিধা হয় বৈধ ভ্রমণার্থীদের। পাশাপাশি জাতীয় নিরাপত্তার দিকটিও নিশ্চিত হয়। ২০১০ সালের ১৩ মে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি এই প্রকল্পে অনুমোদন দেয়। ২০১৪র সেপ্টেম্বর পর্যন্ত এই খাতে বরাদ্দ হয়েছিল ১০১১ কোটি টাকা। ২০১৫ সালে এই প্রকল্পের মেয়াদ আরও বাড়িয়ে ২০১৭ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হয়। বরাদ্দ হয় ৬৩৮.৯০ কোটি টাকা। এর পরে এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় ২০২১-এর ৩১ মার্চ পর্যন্ত। ২০২২-এর ১৯ জানুয়ারি প্রকল্পের মেয়াদ আরও বাড়িয়ে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত করা হয়। বরাদ্দ হয় ১৩৬৫ কোটি টাকা।
আইভিএফআইটি প্রকল্পে প্রযুক্তি প্রয়োগ আরও বাড়িয়ে সামগ্রিক ব্যবস্থাপনাকে আরও দক্ষ করে তোলা হবে। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে উঠে আসা বিভিন্ন চ্যালেঞ্জের কথা ধরলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৫-এর ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট কার্যকর হওয়ার পর আইভিএফআইটি মঞ্চকে আরও দক্ষ করে তোলা কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী অধ্যায়ে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে মূলত ৩টি ক্ষেত্রে : অত্যাধুনিক প্রযুক্তি, মূল পরিকাঠামোর পরিমার্জন এবং প্রযুক্তি ও পরিষেবা সংক্রান্ত ভারসাম্য।
এই প্রকল্পের মাধ্যমে মোবাইল- ভিত্তিক পরিষেবা এবং সেল্ফ-সার্ভিস কিয়স্কেরও সুবিধা পাবেন গ্রাহকরা। ফলে পর্যটন ও বাণিজ্য ক্ষেত্র আরও প্রসারিত হবে।
আইভিএফআরটি-র মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ ছাড়াই প্রয়োজনীয় পরিষেবা পেতে পারেন বিদেশ থেকে আসা ভ্রমণার্থীরা। ভিসা প্রক্রিয়াও মুখাবয়বহীন এবং অনলাইন প্রণালীতে সম্ভব হওয়ায় কাজ সম্পন্ন হয় অনেক দ্রুত। গত ৫ বছরে ই-ভিসা আবেদনের ৯১.২৪ শতাংশ অনুমোদিত হয়েছে ৭২ ঘণ্টার মধ্যে। অভিবাসন চৌকিতে অপেক্ষার সময়ও অনেক কমেছে।
SC/AC/NS…
(রিলিজ আইডি: 2245367)
ভিজিটরের কাউন্টার : 7