রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

‘সশক্ত নারী, সমৃদ্ধ দিল্লি’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিলেন রাষ্ট্রপতি

প্রকাশিত: 02 MAR 2026 2:08PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০২ মার্চ, ২০২৬

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ (২ মার্চ, ২০২৬) নতুন দিল্লিতে, দিল্লি সরকার আয়োজিত ‘সশক্ত নারী, সমৃদ্ধ দিল্লি’ শীর্ষক এক অনুষ্ঠানে উপস্থিত হলেন এবং ভাষণ দিলেন। 

অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি বলেন, বর্তমানে মহিলারা প্রত্যেক ক্ষেত্রে সাফল্যলাভ করছে। সেনা হিসেবে তারা দেশের সীমান্ত রক্ষা করছে। বিজ্ঞানী হিসেবে তারা গবেষণাগারে গবেষণা করছে। ক্রীড়া প্রতিযোগিতায় তারা আন্তর্জাতিক মঞ্চে ভারতের পতাকা তুলে ধরছে। তারা পৌঁছচ্ছে সর্ব ক্ষেত্রে নতুন উচ্চতায় – রাজনীতি, সমাজসেবা, প্রশাসন এবং বাণিজ্যে। পড়ুয়াদের মধ্যে কন্যারা বেশি সংখ্যায় সারা দেশে সমাবর্তনে ডিগ্রি এবং পদক পাচ্ছে যা অনুপ্রেরণা দেওয়ার মতো দৃশ্য। তবে এটাও সত্য যে মহিলাদের এখনও হিংসা, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বাধা এবং স্বাস্থ্য সংক্রান্ত অবহেলার শিকার হতে হচ্ছে। মহিলাদের সশক্তিকরণের লক্ষ্য একমাত্র দূর হতে পারে এই বাধাগুলি দূর করলে। একজন মহিলার তখনই প্রকৃত ক্ষমতায়ন হতে পারে, যখন সে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে, আত্মমর্যাদার সঙ্গে জীবন কাটাতে পারে এবং সমান সুযোগ এবং সুরক্ষার সুবিধা পায়। একজন ক্ষমতাপ্রাপ্ত মহিলা শুধু তার নিজের জীবনেরই পরিবর্তন করে তাই নয়, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মেরও দিক বদল করে। 

রাষ্ট্রপতি বলেন, ভারত সরকার মহিলাদের ক্ষমতায়নে একাধিক পদক্ষেপ নিয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা, শিক্ষার প্রসার ঘটাচ্ছে এবং কন্যাদের সুরক্ষা নিশ্চিত করছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ধোঁয়ার হাত থেকে লক্ষ লক্ষ মহিলার স্বাস্থ্য রক্ষা করছে। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা মহিলাদের নিজ কর্মসংস্থানের জন্য ঋণ দিচ্ছে। লাখপতি দিদি যোজনার মতো উদ্যোগগুলি মহিলাদের স্বনির্ভর হওয়ার সুযোগ দিচ্ছে। প্রধানমন্ত্রী মাত্রু বন্দনা যোজনার মতো উদ্যোগগুলি মহিলাদের স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সমস্ত প্রয়াস মহিলাদের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থানের উন্নতি ঘটাচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে, মহিলাদের ক্ষমতায়ন শুধুমাত্র সরকারের একার দায়িত্ব নয়, এটা সমাজের প্রত্যেক সদস্য এবং প্রতিষ্ঠানের দায়িত্ব। মহিলাদের শিক্ষিত করে তোলা, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা এবং তাদের সাহায্য এবং উৎসাহদান আমাদের কর্তব্য। আমাদের মহিলাদের আশ্বস্ত করতে হবে যে, তারা স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন পূরণ করতে পারে এবং আমরা সেই ক্ষেত্রে তাদের পাশে আছি।

রাষ্ট্রপতি বলেন, দিল্লি দেশের রাজধানী। সব রাজ্য এবং অঞ্চলের মানুষ এখানে থাকেন। যদি দিল্লির মহিলারা সুরক্ষিত, শিক্ষিত এবং স্বনির্ভর হয় এবং সমাজের প্রত্যেক ক্ষেত্রে আত্মবিশ্বাসী নেতৃত্ব দিতে পারে তাহলে তা সারা দেশজুড়ে ইতিবাচক বার্তা দেবে। সমগ্র দেশের সামনে নারীর নেতৃত্বে উন্নয়নের উদাহরণ স্থাপন করতে পারে দিল্লি।

রাষ্ট্রপতি বলেন, দিল্লির মহিলাদের পূর্ণমাত্রায় সমৃদ্ধ দিল্লি এবং উন্নত ভারতের লক্ষ্যে অবদান রাখতে হবে। সরকার এবং সমাজ তাদের জন্য উপযুক্ত পরিবেশ দেবে। তাদের এমন একটি পরিবেশ পাওয়া উচিত যেখানে তারা তাদের নিজেদের জীবন সম্পর্কে নিজের সিদ্ধান্ত নিতেই পারবে, কোনো চাপ অথবা ভয় ছাড়াই।

রাষ্ট্রপতির ভাষণটি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন –

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/mar/doc202632808301.pdf


SC/AP/SKD


(রিলিজ আইডি: 2234507) ভিজিটরের কাউন্টার : 10