গ্রামোন্নয়নমন্ত্রক
অমৃত সরোবর মিশনের কাজের অগ্রগতি পর্যালোচনায় উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরহিত্য করেন গ্রামোন্নয়ন সচিব শ্রী শৈলেশ কুমার সিং
প্রকাশিত:
17 MAY 2023 3:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ মে, ২০২৩
অমৃত সরোবর মিশনের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে এবং গুণমান নিশ্চিত করতে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরহিত্য করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব শ্রী শৈলেশ কুমার সিং। অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব এবং সচিব ছাড়াও বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামোন্নয়ন দপ্তরের সচিবরা মিশন অমৃত সরোবরের রাজ্য স্তরের নোডাল আধিকারিকরা ৭০০টিরও বেশি জেলার ডিএম/ডিসি/সিইও এবং জেলা নোডাল আধিকারিকরা বৈঠকে যোগ দেন।
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের সচিব অমৃত সরোবর প্রকল্পের গুণমান নিশ্চিত করতে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষার উপর জোর দেন। এছাড়াও তিনি বিভিন্ন ব্লক স্তরে কাজের উপর বিশেষ গুরুত্ব দেন। যেসব জায়গায় সরোবর তৈরি বা সংস্কার করা হয়েছে, সেখানে কাজের গুণমান খতিয়ে দেখতে মহাত্মা গান্ধী এনআরইজিএস তহবিলের মাধ্যমে সোশ্যাল অডিট দল পাঠানো হবে। এই নমুনাগুলি আবার খতিয়ে দেখবে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা। এছাড়াও, জাতীয় স্তরে পর্যবেক্ষণ করা হবে নির্বাচিত কিছু অমৃত সরোবর পরীক্ষা করে দেখা হবে। পরবর্তীতে এই নিরীক্ষণ কাজের জন্য একটি অ্যাপও তৈরি করা হচ্ছে।
সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আসন্ন বর্ষা মরশুমের আগে ১০ জুন, ২০২৩ তারিখের মধ্যে অমৃত সরোবরের কাজগুলি পর্যবেক্ষণ করে দেখবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী ২০২২ সালের ২৪ এপ্রিল প্রতিটি জেলায় সুসংহত জলের উৎস প্রদানের জন্য এই মিশন অমৃত সরোবরের সূচনা করেন। কমপক্ষে ৭৫টি অমৃত সরোবর নির্মাণ বা সংস্কার করা হবে বলে আশা করা হচ্ছে। জাতীয় স্তরে এই মিশনের নির্দেশিকা অনুযায়ী ৫০ হাজার অমৃত সরোবর তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
এই মিশনটি গ্রামোন্নয়ন দপ্তর; ভূমি রাজস্ব; পানীয় জল ও পয়ঃপ্রণালী বিভাগ; জলসম্পদ বিভাগ; পঞ্চায়েতি রাজ মন্ত্রক; বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, সড়ক পরিবহণ মন্ত্রক, রেল মন্ত্রক সহ বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের সহায়তায় কার্যকর করা হচ্ছে। উল্লেখ্য, এই মিশনকে সফল করে তুলতে জনঅংশীদারিত্ব এবং অসরকারি সংগঠনগুলিকে একত্রিত করার কাজেও উৎসাহ দেওয়া হচ্ছে।
PG/PM/SB
(রিলিজ আইডি: 1925200)
ভিজিটরের কাউন্টার : 192