পরিবেশওঅরণ্যমন্ত্রক
কুনো জাতীয় উদ্যানে মা চিতা জ্বালা জন্ম দিল পাঁচটি শাবকের; ভারতে চিতার সংখ্যা হল ৫৩, ভারতে জন্ম নেওয়া শাবকের সংখ্যা দাঁড়াল ৩৩
প্রকাশিত:
09 MAR 2026 2:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ মার্চ, ২০২৬
কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপিন্দর যাদব সোমবার জানিয়েছেন যে নামিবিয়ার চিতা জ্বালা এ নিয়ে তৃতীয়বার মা হল। জন্ম দিল পাঁচটি শাবকের।
সামাজিক মাধ্যমে এক্স-এ এক পোস্টে মন্ত্রী বলেছেন, এই নিয়ে ভারতে জন্ম নেওয়া শাবকের সংখ্যা বেড়ে হল ৩৩। দশমবার সফলভাবে চিতার জন্মগ্রহণ হল যা ভারতে চিতা সংরক্ষণের কাজে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
শ্রী যাদব বলেছেন যে প্রোজেক্ট চিতার জন্য এটি একটি গর্বের মুহূর্ত। এই সাফল্যে প্রতিফলিত হচ্ছে পশু চিকিৎসক, ফিল্ড স্টাফ এবং আরও যাঁরা এই কাজের সঙ্গে যুক্ত, তাঁদের একনিষ্ঠ প্রয়াস, দক্ষতা এবং দায়বদ্ধতা। নতুন এই শাবকের জন্মের ফলে ভারতে চিতার সংখ্যা পৌঁছল ৫৩-য়।
বন্যপ্রাণী সংরক্ষণে এটি একটি ঐতিহাসিক এবং হার্দিক উষ্ণতার মুহূর্ত জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করে বলেছেন, জ্বালা এবং তার শাবকেরা ভালোভাবেই বেড়ে উঠবে বলে তাঁর বিশ্বাস এবং এটি ভারতের চিতা সংরক্ষণের কাজকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার চিতা গামিনী দ্বিতীয়বার মা হয়েছে। জন্ম দিয়েছে চারটি শাবকের। এছাড়া ২০২৬-এর ২৮ ফেব্রুয়ারি শ্রী যাদব বতসোয়ানা থেকে পাওয়া ছ’টি মেয়ে এবং তিনটি পুরুষ চিতা ছেড়েছেন মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কের কোয়ারান্টাইন এনক্লোজারে। সেগুলিকে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। নজর রাখা হচ্ছে স্বাস্থ্যের ওপর। এরপর তাদের আস্তে আস্তে ছেড়ে দেওয়া হবে বাইরের জঙ্গলে।
SC/AP/DM
(রিলিজ আইডি: 2237012)
ভিজিটরের কাউন্টার : 5