গোয়া, ২৮ নভেম্বর ২০২৬
রবি গ্রেওয়াল পরিচালিত, প্রভলীন সান্ধু-র সৃষ্ট এবং অ্যালমাইটি মোশন পিকচার প্রযোজিত হিন্দি ডকুড্রামা সিরিজ ‘মেড ইন ইন্ডিয়া: আ টাইটান স্টোরি’ গোয়ায় অনুষ্ঠিত ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI) ২০২৬ সালের সেরা ওয়েব সিরিজ (ওটিটি) পুরস্কার জিতেছে। আজ সন্ধ্যায় উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
চলতি বছরে জমা পড়া মোট ৪৬টি সিরিজের মধ্যে বিভিন্ন ভারতীয় ভাষার পাঁচটি চূড়ান্ত মনোনীত সিরিজের মধ্য থেকে এই সিরিজটিকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। অন্য চারটি মনোনীত সিরিজ হল— চন্দ্রকান্ত লতা গায়কোয়াড় পরিচালিত ‘দেবখেল’ (মারাঠি), রুচির অরুণ পরিচালিত ‘মুসাফির ক্যাফে’ (হিন্দি), দেব কাট্টা পরিচালিত ‘মায়া সভা’ (তেলুগু) এবং হিমাঙ্ক গৌড় পরিচালিত ‘আদর্শ বাল বিদ্যালয়’ (হিন্দি)।
জুরিদের পক্ষ থেকে জুরি বোর্ডের সভাপতি শ্রী জামনাদাস মাজেঠিয়া নির্বাচনী প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, প্রথমে ১২টি সিরিজকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছিল। এরপর চূড়ান্ত পাঁচটি মনোনীত সিরিজ নির্বাচন করা হয়। তিনি বলেন, জুরি এমন সব কাহিনি খুঁজেছে, যা ভারতীয়দের হৃদয় স্পর্শ করে, দেশের চেতনার প্রতিফলন ঘটায় এবং দর্শকদের অনুপ্রাণিত করে। তিনি আরও উল্লেখ করেন, ওয়েব সিরিজের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে এবং পরিবারের সদস্যরা একসঙ্গে বসে এই ধরনের বিষয়বস্তু উপভোগ করতে পারছেন। মনোনীত সিরিজগুলিতে কাহিনির বৈচিত্র্যেরও তিনি প্রশংসা করেন।
বিজয়ী সিরিজটির স্বীকৃতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে জুরি বোর্ড দেশীয় উদ্যোগ এবং ভারতের শিল্পক্ষেত্রের সাফল্যকে উদযাপন করার বিষয়টির প্রশংসা করে। জুরির পর্যবেক্ষণ:
সাফল্যের কাহিনিগুলি বলার এবং উদযাপন করার যোগ্য। বিশেষত, শিল্পক্ষেত্রের সাফল্য উদ্যোগ, অধ্যবসায় ও দূরদর্শিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এই সিরিজটি সেই চেতনাকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছে এবং ভারতজুড়ে স্বপ্ন বাস্তবায়ন ও আকাঙ্ক্ষা পূরণের এমন আরও কাহিনি তুলে ধরার পথ প্রশস্ত করেছে। এই ধরনের কাহিনি যে অনুপ্রেরণা জোগায়, তার জন্য এগুলি দেখা, ভাগ করে নেওয়া এবং উদযাপন করা প্রয়োজন, যাতে আগামী প্রজন্মও অনুপ্রাণিত হয়।”
ডিজিটাল মাধ্যমে কাহিনি বলার ক্রমবর্ধমান পরিসরকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ২০২৩ সালে ৫৪তম ইফি-তে এই সেরা ওয়েব সিরিজ (ওটিটি) পুরস্কার চালু করা হয়। এই পুরস্কারের সঙ্গে একটি শংসাপত্র এবং ১০ লক্ষ টাকার নগদ অর্থ প্রদান করা হয়। পরিচালক, স্রষ্টা ও প্রযোজকের মধ্যে এই অর্থ সমানভাবে ভাগ করে দেওয়া হয়।
২০২৬ সালের জুন মাসে অ্যামাজন এমএক্স প্লেয়ারে মুক্তি পাওয়া ‘মেড ইন ইন্ডিয়া: আ টাইটান স্টোরি’ ছয় পর্বের একটি হিন্দি ডকুড্রামা, যেখানে ভারতের অন্যতম উল্লেখযোগ্য ভোগ্যপণ্য ব্র্যান্ডের উত্থানের কাহিনি তুলে ধরা হয়েছে। বিনয় কামাথের লেখা ‘টাইটান: ইনসাইড ইন্ডিয়াস মোস্ট সাকসেসফুল কনজিউমার ব্র্যান্ড’ বই অবলম্বনে নির্মিত এই সিরিজে জিম সার্ভ জেরক্সেস দেশাই এবং নাসিরুদ্দিন শাহ জে. আর. ডি. টাটার ভূমিকায় অভিনয় করেছেন।
৫৭তম ইফি-র সমাপ্তি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এই পুরস্কার প্রদান। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র এবং সাংস্কৃতিক আদান-প্রদানের নয় দিনব্যাপী উৎসবের পরিসমাপ্তি ঘটে।
IFFILOID পড়ুন এখানে:
http://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1®=48
https://x.com/PIB_India/status/2126676387428008414?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2126676387428008414%7Ctwgr%5E3ea390fb91aed650e057a92cca63544f2e1e305e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2343187reg%3D48lang%3D1
SC...