প্রকাশিত:
28 NOV 2026 12:13PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ নভেম্বর ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু আজ কেরালার এজিমালায় অবস্থিত ইন্ডিয়ান নেভাল একাডেমিতে ২০২৬ সালের শরৎকালীন পর্বের পাসিং আউট প্যারেড পরিদর্শন করেন।
অনুষ্ঠানে তাঁর বক্তৃতায় রাষ্ট্রপতি সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করার জন্য ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং বন্ধু বিদেশী দেশগুলি সহ সমস্ত প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন যে, "স্নাতক প্রশিক্ষণার্থীদের মধ্যে অনেক তরুণীকে দেখে আনন্দিত হয়েছি। তাঁদের উপস্থিতি সমগ্র জাতির জন্য গর্বের বিষয়। তাঁরা প্রমাণ করেছেন যে, দৃঢ় সংকল্প, সাহস এবং যোগ্যতা কোনও সীমানা জানে না। তিনি জোর দেন যে, তাঁদের সাফল্য আরও অনেক তরুণীকে বড় স্বপ্ন দেখতে এবং জাতির সেবায় চ্যালেঞ্জিং দায়িত্ব নিতে অনুপ্রাণিত করবে।"
রাষ্ট্রপতি বলেন যে, আজকের আন্তঃসংযুক্ত বিশ্বে সামুদ্রিক ক্ষেত্রটি ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশ সমুদ্রপথ দিয়ে চালিত হয়। তাই সামুদ্রিক রুটগুলোর নিরাপত্তা বিভিন্ন দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং সেখানকার মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। জাহাজ চলাচলে যে কোনও ধরনের বাধা নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহকে ব্যাহত করতে পারে, ব্যয় বাড়িয়ে দিতে পারে এবং শেষ পর্যন্ত সাধারণ নাগরিকদের ওপর বাড়তি বোঝা সৃষ্টি করতে পারে। তিনি প্রশিক্ষণার্থীদের মনে করিয়ে দেন যে, সমুদ্রে তাঁদের দায়িত্ব পালন স্থলভাগের মানুষের জীবনের সঙ্গে যুক্ত। এটি সরাসরি মানুষের নিরাপত্তা, সমৃদ্ধি ও কল্যাণে অবদান রাখে।
রাষ্ট্রপতি বলেন যে, তরুণ ক্যাডেটদের সততা, পেশাগত দক্ষতা, সাহস এবং সহানুভূতি ভারতীয় নৌবাহিনীর চরিত্র নির্ধারণ করবে। সমুদ্রে তাঁদের প্রতিকূল আবহাওয়া, দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন এবং অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি হতে হবে। প্রায়ই চাপের মুখে থেকে তাঁদের কঠিন সব সিদ্ধান্ত নিতে হবে। তিনি তাঁদের পরামর্শ দেন, তাঁরা যেন সর্বদা মনে রাখেন যে, নেতৃত্ব মানে কেবল আদেশ দেওয়া নয়; বরং দায়িত্ব গ্রহণ করা, দৃষ্টান্ত স্থাপন করা এবং যাঁরা তাঁদের সঙ্গে কাজ করছেন, তাঁদের পাশে দাঁড়ানোই হল প্রকৃত নেতৃত্ব। তিনি আস্থা প্রকাশ করে বলেন যে, তাঁদের প্রশিক্ষণ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং নিষ্ঠা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করে তুলবে।
রাষ্ট্রপতি বলেন যে, ক্যাডেটদের ইউনিফর্ম এক বিলিয়নেরও বেশি ভারতীয়ের আস্থা ও প্রত্যাশা বহন করছে। প্রতিটি নাগরিক, তাঁরা যেখানেই বাস করুন বা যে পেশাতেই যুক্ত থাকুন না কেন, আমাদের সশস্ত্র বাহিনীর দিকে আস্থা ও গর্বের দৃষ্টিতে তাকান। তিনি তরুণ ক্যাডেটদের ভারতীয় নৌ বাহিনীর সর্বোচ্চ ঐতিহ্য সমুন্নত রাখার আহ্বান জানান।
রাষ্ট্রপতির ভাষণ শুনতে এখানে ক্লিক করুন:
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/nov/doc_10603_20261128_12130901.pdf?_gl=1*rbhglf*_up*MQ..*_ga*MzcyNzA3ODY4LjE3OTU4NzQ3MDY.*_ga_Q414Y0X6EE*czE3OTU4NzQ3MDUkbzEkZzAkdDE3OTU4NzQ3MDUkajYwJGwwJGgw*_ga_QJJ6LZ8LHV*czE3OTU4NzQ3MDYkbzEkZzAkdDE3OTU4NzQ3MDYkajYwJGwwJGgw
SC/MP/NS