স্বরাষ্ট্র মন্ত্রক
মহিলাদের বিরুদ্ধে অপরাধ মোকাবিলায় গৃহীত পদক্ষেপসমূহ
প্রকাশিত:
10 MAR 2026 3:27PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ মার্চ, ২০২৬
মহিলা এবং শিশুদের উপর সংগঠিত অপরাধের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এ এই প্রথম বিশেষ বিধান রাখা হয়েছে। মহিলাদের উপর অপরাধের ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত সাজা হতে পারে। ১৮ বছরের নীচে মহিলাদের গণধর্ষণের ক্ষেত্রে দোষীর স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত যাবজ্জীবন সাজা বহাল থাকবে। আগে ১২ এবং ১৬ বছরের নীচে মেয়েদের গণধর্ষণের ক্ষেত্রে পৃথক পৃথক আইন ছিল। বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপন, চাকরির ভুয়ো প্রতিশ্রুতি প্রভৃতি ক্ষেত্রেও ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এ একটি নতুন অপরাধকে যুক্ত করা হয়েছে।
বিচার প্রক্রিয়ায় গতি, স্বচ্ছতা ও দক্ষতার উন্নতি ঘটাতে নতুন ফৌজদারি আইনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সমস্ত বিচার প্রক্রিয়া, তদন্ত, অভিযোগকারী ও সাক্ষীর পরীক্ষা, তদন্তে নথিপত্রের পরীক্ষা, নথিপত্রের রেকর্ডিং কিংবা অন্য যে কোনও কিছু ইলেকট্রনিক পদ্ধতিতে বা অডিও-ভিডিও ইলেকট্রনিক পদ্ধতিতে করা যেতে পারে।
মহিলাদের বিরুদ্ধে কিছু কিছু অপরাধের ক্ষেত্রে একজন মহিলা ম্যাজিস্ট্রেট বয়ান গ্রহণ করতে পারবেন। মহিলা ম্যাজিস্ট্রেট না থাকলে, একজন মহিলার উপস্থিতিতে পুরুষ ম্যাজিস্ট্রেট বয়ান গ্রহণ করতে পারবেন। এছাড়া ধর্ষণের ক্ষেত্রে চিকিৎসকদের ৭ দিনের মধ্যে তদন্তকারী অফিসারের কাছে অবশ্যই রিপোর্ট পাঠাতে হবে।
১৫ বছরের নীচে বা ৬০ বছরের ঊর্ধ্বে (আগে ছিল ৬৫ বছর), কিংবা মানসিক বা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি অথবা অত্যন্ত অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে তাঁরা যে জায়গায় বসবাস করেন, সেই জায়গা ছাড়া অন্য কোনও কোথাও হাজির হতে হবে না। এই ধরনের ক্ষেত্রে ওই ব্যক্তি যে থানায় যেতে চান, যেতে পারেন।
লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী বন্দী সঞ্জয় কুমার।
SC/MP/SKD
(রিলিজ আইডি: 2238124)
ভিজিটরের কাউন্টার : 33