যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
২০২২-এর কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতার চতুর্থ দিনে ভারত একটি রৌপ্য পদক ও ২টি ব্রোঞ্জ পদক জিতেছে
প্রকাশিত:
02 AUG 2022 12:02PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ অগাস্ট, ২০২২
বার্মিংহামে অনুষ্ঠিত ২০২২ সালের কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতার চতুর্থ দিনে ভারত ৩টি পদক জিতেছে। জুডো প্রতিযোগিতায় মহিলাদের ৪৮ কেজি বিভাগে সুশীলা দেবী লিকমাবাম রৌপ্য পদক জিতেছেন। পুরুষদের ৬০ কেজি বিভাগে বিজয় কুমার যাদব জিতেছেন ব্রোঞ্জ পদক। ভারোত্তোলনে মহিলাদের ৭১ কেজি বিভাগে হরজিন্দর কউর ব্রোঞ্জ জিতেছেন। ৩টি সোনা, ৩টি রূপা ও সমসংখ্যক ব্রোঞ্জ পদক জিতে এখন ভারতের মোট পদক সংখ্যা ৯। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর সহ দেশের সকল প্রান্তের মানুষ ক্রীড়াবিদের অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “আপনাদের দারুন সাফল্যের জন্য আপনারা অগণিত মানুষের মন জিতেছেন এবং লক্ষ লক্ষ মহিলাকে আপনারা অনুপ্রাণিত করেছেন। ভারত আপনাদের জন্য গর্বিত”।
রাষ্ট্রপতি, শ্রীমতী হরজিন্দর কউর-কে এক ট্যুইট বার্তায় বলেছেন, “কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ভারোত্তলনে ব্রোঞ্জ পদক জয়লাভের জন্য হরজিন্দর কাউর-কে অভিনন্দন জানাই। তাঁর জীবনের অনেক বাধা-বিপত্তি পেরিয়ে তিনি আজ পোডিয়ামে পৌঁছেছেন। সকলের জন্য যা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আগামী দিনে আপনি আরও অনেক গৌরব অর্জন করুন”।
আরেকটি ট্যুইট বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় প্রথমবার খেলতে এসে বিজয় কুমার যাদব দারুন ফল করেছেন। জুডোয় পুরুষদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের জন্য আপনাকে অভিনন্দন। প্রথম দিকের রাউন্ডগুলিতে যেভাবে আপনি এগিয়েছিলেন, তার মধ্য দিয়ে আপনার দক্ষতার পরিচয় পাওয়া যায়। এই কারণেই আপনি পদক জয় করেছেন। আপনার আগামী দিনে আরও সাফল্য কামনা করি”।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সুশীলা দেবী লিকমাবাম, বিজয় কুমার যাদব ও হরজিন্দর কউর-কে অভিনন্দন জানিয়েছেন। এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “সুশীলা দেবী লিকমাবামের অনবদ্য প্রদর্শন আমাকে আনন্দ দিয়েছে। রৌপ্য পদক জয়ের জন্য তাঁকে অভিনন্দন। তিনি অনবদ্য দক্ষতা ও সহনশীলতা দেখিয়েছেন। ভবিষ্যতে তাঁর সাফল্য কামনা করি”।
প্রধানমন্ত্রী আরেক ট্যুইট বার্তায় জানিয়েছেন, “কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় জুডো-তে বিজয় কুমার যাদবের ব্রোঞ্জ পদক জয় দেশকে গর্বিত করেছে। তাঁর সাফল্য আগামী দিনে ভারতের ক্রীড়া ক্ষেত্রকে আরও উজ্জীবিত করবে। ভবিষ্যতে তিনি সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছন, সেই কামনা করি”।
আরেকটি ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের ভারোত্তলকরা দুর্দান্ত ফল করছেন। এই ধারা বজায় রেখে হরজিন্দর কউর ব্রোঞ্জ পদক জয় করেছেন। এই বিশেষ সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন। ভবিষ্যতে তাঁর আরও সাফল্য কামনা করি”।
ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর সুশীলা দেবী লিকমাবাম, বিজয় কুমার যাদব এবং হরজিন্দর কউর-কে পদক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় শ্রী ঠাকুর বলেছেন, “কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম পদক জয়ের জন্য হরজিন্দর কাউর আপনাকে অভিনন্দন জানাই। পাঞ্জাবের এক গ্রাম থেকে আন্তর্জাতিক পোডিয়ামে ব্রোঞ্জ পদকের জন্য পৌঁছনো অনেক তরুণ-তরুণীকে তাঁদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে”! আরেকটি ট্যুইট বার্তায় শ্রী ঠাকুর বলেছেন, “এনএসএনআইএস পাতিয়ালা, যেখানে আপনি প্রশিক্ষণ পেয়েছেন, সেই প্রতিষ্ঠান এবারের কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতাতেও সাফল্যের ধারা বজায় রেখেছে। খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় আপনার রৌপ্য পদক জয় বোধ হয় আরও বৃহত্তর জয়ের জন্য প্রথম পদক্ষেপ ছিল। আগামী দিনে আমি আপনার আরও সাফল্য কামনা করি”।
শ্রী ঠাকুর অন্য এক ট্যুইট বার্তায় বলেছেন, “২০২২-এর কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় জুডোতেও ভালো ফল করার জন্য আমি অত্যন্ত আনন্দিত। সুশীলা দেবী রৌপ্য পদক জিতেছেন। ব্রোঞ্জ পদক জিতে বিজয় কুমার যাদব পদক তালিকাকে সমৃদ্ধ করেছেন। এটি কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় তাঁর প্রথম পদক জয়। সাইপ্রাসের পেট্রোস সিকে তিনি ১০-০’তে পরাজিত করেছেন। আমি তাঁদের দু’জনকেই অভিনন্দন জানাই”!!
সুশীলা দেবী লিকমাবামের সাফল্য সম্পর্কে জানতে এই লিঙ্কে ক্লিক করুন -
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/aug/doc20228277801.pdf
বিজয় কুমার যাদবের সাফল্য সম্পর্কে জানতে এই লিঙ্কে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/aug/doc20228277601.pdf
হরজিন্দর কাউরের সাফল্য সম্পর্কে জানতে এই লিঙ্কে ক্লিক করুন -
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/aug/doc20228277701.pdf
PG/CB/SB
(রিলিজ আইডি: 1847471)
ভিজিটরের কাউন্টার : 140