গ্রামোন্নয়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক, মাই ভারত-এর সহযোগিতায়, আগামীকাল থেকে দেশজুড়ে 'ভিবি-জি রাম জি যুব ডিজিটাল প্রচারাভিযান'-এর সূচনা করবে

প্রকাশিত: 05 MAR 2026 7:56PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৫ মার্চ, ২০২৬

 


কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক, মাই ভারত-এর সহযোগিতায়, আগামীকাল থেকে দেশজুড়ে 'ভিবি-জি রাম জি যুব ডিজিটাল প্রচারাভিযান'-এর সূচনা করবে। এই অভিযানের উদ্দেশ্য হল “বিকশিত ভারত - গ্রামীণ কর্মসংস্থান ও জীবিকা নিশ্চয়তা মিশন (গ্রামীণ)- ভিবি-জি রাম জি আইন, ২০২৫” সম্পর্কে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা। এই অভিযানের নামকরণ করা হয়েছে ‘বিকশিত ভারত-জি রাম জি - যুবশক্তি, পঞ্চায়েতের অগ্রগতি’।

এই উদ্যোগে যুব সমাজকে কেন্দ্রে রেখে ক্যুইজ, ভিডিও চ্যালেঞ্জ ও বিভিন্ন ধরনের সৃজনশীল প্রতিযোগিতায় তাদের যুক্ত করা হয়েছে। যুবসমাজের সক্রিয় অংশগ্রহণে এই উদ্যোগকে দেশব্যাপী ডিজিটাল গণআন্দোলনে রূপান্তরিত করার প্রয়াস চালানো হচ্ছে।

এর অঙ্গ হিসেবে, ৬ মার্চ ২০২৬ (শুক্রবার) 'আমার গ্রামের জন্য ৬০ সেকেন্ড' শিরোনামে জাতীয় স্তরে সংক্ষিপ্ত ভিডিও, রিল বা অ্যানিমেটেড ভিডিও প্রতিযোগিতা শুরু হবে। এর মাধ্যমে তরুণরা গ্রামোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবিকার উন্নয়নে তাদের ভাবনাচিন্তা সৃজনশীলভাবে উপস্থাপন করার সুযোগ পাবেন।

প্রতিযোগিতায় ১৫ থেকে ২৯ বছর বয়সী যুবক-যুবতীরা অংশগ্রহণ করতে পারবেন। তাঁদের যে কোনো ভারতীয় ভাষায় ৩০ থেকে ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করে অনলাইনে MY Bharat পোর্টালে জমা দিতে হবে। একজন প্রতিযোগী একটি ভিডিওই পাঠাতে পারবেন। মোবাইল ফোন, ক্যামেরা বা অ্যানিমেশন টুল ব্যবহার করে ভিডিও তৈরি করা যাবে। 

আইন সম্পর্কিত বিভিন্ন বিষয়, যেমন – এই আইনের উদ্দেশ্য ও মূল বৈশিষ্ট্য, গ্রামীণ কর্মসংস্থান ও জীবিকা নির্বাহে এর সুবিধা, গ্রামোন্নয়ন রূপান্তরসাধনে এর ভূমিকা প্রভৃতি নিয়ে প্রতিযোগীরা তাদের সৃজনশীল ধারনা ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারবেন। এর পাশাপাশি তারা বিকশিত ভারত গঠনে এই আইনের ভূমিকা, ‘আমার গ্রাম আমার ভবিষ্যৎ’ দৃষ্টিভঙ্গি কেন্দ্রিক আত্মনির্ভর ও উন্নত গ্রামের ছবিও তুলে ধরতে পারেন। 

প্রত্যেক অংশগ্রহণকারী একটি ডিজিটাল শংসাপত্র পাবেন। কৃতীদের শংসাপত্র ও অন্যান্য স্বীকৃতি দেওয়া হবে। তারা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী এবং মন্ত্রকের পদস্থ আধিকারিকদের সঙ্গে আলাপচারিতার সুযোগও পাবেন। 

মূল ভাবনা, সৃজনশীলতা, মৌলিকত্ব, প্রযুক্তিগত মান, সামগ্রিক প্রভাব, নির্দেশিকা মেনে চলা সহ বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হবে। 

প্রচারাভিযানে দেওয়া QR কোড স্ক্যান করে, https://bit.ly/4r3Gxhn লিঙ্কে ক্লিক করে, অথবা mybharat.gov.in পোর্টালে গিয়ে আগ্রহীরা প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন।

 


SC/SD/SKD


(রিলিজ আইডি: 2236052) ভিজিটরের কাউন্টার : 56
এই রিলিজটি পড়তে পারেন: हिन्दी , English , Urdu , Marathi , Gujarati , Tamil , Kannada , Malayalam