রেলমন্ত্রক
যাত্রী স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার বিষয় নিয়ে আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
প্রকাশিত:
20 MAR 2026 4:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ মার্চ, ২০২৬
রেল, তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব যাত্রী স্বাচ্ছন্দ্যের মানোন্নয়নের জন্য আজ রেল ভবনে ঊর্ধ্বতন রেল আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেছেন। এই বৈঠকে যাত্রী ভিড় সামাল দেওয়া, প্রযুক্তি-নির্ভর নজরদারি এবং স্টেশন চত্বরে যাতে যাত্রীরা সহজেই যাতায়াত করতে পারেন, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে যে সংস্কারগুলির প্রস্তাব রাখা হয়েছে সেগুলি প্রথমে নতুন দিল্লি রেল স্টেশনে কার্যকর করা হবে। এরপর, এই অভিজ্ঞতার ভিত্তিতে অন্যান্য স্টেশনেও সেগুলি কার্যকর করা হবে।
নতুন দিল্লি রেল স্টেশনে একটি সর্বাঙ্গীণ কৃত্রিম মেধা-ভিত্তিক নজরদারি ব্যবস্থা কার্যকর করা হবে। প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ ও বাহির পথ এবং আশপাশের অঞ্চলে ক্যামেরা বসানো হবে। পুরো নজরদারি প্রক্রিয়াটি কৃত্রিম মেধার মাধ্যমে পরিচালনা করা হবে। যাঁরা টিকিট কাটবেন, তাঁরাই যাতে স্টেশনে প্রবেশ করতে পারেন তা নিশ্চিত করতে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে।
রেলের বিপুল কর্মীদের মধ্যে সমন্বয় বজায় রাখতে তাঁদের পৃথক পৃথক রঙের পোশাক দেওয়া হবে। যাঁরা সরাসরি রেলকর্মী — তাঁদের জন্য ফ্লুরোসেন্ট জ্যাকেট দেওয়া হবে। ভেন্ডর, স্টেশন সহায়ক, চুক্তি-ভিত্তিক কর্মী এবং আইআরসিটিসি কর্মীদের পৃথক রঙের পোশাক দেওয়া হবে। এঁদের সকলের জন্য পরিচয়পত্রের ব্যবস্থা থাকবে। ঐ পরিচয়পত্রে সংশ্লিষ্ট কর্মীর বিষয়ে যাবতীয় তথ্য নথিভুক্ত থাকবে।
নতুন দিল্লি রেল স্টেশনে দীপাবলি এবং ছট পুজোর মতো উৎসবের মরশুমে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে কিউআর কোড-ভিত্তিক ব্যবস্থাপনার সূচনা করা হবে। এর ফলে, সংরক্ষিত এবং অসংরক্ষিত টিকিট যাঁদের রয়েছে তাঁরা ছাড়াও যেসব যাত্রীর মান্থলি টিকিট আছে, শুধুমাত্র তাঁরাই স্টেশনে ঢুকতে পারবেন। নতুন দিল্লি স্টেশনে পৌঁছনো বা স্টেশন থেকে বের হয়ে নির্ধারিত গন্তব্যে যেসব যাত্রী যাবেন, তাঁদের জন্য RailOne অ্যাপের সঙ্গে ভারত ট্যাক্সি ব্যবস্থাপনাকে যুক্ত করা হবে। এর ফলে স্টেশনের বাইরে অহেতুক হৈ-হট্টগোল এড়ানো সম্ভব হবে। ট্রেন থেকে নেমে যাত্রীরাও একটি ভরসাযোগ্য, স্বচ্ছ পরিবহণ ব্যবস্থা ব্যবহারের সুযোগ পাবেন।
এই বৈঠকে দেশের ৭৬টি রেল স্টেশনের হোল্ডিং এরিয়ার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। অসংরক্ষিত টিকিট কেটে যেসব যাত্রী ট্রেনে উঠবেন, তাঁদের জন্য স্টেশনের বাইরে হোল্ডিং এরিয়ার ব্যবস্থা করা হবে। দিক নির্দেশনা আরও স্পষ্টভাবে করার ব্যবস্থা করা হয়েছে। ট্রেনের আসা-যাওয়া সংক্রান্ত তথ্য প্রদানের ব্যবস্থাপনাও মানোন্নয়ন ঘটানো হচ্ছে। এর মধ্য দিয়ে দেশের ব্যস্ততম রেল স্টেশনগুলিতে যাত্রীরা যাতে নিরাপদে চলাচল করতে পারেন, সেই বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে ভারতীয় রেলের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। প্রযুক্তির সঙ্গে পরিকাঠামোর মানোন্নয়ন ঘটিয়ে লক্ষ লক্ষ রেল যাত্রীকে ভরসাযোগ্য একটি পরিষেবা এর মাধ্যমে প্রদান করা হবে।
SC/CB/DM
(রিলিজ আইডি: 2243073)
ভিজিটরের কাউন্টার : 9