তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব ২০২২-এর অমরনাথজি যাত্রার জন্য প্রচার সংক্রান্ত বিষয়ে বৈঠক করেছেন

প্রকাশিত: 11 APR 2022 4:48PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ এপ্রিল, ২০২২
 
কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী অপূর্ব চন্দ্র চলতি বছরের ৩০শে জুন থেকে শুরু হওয়া ৪৩ দিনের শ্রী অমরনাথজি যাত্রার জন্য বিশেষভাবে প্রচারের বিষয় নিয়ে আজ একটি বৈঠকে বসেন। এই বৈঠকে জম্মু-কাশ্মীর সরকারের মুখ্যসচিব শ্রী অরুণ কুমার মেহতা, শ্রী অমরনাথজি মন্দির পর্ষদের সিইও শ্রী নিতীশ্বর কুমার, জম্মু-কাশ্মীর সরকারের প্রধান সচিব শ্রী রোহিত কনসাল, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী বিক্রম সহায়, আকাশবাণীর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল (নিউজ) শ্রী এন ভি রেড্ডি, দূরদর্শনের ডিরেক্টর জেনারেল শ্রী মায়াঙ্ক আগরওয়াল, প্রেস ইনফরমেশনের ব্যুরো শ্রীনগর শাখার অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল শ্রী রাজিন্দর চৌধুরী সহ অন্য শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। 
 
বৈঠকে শ্রী অপূ্র্ব চন্দ্র জানান, তীর্থযাত্রার পুরো সময়কালে জম্মু-কাশ্মীর প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিভিন্ন মিডিয়া ইউনিটের মাধ্যমে এই সংক্রান্ত নানা অনুষ্ঠান প্রচার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, অমরনাথজি যাত্রার কর্মকাণ্ডগুলি সারা দেশে তুলে ধরা হবে। এই অঞ্চলের পর্যটন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে যে কাজ করা হচ্ছে তার উপরও নজর দেওয়া হবে। তিনি আরও জানান, জম্মু-কাশ্মীরে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের বিভিন্ন সাফল্য অর্জনের দিক তুলে ধরার প্রয়োজন রয়েছে। সারা দেশে এই অঞ্চল সম্পর্কে ইতিবাচক ধারণা প্রসারিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। শ্রী চন্দ্র বলেন, আশা করা যাচ্ছে, এবছর ৬ থেকে ৮ লক্ষ তীর্যথাত্রী এখানে আসবেন। 
 
জম্মু-কাশ্মীর সরকারের মুখ্যসচিব অরুণ কুমার মেহতা বলেছেন, তীর্থযাত্রীদের জন্য উন্নত সুবিধা ও নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতার কারণে এবছরে অমরনাথজি যাত্রার রেকর্ড সর্বোচ্চ হবে। তিনি বলেন, অমরনাথজি যাত্রা বহুঅংশে সমন্বিত সংস্কৃতি ও ভ্রাতৃত্বের একটি প্রধান উদাহরণ। তিনি আরও বলেন, এই যাত্রাকে আরও সুবিধাজনক করে তুলতে আরও উন্নত ব্যবস্থা এবং রাস্তার পাশে সুযোগ-সুবিধা দেওয়ার জন্য সব ধরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এবারের তীর্থযাত্রাকে সফল করতে সর্বাত্মক প্রয়াস চালানো হবে বলেও তিনি জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী বিক্রম সহায় মিডিয়া ইউনিটগুলিকে যাত্রা সম্পর্কে নাম নথিভুক্তিকরণ থেকে শুরু করে সমাপ্তি পর্যন্ত বিশদ পদ্ধতি সম্পর্কে বিশেষভাবে প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, জম্মু ও কাশ্মীরের ইতিবাচক পরিবেশকে তুলে ধরার প্রয়োজন রয়েছে। এতে তীর্থযাত্রা সম্পর্কে সমস্ত সংশয় দূর হবে। শ্রী সহায় বলেন, সারা দেশ থেকে যাতে আরও বেশি সংখ্যক পুণ্যার্থী এই যাত্রায় অংশ নিতে পারেন তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। 
 
শ্রী অমরনাথজি মন্দির পর্ষদের সিইও শ্রী নিতীশ্বর কুমার যাত্রার প্রস্তুতি সম্পর্কে বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, এবছরের যাত্রায় দ্বিগুণ পুণ্যার্থীর বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে। সেকথা মাথায় রেখে এই যাত্রাকে সফল করতে প্রস্তুতিও দ্বিগুণ পরিমাণে নেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি মিডিয়া ইউনিটগুলিতে সময়ে সময়ে যাত্রীদের জন্য দেওয়া পরামর্শগুলি তুলে ধরার অনুরোধ জানান তিনি। তীর্থযাত্রীদের অবস্থান ট্র্যাক রাখতে এবছর রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ ব্যবহার করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পদস্থ আধিকারিকরা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে আশ্বস্ত করেছেন যে, প্রচার কাজের পরিকল্পনা করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এদিনের বৈঠকে কাশ্মীরের বিভাগীয় কমিশনার, জম্মুর বিভাগীয় কমিশনার, গন্ডারবাল জেলা প্রশাসক, অনন্তনাগের ডেপুটি কমিশনার এবং নিরাপত্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
 
CG/SS/SKD/

(রিলিজ আইডি: 1815812) ভিজিটরের কাউন্টার : 127
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Odia , Tamil