প্রধানমন্ত্রীরদপ্তর

২০১৯এর এসসিও শিখর সম্মেলেন প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

প্রকাশিত: 14 JUN 2019 3:09PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৪ জুন, ২০১৯

 

কিরঘিজ প্রজাতন্ত্রের মাননীয় রাষ্ট্রপতি ও আজকের এই অনুষ্ঠানে চেয়ারম্যান,

মাননীয় অতিথিবৃন্দ ও বন্ধুগণ,

প্রথমেই আমি এসসিও শিখর সম্মলনের যোগ্য নেতৃত্ব দানের জন্য কিরঘিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি জেনবেকভ-কে অভিনন্দন জানাই। উষ্ণ অভ্যর্থনা ও অতিথিপরায়নতার জন্য ধন্যবাদ। এসসিও নেতাদের মধ্যে এই বৈঠকে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। বিগত দু বছর আগে ভারত এসসিও পূর্ণ সদস্য হয়েছে। এই সংগঠনের সব রকম কাজকর্মের জন্য আমাদের অবদান সর্বদাই সদর্থক।

মাননীয়গণ,

ভারতের ইতিহাস, সংস্কৃতি ও নগরায়ণ হাজার হাজার বছর ধরে এসসিও-র সঙ্গে যুক্ত রয়েছে। আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহণ করিডর, চাবাহার বন্দর, আসগাবত চুক্তি সহ বিভিন্ন উদ্যোগ ভারতের যোগাযোগ ব্যবস্থাকে পরিস্ফুট করে। কাবুল এবং কান্দাহার থেকে নতুন দিল্লি ও মুম্বাইয়ের মধ্যে আমরা ২০১৭ সাল থেকে পণ্যবাহী বিমান করিডর চালাচ্ছি। আঞ্চলিক অখন্ডতা, সুশাসন, স্বচ্ছতাকে আমরা সবসমই প্রাধান্য দিই। পাশাপাশি মানুষে মানুষে যোগাযোগের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে অধিকাংশ এসসিও দেশগুলির সঙ্গেই আমাদের ই-ট্যুরিস্ট ভিসা চালু রয়েছে। আমি এটি ঘোষণা করতে পেরে আনন্দিত যে শীঘ্রই এসসিও গোষ্টীভুক্ত দেশগুলির পর্যটকদের সুবিধার্থে ভারতীয় পর্যটন বিভাগ একটি রুশ ভাষায় ২৪ ঘণ্টার পর্যটন হেল্পলাইন চালু করবে।

মাননীয়গণ,

শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত আফগানিস্তান এসসিও অঞ্চলের বিশেষ গুরুত্বের বিষয়। আমরা আনন্দিত যে এসসিও এবং আফগানিস্তানের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পথদিশা তৈরি হয়েছে।

মাননীয়গণ,

ভারত এটি ঘোষণা করতে পেরে আনন্দিত যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও আমরা ভূমিকা পালন করছি। চালু হয়েছে টেলি-মেডিসিন ও চিকিৎসা পর্যটনের বিশেষ ব্যবস্থা। আমাদের জনগণের ভবিষ্যতের জন্য অর্থনৈতিক সহযোগিতা হচ্ছে অন্যতম মূল স্তম্ভ।

ভারত জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে সমগ্র বিশ্বের মধ্যে ভারত ষষ্ঠ বৃহত্তম, পুনর্নবীকরণযোগ্য, শক্তি উৎপাদনকারী দেশ এবং পঞ্চম বৃহত্তম সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ। আন্তর্জাতিক সৌর জোট তৈরিতেও ভারতের বিশেষ উদ্যোগ রয়েছে।

আমাদের যুব সম্প্রদায়ের মধ্যে শিক্ষার আদান-প্রদান সম্পর্ককে আরো মজবুত করবে বলেই আমার বিশ্বাস। সম্প্রতি উজবেকিস্তানের সহায়তায় তাশখন্দে সফলভাবে একটি এসসিও চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়।

গত রবিবার শ্রীলঙ্কায় আমার সফরকালে আমি সেন্ট অ্যান্টনি গীর্জায় গিয়েছিলাম। সেখানে  ঘৃন্য জঙ্গী হামলার কথা আমার স্মরণে আছে। এই সন্ত্রাসের জন্য প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে নিরীহ মানুষ তাদের জীবন হারাচ্ছেন।

মানবিক সহায়তার ক্ষেত্রে ভারত সর্বদাই বিশেষ ভূমিকা পালন করে। বিপর্যয় মোকাবিলা, পরিকাঠামো উন্নয়নে এসসিও গোষ্টীভুক্ত দেশগুলিকে বিশেষ নজর দিতে হবে।

মাননীয়গণ,

আমি বিশকেক ঘোষণাপত্রকে স্বাগত জানাই। আমি আরো একবার আমাদের এই শিখর সম্মেলনের আয়োজক মাননীয় রাষ্ট্রপতি জেনবেকভ-কে ধন্যবাদ জানাই। আগামী বছর এসসিও-র দায়িত্ব পাওয়ায় রাষ্ট্রপতি ভ্রাদিমির পুতিনকে আমার অভিনন্দন। সফলভাবে এসসিও-র দায়িত্ব পালনে রুশ ফেডারেশনকে ভারত পূর্ণ সহযোগিতা করবে বলে আমি আশ্বাস দিচ্ছি।

আপনাদের ধন্যবাদ।

 

PG/PM/NS


(রিলিজ আইডি: 1869198) ভিজিটরের কাউন্টার : 79
এই রিলিজটি পড়তে পারেন: Assamese , हिन्दी , English , Manipuri , Punjabi , Odia , Tamil , Telugu , Malayalam