গোয়া, ২৭ নভেম্বর, ২০২৬
আজ ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে চরিত্র-কেন্দ্রিক আখ্যান, গবেষণানির্ভর চলচ্চিত্র নির্মাণ এবং দর্শকদের সামনে বৈচিত্র্যময় গল্প তুলে ধরার ক্ষেত্রে চলচ্চিত্রের শক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। পরিচালক কামাখ্যা নারায়ণ সিং এবং প্রযোজক রবীন্দ্র সাংভি ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’ চলচ্চিত্র ও ‘ডেমোগ্রাফি ইজ ডেসটিনি’ নামক তথ্যচিত্রটি নির্মাণের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তাঁরা গবেষণা, চরিত্রায়ন এবং চলচ্চিত্রের মাধ্যমে জটিল বিষয়বস্তু উপস্থাপনের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন।
‘দ্য কেরালা স্টোরি ২’ পরিচালনার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে কামাখ্যা নারায়ণ ছবিটিকে একটি চরিত্র-কেন্দ্রিক আখ্যান হিসেবে অভিহিত করেন। তিনি জানান, বিভিন্ন গল্পকে একটি সাধারণ আবেগসঞ্জাত সূত্রের মাধ্যমে গেঁথে তোলা একই সঙ্গে একটি বড় চ্যালেঞ্জ এবং তৃপ্তিদায়ক অভিজ্ঞতা ছিল। তিনি বিভিন্ন আখ্যানকে সংযুক্ত করার ক্ষেত্রে সঙ্গীতের ভূমিকার ওপর আলোকপাত করেন। তিনি ব্যাখ্যা করেন যে, যদিও চলচ্চিত্রটিতে তিনটি ভিন্ন গল্প উঠে এসেছে, তবুও একটি অভিন্ন আবেগীয় কেন্দ্রবিন্দু সেগুলোকে পরস্পরের সঙ্গে যুক্ত রাখতে সাহায্য করেছে।
নারায়ণ আরও জানান, চলচ্চিত্রটি বিভিন্ন কেস স্টাডি এবং বাস্তব তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো চরিত্রগুলোর অভিজ্ঞতা ও অনুভূতির মধ্য দিয়ে আখ্যানটিকে দর্শকদের সামনে তুলে ধরা।
‘ডেমোগ্রাফি ইজ ডেসটিনি’ প্রসঙ্গে প্রযোজক রবীন্দ্র সাংভি এবং পরিচালক কামাখ্যা নারায়ণ তথ্য-উপাত্তকে একটি আকর্ষণীয় চলচ্চিত্র-আখ্যানে রূপান্তরের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন। কামাখ্যা ব্যাখ্যা করেন যে, জটিল তথ্যকে দর্শকদের কাছে সহজবোধ্য করে তোলার জন্য এমন চরিত্র খুঁজে পাওয়া জরুরি, যাদের সঙ্গে দর্শকরা নিজেদের মেলাতে পারেন। একজন তথ্যচিত্র নির্মাতা হিসেবে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, তাঁর কাজের প্রক্রিয়া সাধারণত তথ্য সংগ্রহ ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে শুরু হয়; এরপর এমন ব্যক্তিদের চিহ্নিত করা হয়, যাদের অভিজ্ঞতা আখ্যানটিকে রূপ দিতে সহায়তা করতে পারে।
তিনি চলচ্চিত্র নির্মাণে দৃশ্যগত সত্যতার গুরুত্ব নিয়েও কথা বলেন। এর মধ্যে রয়েছে এমন সব লোকেশন বা স্থান নির্বাচন করা, যা গল্পের বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে তোলে। তাঁর ভ্রমণের অভিজ্ঞতা এবং বিভিন্ন স্থানের সঙ্গে পরিচিতি তাঁকে উপযুক্ত লোকেশন খুঁজে পেতে সাহায্য করেছে, যার মাধ্যমে তিনি কাঙ্ক্ষিত দৃশ্যপট পুনরায় ফুটিয়ে তুলতে পেরেছেন।
বক্তারা চলচ্চিত্রকে বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকার ওপরও আলোকপাত করেন। তাঁরা জোর দিয়ে বলেন যে, তাঁদের সৃজনশীল যাত্রার মূল চালিকাশক্তি ছিল এমন সব গল্প বলার আকাঙ্ক্ষা, যা তাঁদের কাছে অর্থবহ বলে মনে হয়েছে।
আলোচনায় বিভিন্ন অঞ্চল, ভাষা ও প্রেক্ষাপট থেকে আসা চলচ্চিত্রগুলোর জন্য একটি মঞ্চ হিসেবে ইফি-র ভূমিকার বিষয়টিও উঠে আসে। কামাখ্যা নারায়ণ সিং উল্লেখ করেন যে, এই উৎসবটি বিভিন্ন বাজেট ও সম্পদের সীমাবদ্ধতা নিয়ে কাজ করা চলচ্চিত্র নির্মাতাদের একই মঞ্চে নিজেদের কাজ উপস্থাপনের সুযোগ করে দেয়। তিনি স্মরণ করেন যে, ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো ব্যাপকভাবে সহজলভ্য হওয়ার অনেক আগে, তাঁর কর্মজীবনের শুরুর দিকে, ইফি তাঁকে আন্তর্জাতিক চলচ্চিত্র ও চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল।
সিং উৎসবটির মূলভাব - ‘সীমানাহীন গল্প’ - সম্পর্কে বলেন যে, এটি বিভিন্ন ধারার চলচ্চিত্রকে এক মঞ্চে নিয়ে আসার ক্ষেত্রে উৎসবটির দীর্ঘদিনের ভূমিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাঁর মতে, এই প্ল্যাটফর্মটি ছোট অঞ্চল এবং স্বল্প পরিচিত ভাষার চলচ্চিত্রগুলোকে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ করে দেয়।
সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন কুলদীপ মীনা।
এই বিষয়ে বিস্তারিত জানতে নিচের লিঙ্কটি দেখুন -
https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1®=48
SC/SB/AS